গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, ক্ষত ও বঞ্চনা এখনো বয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৩ এএম ২০২৬
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, ক্ষত ও বঞ্চনা এখনো বয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা
ছবি

সংগৃহীত ফাইল ছবি

২০১২ সালের ২৪ নভেম্বর। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল কর্মচঞ্চল কারখানাটি। আগুনে পুড়ে প্রাণ হারান ১১৩ জন শ্রমিক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো চারজন। সব মিলিয়ে ১১৭ শ্রমিকের মৃত্যুতে পোড়া লাশের গন্ধে ভারী হয়ে উঠেছিল নিশ্চিন্তপুরের বাতাস। দেশের পোশাকশিল্পের ইতিহাসে যুক্ত হয়েছিল এক ভয়াবহ কালো অধ্যায়।

আজ সেই মর্মান্তিক ঘটনার ১৪ বছর। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আগুনের ক্ষত শুকায়নি বেঁচে ফেরা শ্রমিকদের শরীরে, কমেনি তাঁদের শারীরিক যন্ত্রণা ও আর্থিক দুর্দশা। অনেকেই এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রত্যাশায় দিন কাটছে তাঁদের। নিশ্চিন্তপুরে সেই কারখানার আশপাশেই বসবাস করছেন আহত শ্রমিকদের অনেকে।

তাজরীন ফ্যাশনসে মোট এক হাজার ১৬৩ জন শ্রমিক কাজ করতেন। অগ্নিকাণ্ডের সময় কারখানায় কর্মরত ছিলেন ৯৮৪ জন। নিহতদের মধ্যে ৫৮ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের মরদেহ শনাক্ত করা সম্ভব না হওয়ায় জুরাইন কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় আহত হন দুই শতাধিক শ্রমিক। তাঁদের অনেকেই এখনো মানবেতর জীবনযাপন করছেন।

আগুনের ক্ষত নিয়ে অনিশ্চিত জীবন
তাজরীন অগ্নিকাণ্ডে আহত শ্রমিক রেহেনা বেগমের জীবনে সেই দিনের ভয়াবহতা এখনো দুঃস্বপ্নের মতো ফিরে আসে। আগুন থেকে বাঁচতে কারখানার তিনতলা থেকে লাফিয়ে পড়ে তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। ঘাড়ের হাড়ও ফেটে যায়। এরপর থেকে শারীরিক যন্ত্রণা আর অভাব-অনটনের সঙ্গে লড়াই করেই কাটছে তাঁর জীবন।

সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে রেহেনা বেগম বলেন, ‘সেদিনের দুর্ঘটনা আমি আজন্ম মনে রাখবো। কারণ আমি প্রতিনিয়ত সেই ক্ষত বয়ে বেড়াচ্ছি। আগুন লাগার পর আমি তিনতলা থেকে পড়ে গিয়ে আমার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আমার ঘাড়ের হাড় ফেটে যায়। আমার বোন, বোনের স্বামী, আমার ভাগিনাসহ পরিবারের চার সদস্য তাজরীনের আগুনে অঙ্গার হয়েছে। শুধু দুঃসহ স্মৃতি আর যন্ত্রণা নিয়ে বেঁচে আছি আমি।’

তিনি বলেন, ‘আমাকে আইএলও থেকে মাত্র ৪ লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু কোনও সুচিকিৎসা পাইনি। যে টাকা পেয়েছিলাম সেগুলো চিকিৎসার পেছনেই ব্যয় হয়ে গেছে। পরে জমি বিক্রি করে আমার চিকিৎসা করেছি। এখন আমি অক্ষম। কোনও কাজ করতে পারি না। আমার সন্তানের লেখাপড়া করাতে পারি না, ভালো খাবার খাওয়াতে পারি না।’

ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা পাওয়ার পরও জীবনযাত্রার উন্নতি হয়নি জানিয়ে রেহেনা বলেন, ‘ঘটনার ১৪ বছর অতিবাহিত হলেও এখনও কারও শাস্তি হলো না। আমরাও বিচার পেলাম না। যাই হোক, এখন আর এসব বলে লাভ নেই। আমরা এখন কেবল সুচিকিৎসা ও পুনর্বাসন চাই। সন্তান নিয়ে একটু ভালো থাকতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই, তবে ভিক্ষা চাই না।’

বিচার ও ক্ষতিপূরণের দাবি
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর পার হলেও শ্রমিকদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু।

তিনি বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের পোশাকশিল্পের জন্য একটি বিভীষিকাময় দিন। ওই ঘটনায় আগুনে পুড়ে ১১৭ জন শ্রমিক মারা যান এবং অন্তত দুই শতাধিক আহত হন। এখন পর্যন্ত তাঁদের কোনও ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, তা কেবল সহযোগিতা।

অরবিন্দু বেপারী বলেন, প্রতিটি আহত শ্রমিক ও নিহতের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, যাতে তাঁরা সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের সুযোগ পান। পাশাপাশি তাজরীনের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে সেখানে দ্রুত শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের দাবি জানান তিনি। ওই হাসপাতালে সব শ্রমিকের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।

দীর্ঘ ১৪ বছর পরও তাজরীন অগ্নিকাণ্ডের শিকার শ্রমিকদের চিকিৎসা, পুনর্বাসন ও ন্যায়বিচারের দাবি পূরণ না হওয়ায় প্রশ্ন উঠেছে তাঁদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার উদ্যোগ নিয়ে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১১৭ শ্রমিকের স্মৃতির পাশাপাশি বেঁচে থাকা শ্রমিকদের দীর্ঘস্থায়ী দুর্ভোগও স্মরণ করিয়ে দিচ্ছে, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিকের অধিকার নিশ্চিত করা কতটা জরুরি।
সানা/আপ্র/২৪/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরো ১৭৪ বাংলাদেশি ফিরছেন দেশে
২৪ নভেম্বর ২০২৬

ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরো ১৭৪ বাংলাদেশি ফিরছেন দেশে

লিবিয়ার বেনগাজীর গানফুদা আটককেন্দ্রে আটক থাকা আরো ১৭৪ বাংলাদেশিকে আজ মঙ্গলবার দেশে ফিরিয়ে আনা হচ্ছে।...

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার
২৪ নভেম্বর ২০২৬

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ইউনূসের
২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ইউনূসের

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ বন্ধ এবং হামলাকারীদের দ্রুত ব...

গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ পাওনা পরিশোধের দাবি
২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ পাওনা পরিশোধের দাবি

গ্রামীণফোনের ২০১০ থেকে ২০১২ সালের শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ পরিশোধে বিলম্বে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই