গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

গড়ে উঠেছে বাণিজ্যিক সিন্ডিকেট

চট্টগ্রাম কারাগারে বন্দিদের মৌলিক সেবা ঘিরে ‘সিট বাণিজ্য’

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৭ এএম ২০২৬
চট্টগ্রাম কারাগারে বন্দিদের মৌলিক সেবা ঘিরে ‘সিট বাণিজ্য’
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মৌলিক অধিকার ও ন্যূনতম সেবাকে পুঁজি করে গড়ে উঠেছে বাণিজ্যিক সিন্ডিকেট। কারাগারের ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি বন্দির চাপ এবং তদারকির দুর্বলতার সুযোগে প্রভাবশালী কয়েদি, রাইটার, মেট ও একশ্রেণির অসাধু কারারক্ষী-কর্মচারীর যোগসাজশে চলছে এই বাণিজ্য। ভালো ওয়ার্ডে থাকার জায়গা, গোসলের পরিষ্কার পানি, কারা হাসপাতালে ভর্তি, স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ থেকে শুরু করে জামিন ও মুক্তির কাগজপত্র প্রক্রিয়াকরণ-প্রতিটি ক্ষেত্রেই অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে সাধারণ বন্দিরা কার্যত একটি সংঘবদ্ধ চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন। সম্প্রতি কারামুক্ত একাধিক বন্দির সঙ্গে কথা বলে এসব অভিযোগ জানা গেছে।

কারাগারে বন্দির সংখ্যা ধারণক্ষমতার প্রায় চার গুণ হওয়ায় সবচেয়ে বেশি বাণিজ্য চলছে থাকার জায়গা বা ‘সিট’ নিয়ে। নতুন কোনো আসামি কারাগারে গেলে প্রথম রাত তাকে ‘আমদানি’ নামে পরিচিত সাময়িক ওয়ার্ডে রাখা হয়। পরদিন সাধারণ ওয়ার্ডে স্থানান্তরের সময় মেটদের ‘চেয়ারম্যানের খরচ’ বাবদ দিতে হয় ১০০ টাকা। এরপর অপেক্ষাকৃত ভালো ওয়ার্ডে একটি আসন কিংবা ঘুমানোর উপযোগী জায়গা পেতে বন্দিভেদে আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে হয় ওয়ার্ড মেটকে। আমদানি ওয়ার্ড থেকে ভালো ওয়ার্ডে স্থানান্তর কিংবা প্রভাবশালী বন্দিদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করতেও দালাল চক্র ও অসাধু কর্মচারীদের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

গোসলের পানিও বিক্রি চড়া দামে: কারামুক্ত একাধিক বন্দি ও স্বজনদের অভিযোগ, সাধারণ বন্দিদের গোসলের জন্য নির্ধারিত চৌবাচ্চার পানি অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত। এই পানি ব্যবহারের কারণে চর্মরোগ, খোসপাঁচড়া, ডায়রিয়া ও জন্ডিসের প্রকোপ বাড়ছে বলে তাঁদের দাবি। রোগাক্রান্ত হওয়ার আশঙ্কায় বন্দিদের বাধ্য হয়ে পরিষ্কার পানি কিনতে হয়। অভিযোগ রয়েছে, ওয়ার্ডের দায়িত্বে থাকা কয়েদি রাইটার ও কয়েকজন কারারক্ষী মিলে শৌচাগারের পরিষ্কার পানির সরবরাহ বন্ধ রেখে বালতিতে পানি জমিয়ে রাখেন। পরে দেড় বালতি পরিষ্কার পানি বিক্রি করা হয় ১৫০ টাকায়। নতুন বন্দিদের কাছ থেকে প্রতি বালতি পানির জন্য ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত আদায় করা হয়।

নগদ হিসাব কার্ডেও তৈরি হয়েছে বৈষম্য: কারাগারের ভেতরে কেনাকাটার জন্য চালু রয়েছে ‘পিসি কার্ড’ (প্রিজনার্স ক্যাশ কার্ড)। বন্দিদের স্বজনরা বাইরে থেকে এই কার্ডে টাকা জমা দিলে তাঁরা কারাগারের ভেতরে তা খরচ করতে পারেন। তবে এ ব্যবস্থাকে ঘিরে বন্দিদের মধ্যে স্পষ্ট শ্রেণিবৈষম্য তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। কার্ডে মোটা অঙ্কের টাকা থাকা প্রভাবশালী বন্দিরা ক্যান্টিন থেকে পছন্দমতো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারলেও অসচ্ছল বন্দিদের নির্ভর করতে হয় নিম্নমানের সরকারি রেশনের ওপর।

