চট্টগ্রাম মহানগরে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং সরবরাহ এবং বিক্রির উদ্দেশ্যে পচা ও বাসি খাবার সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
অভিযানে ফজল দিন ইকবাল দিন নামের প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের উদ্দেশ্যে শিল্পকারখানার রং বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া পূরবী হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে হোটেলটির ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে রান্না করা পচা ও বাসি খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব খাবারের মধ্যে ছিল বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি। এমনকি অন্যের খাওয়ার পর প্লেট থেকে তুলে রাখা ভাতের সঙ্গে মাংস মিশিয়েও সংরক্ষণ করা হয়েছিল। পাশাপাশি খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল দিয়ে খাবার ভাজার দায়ে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সানা/আপ্র/২৩/১১/২০২৬