গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ পাওনা পরিশোধের দাবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৫ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৬ এএম ২০২৬
গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ পাওনা পরিশোধের দাবি
ছবি

তহবিলের বিনিয়োগ থেকে অর্জিত আয় এবং অন্যান্য আইনগত পাওনা নিষ্পত্তির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা -ফাইল ছবি

গ্রামীণফোনের ২০১০ থেকে ২০১২ সালের শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ পরিশোধে বিলম্বের কারণে সৃষ্ট সুদ, তহবিলের বিনিয়োগ থেকে অর্জিত আয় এবং অন্যান্য আইনগত পাওনা নিষ্পত্তির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা। একই সঙ্গে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি পাওনা আদায়ের দাবিতে আন্দোলনের ঘটনায় করা মামলার অভিযোগপত্রকে একপেশে আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৩ নভেম্বর) ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

সংগঠনটির আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গ্রামীণফোনের ২০১০ থেকে ২০১২ সালের শ্রমিক অংশগ্রহণ তহবিল (ডব্লিউপিপিএফ) ও শ্রমিক কল্যাণ তহবিলের (ডব্লিউডব্লিউএফ) অর্থ পরিশোধে বিলম্বের কারণে সৃষ্ট সুদ, তহবিলের বিনিয়োগ থেকে অর্জিত আয় এবং আইন অনুযায়ী প্রাপ্য অন্যান্য অর্থের ন্যায়সংগত নিষ্পত্তি চান সাবেক কর্মীরা। মূল অর্থের কোনো অংশ পরিশোধ বা বিতরণ করা হয়ে থাকলেও বিলম্বের কারণে সৃষ্ট অতিরিক্ত পাওনার হিসাব আলাদাভাবে নিষ্পত্তি করতে হবে।

এ জন্য অর্থ পরিশোধের সময়, ট্রাস্টি বোর্ডের হিসাব, বিনিয়োগ থেকে অর্জিত আয়, সংশ্লিষ্ট অঙ্গীকারনামা এবং আদালতের আদেশ নিরপেক্ষভাবে পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪ ও ২৪০ ধারাসহ প্রযোজ্য আইন ও আদালতের নির্দেশনার ভিত্তিতে প্রকৃত পাওনা নির্ধারণের কথাও বলেছেন সাবেক কর্মীরা।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনেও পাওনা নিষ্পত্তি না হওয়ায় সাবেক কর্মী ও তাঁদের পরিবার আর্থিক, সামাজিক ও মানসিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ঐক্য পরিষদের সংগৃহীত তথ্য অনুযায়ী, এরই মধ্যে সাতজন সাবেক কর্মী মারা গেছেন। তাঁদের বৈধ উত্তরাধিকারীদের পাওনাও দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

সংগঠনটির দাবি, ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, আবেদন ও স্মারকলিপির মাধ্যমে শান্তিপূর্ণভাবে পাওনা আদায়ের দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে তাঁদের দাবিকে অযৌক্তিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং আন্দোলনকারীদের হয়রানি করা হচ্ছে।

আন্দোলনের ঘটনায় একপেশে অভিযোগপত্রের দাবি: ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির ঘটনা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, সেদিন গ্রামীণফোন হাউসের সামনে পাওনা আদায়ের দাবিতে শান্তিপূর্ণভাবে সমবেত হয়েছিলেন সাবেক কর্মীরা। তাঁদের দাবি, আন্দোলনকারীদের হাতে কোনো অস্ত্র ছিল না। তা সত্ত্বেও পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১১ জনকে গ্রেফতার করা হয়, যাঁদের মধ্যে তিনজন নারী ছিলেন। গ্রেফতার ব্যক্তিদের একজন হৃদ্রোগীও ছিলেন।

পরবর্তী সময়ে ২৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। সংগঠনটির দাবি, তালিকাভুক্ত অনেকেই সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাঁদের কেউ কেউ ঢাকার বাইরেও ছিলেন। এ কারণে ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরার দৃশ্য এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন তাঁরা।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে জোর করে গ্রামীণফোন হাউসে প্রবেশ করা হয়। এ সময় ফটক বন্ধ করে দিয়ে প্রায় এক হাজার কর্মীকে রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত অবরুদ্ধ রাখা হয়। এ ছাড়া দাঙ্গা, হুমকি ও অসদাচরণের অভিযোগও আনা হয়েছে।

