‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রাখা এবং সহিংসতা বর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাইকেল মিলার।
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা উচিত বলে কেউ কেউ যে দাবি করছেন, এ বিষয়ে ইইউর অবস্থান জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই। তিনি যা বলছেন, তা তাঁর ব্যক্তিগত বক্তব্য। অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া পদক্ষেপ এবং এখনো চলমান উদ্যোগগুলো ইইউ পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত হওয়া প্রয়োজন। আর স্থিতিশীলতার অর্থ হচ্ছে ন্যায়বিচার।
মাইকেল মিলার বলেন, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। এর অর্থ আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রাখা। একই সঙ্গে সহিংসতা বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।
ইইউ রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কমিশনগুলোর সঙ্গে কাজ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেখানে অনেক ভালো প্রস্তাব ও ধারণা ছিল। সেগুলো বাস্তবায়নে বর্তমান সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকতে চায় ইইউ।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উচ্চাকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ সহযোগিতার মাত্রা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবাধিকার সুরক্ষা চাপের মুখে থাকলে তা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরের আলোচনায় উঠে আসে। বিষয়টি তাদের প্রতিদিনের পর্যবেক্ষণের অংশ।
তিনি বলেন, বাংলাদেশের সুশীল সমাজের সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে ইইউর যোগাযোগ অব্যাহত রয়েছে। মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়, তাই উন্নতির সুযোগ রয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, দেশের পরিস্থিতি তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। এ সময়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নিরাপত্তা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্রদূত বলেন, তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের সুবিধা নিয়ে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়বে। ফলে বর্তমানের মতো প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখা কঠিন হতে পারে।
তিনি বলেন, ইউরোপের বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর নির্দিষ্ট রূপান্তরকাল শেষ হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ নীতি অনুযায়ী শুল্ক প্রযোজ্য হবে। এতে এ খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে পরিবর্তন আসতে পারে এবং চাপ তৈরি হতে পারে।
এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ, তৈরি পোশাকশিল্পে বৃত্তাকার অর্থনীতির চর্চা এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের ওপর গুরুত্ব দেন মাইকেল মিলার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোরও পরামর্শ দেন তিনি। এসব পরিবর্তনে পরিকল্পনা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে এখন থেকেই ইইউর সঙ্গে আলোচনা শুরু করা জরুরি।
বাংলাদেশের সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে ইইউ প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়া মসৃণ ও পূর্বানুমেয় করতে উভয় পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ জানিয়ে মাইকেল মিলার বলেন, দুই পক্ষের সম্পর্ক বিকশিত হচ্ছে। চ্যালেঞ্জ থাকলেও এ সম্পর্কের সম্ভাবনা অনেক। বাংলাদেশে অবস্থানের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও সম্পর্কের বিকাশে তাঁর আগ্রহের প্রতিফলন। ইইউ বাংলাদেশের সঙ্গে দাতা-গ্রহীতার সম্পর্কের পরিবর্তে অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায়।
সানা/আপ্র/২৩/১১/২০২৬