চলচ্চিত্রজগতে কাস্টিং কাউচের ঘটনা নতুন নয়। সময়ের সঙ্গে এর ধরন বদলালেও ক্ষমতার অপব্যবহার ও শোষণের ঘটনা এখনো চলছে। শুধু সিনেমাজগৎ নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় মানুষকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রম্যা কৃষ্ণন। ‘
বাহুবলী’র ‘রাজমাতা’ খ্যাত এই অভিনেত্রীর মতে, বিনোদনজগতে ক্ষমতার অপব্যবহারের ঘটনা অস্বীকার করার কোনও উপায় নেই। তার মধ্যে অন্যতম হল কাস্টিং কাউচ; যার মানে, শিল্পীদেরকে কুপ্রস্তাব থেকে যৌন হেনস্তা, বাজে স্পর্শ- এসবই।
তবে শুধু নারীরা নন, পুরুষেরাও এর শিকার হচ্ছে- এমনটা মনে করেন অভিনেত্রী। আর বিষয়টি এখন শুধু শিল্পী কিংবা তারকাদের মাঝেই নেই; এটি অন্যান্য পেশাতেও ছড়িয়ে পড়েছে বলে মত রম্যার। রম্যা কৃষ্ণন বলেছেন, ‘জোর করে হোক, নিজের ইচ্ছায় হোক কিংবা পরিস্থিতির চাপে, এসব ঘটেই চলেছে।
কেউ তা অস্বীকার করতে পারবেন না। আমাদের পেশা যেহেতু ঝলমলে, তাই এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয়। অথচ চলচ্চিত্রজগতের বাইরেও কত নারী এমন পরিস্থিতির মুখোমুখি হন! সব জায়গাতেই এই সমস্যা রয়েছে। এখানে অবশ্য নারী-পুরুষের কোনও ভেদাভেদ নেই।’
সাক্ষাৎকারে আলোচিত এপস্টিনের উদাহরণ টেনে অভিনেত্রী বলেন, ‘এপস্টিনের ঘটনাগুলির দিকে তাকান। আমেরিকার মতো দেশেও এমন ঘটনা ঘটেছে, যেখানে নারীরা অনেক বেশি স্বাধীন। তা সত্ত্বেও তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
তাই এখানে এমন কিছু ঘটে না, এ কথা বলা যায় না। অতীতেও ঘটেছে, এখনও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে।’ ওই একই সাক্ষাৎকারে নিজের দাম্পত্যজীবন নিয়েও মুখ খুলেছেন রম্যা। পরিচালক কৃষ্ণ বংশীর সঙ্গে তার বিয়ে ভেঙে গিয়েছে বলে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল।
সেই জল্পনায় জল ঢেলে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তাদের বিচ্ছেদ হয়নি। তবে পেশাগত কারণেই দু’জনে আলাদা শহরে থাকেন।
ডিসি/আপ্র/২৩/১১/২০২৬