যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটির নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। স্থানীয় সময় সোমবার (২৩ নভেম্বর) ঐতিহাসিক উইলিস টাওয়ারের সামনে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির নামফলক উন্মোচন করা হয়।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, শিকাগোর কেন্দ্রীয় এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি এখন বেগম খালেদা জিয়ার নামে পরিচিত হবে।
সড়কটির অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। এর পাশেই রয়েছে বিশ্বখ্যাত উইলিস টাওয়ার, যা আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। একসময় ভবনটি বিশ্বের সর্বোচ্চ ভবনের স্বীকৃতি পেয়েছিল। এর স্থপতি ছিলেন বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ও স্থপতি এফ আর খান।
গোলাম মোর্তোজার মতে, বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী, সাহসী রাজনীতিবিদ ও আপসহীন নেতা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার নামে শিকাগোর মতো গুরুত্বপূর্ণ শহরের প্রাণকেন্দ্রে সড়কের নামকরণ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
সিটি অব শিকাগোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির উদ্বোধন করেন শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
সানা/আপ্র/২৩/১১/২০২৬