শেখ রাসেল ইসলামপুর (জামালপুর প্রতিনিধি): জামালপুরের ইসলামপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, পেট ফুলে যাওয়া ও রক্তক্ষরণের ঘটনায় এক প্রসূতির মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাভলী বেগম। এদিকে মৃত্যুর পর মরদেহ দাফনের আগেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের সাড়ে চার লাখ টাকায় সমঝোতা হওয়ার অভিযোগ উঠেছে। দ্রুত দাফন সম্পন্ন করায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
গত ৬ নভেম্বর শুক্রবার জামালপুরের ইসলামপুর উপজেলার মুরাদাবাদ এলাকার বাসিন্দা লাভলী বেগমকে দেওয়ানগঞ্জের বিসমিল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জামালপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক আফরিন ইসলামের তত্ত্বাবধানে সেখানে তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পরিবারের দাবি, অস্ত্রোপচারের পর লাভলীর জ্ঞান ফিরলেও একপর্যায়ে তাঁর স্বাভাবিক প্রস্রাব বন্ধ হয়ে যায়। এরপর পেট ফুলে যায় এবং শুরু হয় রক্তক্ষরণ। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন ৭ নভেম্বর বিকেলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, ৮ নভেম্বর বিকেল ৪টার দিকে লাভলীর মরদেহ বাড়িতে পৌঁছানোর পর রাত ৮টার মধ্যেই তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয়। এর আগেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সাড়ে চার লাখ টাকায় সমঝোতা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সমঝোতার অর্থের মধ্যে দেড় লাখ টাকা নগদ এবং বাকি তিন লাখ টাকা ব্যাংক চেকের মাধ্যমে দেওয়া হয়।
একজন প্রসূতির মৃত্যুর পর আর্থিক সমঝোতা এবং দ্রুত দাফনের ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ ও নানা প্রশ্ন সামনে এসেছে। অস্ত্রোপচারে কোনো ধরনের ত্রুটি ছিল কি না, নাকি চিকিৎসাজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।
তবে বিসমিল্লাহ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অস্ত্রোপচারে কোনো ত্রুটি ছিল না। ফলে প্রসূতির মৃত্যুর প্রকৃত কারণ এবং আর্থিক সমঝোতার অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
সানা/আপ্র/২৩/১১/২০২৬