ঐক্য পরিষদের দাবি, এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট ও স্বাধীন প্রমাণ রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। কারা ভবনে প্রবেশ করেছিলেন, কারা ফটক বন্ধ করেছিলেন এবং কারা কর্মীদের অবরুদ্ধ রেখেছিলেন, ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পুলিশের লাঠিপেটা ও জলকামান ব্যবহারের ঘটনাও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত কর্মীদের পদত্যাগের ইতিহাস তুলে ধরে ২০২৫ সালের কোনো অপরাধ প্রমাণ করা যায় না। অভিযোগপত্রে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩৪১, ৪৪৭, ৫০৬ ও ৩৪ ধারার উল্লেখ থাকলেও প্রত্যেক আসামির বিরুদ্ধে পৃথক ও বিশ্বাসযোগ্য প্রমাণ থাকতে হবে। তদন্ত বন্ধ করার দাবি করছেন না তাঁরা; বরং নিরপেক্ষ তদন্ত ও ন্যায়সংগত বিচার চান।

সরকারি দপ্তরে আবেদন, তবু সমাধান হয়নি: পাওনা নিষ্পত্তির জন্য সরকারের বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন ও স্মারকলিপি দেওয়ার কথাও জানিয়েছে ঐক্য পরিষদ। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময়ে আবেদন করা হয়েছে।

গত ৪ নভেম্বর শ্রম অধিদপ্তর ও ডিআইএফইর কাছে দেওয়া স্মারকলিপিতে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন, সংশ্লিষ্ট নথি যাচাই, স্বাধীনভাবে হিসাব নির্ধারণ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে অগ্রগতির তথ্য জানানোর দাবি জানানো হয়।

এর আগে ২৪ সেপ্টেম্বর বিটিআরসির একটি চিঠিতে আদালতের মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি অথবা উভয় পক্ষের সম্মতি ও প্রয়োজনীয় আদালতের অনুমতি সাপেক্ষে সালিস বা বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি বিবেচনার কথা বলা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের ১৭ ডিসেম্বর শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনার বিষয়েও সংবাদ প্রকাশিত হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে এসব উদ্যোগের পরও কার্যকর ও সময়বদ্ধ সমাধান না পাওয়ায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতা নিয়ে হতাশা প্রকাশ করেছে সংগঠনটি।

সাত দফা দাবি ঐক্য পরিষদের: বিবৃতিতে সাত দফা দাবি তুলে ধরেছে ঐক্য পরিষদ। এর মধ্যে রয়েছে, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির ঘটনার সব সিসিটিভি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে স্বাধীন তদন্ত করা; পুলিশের লাঠিপেটা, জলকামান ব্যবহার ও ১১ জনকে গ্রেফতারের ঘটনা তদন্ত করা; প্রায় এক হাজার কর্মীকে অবরুদ্ধ রাখার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ যাচাই করা এবং ২৯ জনের বিরুদ্ধে আনা অভিযোগ পৃথকভাবে মূল্যায়ন করা।

এ ছাড়া শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিলের মূল অর্থ, অর্থ পরিশোধে বিলম্ব, সুদ, বিনিয়োগ থেকে অর্জিত আয়, অঙ্গীকারনামা এবং ট্রাস্টি বোর্ডের হিসাব স্বাধীন নিরীক্ষার মাধ্যমে যাচাই করে প্রকৃত পাওনা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, ডিআইএফই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে গ্রামীণফোন, ট্রাস্টি বোর্ড এবং ঐক্য পরিষদের প্রতিনিধিদের নিয়ে সময়সীমা নির্ধারণ করে ত্রিপক্ষীয় আলোচনা আয়োজনের দাবিও জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি আলোচনার অগ্রগতি ও সিদ্ধান্তের বিষয়ে লিখিত প্রতিবেদন প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
সানা/আপ্র/২৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ইউনূসের
২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ইউনূসের

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ বন্ধ এবং হামলাকারীদের দ্রুত ব...

শিকাগোর প্রাণকেন্দ্রে খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন
২৩ নভেম্বর ২০২৬

শিকাগোর প্রাণকেন্দ্রে খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি...

আওয়ামী লীগ নিষিদ্ধে ইইউর অবস্থান নেই, জবাবদিহির তাগিদ
২৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নিষিদ্ধে ইইউর অবস্থান নেই, জবাবদিহির তাগিদ

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে...

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির
২৩ নভেম্বর ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই