সুন্দরবনের বাগেরহাট অংশে বঙ্গোপসাগর উপকূলবর্তী দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের জাহাজ, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহলদল মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান এবং ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসাধারণের জানমাল সুরক্ষায় বাহিনীটি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারো রাস পূর্ণিমা উৎসব নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উৎসব চলাকালে বন্যপ্রাণী শিকার প্রতিরোধেও নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে বন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।
বনদস্যু দমনে বিশেষ অভিযান: সুন্দরবনের সব সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, চলমান এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মোট ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। বনদস্যুদের কাছে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুই পর্যটক ও একজন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া কোস্ট গার্ড ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে সুন্দরবনের সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর মোট ৬৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।
সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এদিকে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
এবারের রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কোস্ট গার্ড।
সানা/আপ্র/২৪/১১/২০২৬