বন্দিদের অভিযোগ, সরকারি ক্যান্টিনে উচ্চমূল্যে নিম্নমানের খাবার বিক্রি করা হচ্ছে। তিন টুকরো ছোট মাংস ও দুটি আলুর জন্য নেওয়া হচ্ছে ৮০ টাকা। খাদ্যদ্রব্য ছাড়াও ক্যান্টিন ও ওয়ার্ডে অন্যান্য পণ্যের দাম নির্ধারণ করা হচ্ছে ইচ্ছামতো। বাইরে ৭০ টাকায় বিক্রি হওয়া এক প্যাকেট সিগারেট কারাগারের ভেতরে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১০০ টাকায়। কৃত্রিমভাবে সরবরাহ কমিয়ে দিলে দাম আরো বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ বন্দিদের।

এ ছাড়া অসুস্থ না হয়েও অর্থের বিনিময়ে কারা হাসপাতালে ভর্তি হয়ে বাড়তি সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। বিপরীতে প্রকৃত অসুস্থ ও সাধারণ বন্দিরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন কারামুক্ত ব্যক্তিরা। স্বজনদের সঙ্গে নির্ধারিত সময়ের বাইরে বা সহজে সাক্ষাতের সুযোগ করে দেওয়া, বাইরে থেকে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া এবং জামিননামা কিংবা মুক্তির কাগজপত্র প্রক্রিয়াকরণে অযথা বিলম্ব করে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে।

কারাগারের ভেতরে মাদক প্রবেশ নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। কারারক্ষীদের নজর এড়িয়ে কিংবা তাঁদের যোগসাজশে আদালতে হাজিরা দিতে যাওয়া আসামিদের মাধ্যমে কারাগারের ভেতরে মাদক পাচার করা হয় বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, ওয়ার্ডের ভেতরে মেটদের পরিচালনায় নগদ অর্থ ও কার্ডের টাকা বাজি রেখে লুডু খেলার আসর বসে। প্রভাবশালী বন্দিদের জন্য নিয়ম ভেঙে বাইরে থেকে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ফলমূল ও রান্না করা খাবার প্রবেশের সুযোগ থাকলেও সাধারণ বন্দিরা সর্দি-জ্বরের প্রাথমিক ওষুধটুকুও ঠিকমতো পান না বলে অভিযোগ করেছেন সদ্য কারামুক্ত ব্যক্তিরা।

কারাগারের মতো সুরক্ষিত প্রতিষ্ঠানের ভেতরে বন্দিদের মৌলিক সেবা, চিকিৎসা, খাবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ অর্থের বিনিময়ে নিয়ন্ত্রিত হওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে ধারণক্ষমতার চার গুণ বেশি বন্দি অবস্থানের পরিস্থিতিতে সিট, পানি ও চিকিৎসার মতো মৌলিক প্রয়োজনকে কেন্দ্র করে এমন বাণিজ্য চলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি। কারা কর্তৃপক্ষের তদারকি, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা এবং অভিযোগে উঠে আসা বন্দি রাইটার ও মেটদের কার্যক্রম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


সানা/কেএমএএ/আপ্র/২৩/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

গণপিটুনি ও নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ চায় বিএইচআরএফ
২২ নভেম্বর ২০২৬

গণপিটুনি ও নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ চায় বিএইচআরএফ

দেশে সাম্প্রতিক সময়ে গণপিটুনি, সাংবাদিকদের ওপর হামলা, নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা এবং আইন নিজের হ...

‘উন্নয়নের বিস্ময়’ বাংলাদেশ এখন গভীর সংকটের মুখে
১৮ নভেম্বর ২০২৬

‘উন্নয়নের বিস্ময়’ বাংলাদেশ এখন গভীর সংকটের মুখে

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

জমি হারিয়ে অস্তিত্বের সংকটে উত্তরাঞ্চলের ওরাও আদিবাসীরা
১৮ নভেম্বর ২০২৬

জমি হারিয়ে অস্তিত্বের সংকটে উত্তরাঞ্চলের ওরাও আদিবাসীরা

বদলাচ্ছে জীবনযাত্রা; হারানোর শঙ্কায় মাতৃভাষা ও সংস্কৃতি

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই