আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে মঙ্গলবার (২৪ নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও রাষ্ট্রপক্ষের ফেসবুক পেজ থেকে এ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক লিখিত বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে তা সরাসরি সম্প্রচার করা হবে।
গত রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিন আসামিপক্ষের হয়ে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এর আগে গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
তিন অভিযোগে বিচার: এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন এবং সেখান থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর প্রধান কৌঁসুলির কার্যালয় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। শুনানি শেষে ওই দিনই অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে ২০২৬ সালের ১৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
জিয়াউল আহসান টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৬ আগস্ট তাঁকে চাকরিচ্যুত করা হয়। একই বছরের ১৬ আগস্ট তাঁকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।
সানা/আপ্র/২৩/১১/২০২৬