২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল রাজনৈতিক প্রতিহিংসা, ভয়ভীতি ও সহিংসতার অবসান হবে। প্রতিষ্ঠিত হবে আইনের শাসন, নাগরিকের নিরাপত্তা ও রাজনৈতিক সহাবস্থান। অন্তর্বর্তী সরকারের সময়েও বিভিন্ন স্থানে দলবদ্ধ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সেই প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও যদি একই ধরনের সহিংসতা চলতে থাকে, তবে তা উদ্বেগের কারণ না হয়ে পারে না।
সাম্প্রতিক কয়েকটি ঘটনা পরিস্থিতির গভীরতা তুলে ধরেছে। নড়াইলের কালিয়ায় ১৮ নভেম্বর বিএনপির মিছিলে হামলায় দলটির দুই নেতা নিহত হন। এ ঘটনায় দুজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের বিচার দাবি ওঠার পর ২০ নভেম্বর বেন্দারচর ও আশপাশের এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত স্থাপনার সংখ্যা নিয়ে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতা ও পুলিশের বক্তব্যে পার্থক্য রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেওয়ার কথা জানিয়েছেন। বিএনপির স্থানীয় নেতারা দলীয় সম্পৃক্ততা অস্বীকার করেছেন। পুলিশের বক্তব্য, নিহতদের স্বজন ও বিক্ষুব্ধ কিছু লোক এসব হামলায় জড়িত। অন্যদিকে, কয়েকজন বাসিন্দা লুটপাট ও হুমকির অভিযোগ করেছেন। ফলে প্রকৃত ঘটনা, ক্ষয়ক্ষতি ও দায়ীদের পরিচয় নিরপেক্ষ তদন্তে নিশ্চিত করা জরুরি।
পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সংঘর্ষের ছবি ধারণ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা ও তাঁর ক্যামেরা ভাঙচুরের অভিযোগও উঠেছে। চট্টগ্রামের ফটিকছড়িতে রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এসব ঘটনায়ও অভিযোগের সত্যতা ও দায়ীদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
এসব ঘটনাকে এখনই গৃহযুদ্ধ বলা বাস্তবসম্মত নয়। তবে রাজনৈতিক বিরোধের জেরে হত্যা, পাল্টা হামলা, বসতবাড়িতে আগুন, লুটপাট এবং সাংবাদিকের ওপর আক্রমণ সংঘাতকে বিপজ্জনক দিকে ঠেলে দিতে পারে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায় তার পরিবার, প্রতিবেশী কিংবা রাজনৈতিক পরিচয়ের অন্য মানুষের ওপর চাপানো যায় না। প্রতিশোধ কখনো বিচার হতে পারে না; আর দলীয় পরিচয় অপরাধের দায়মুক্তিও দিতে পারে না।
প্রশ্ন হলো, এসব সহিংসতা ঠেকানোর দায়িত্ব যাদের, তারা কতটা কার্যকর ভূমিকা রাখছেন? সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলাকারী, উসকানিদাতা ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বকেও নিজ নিজ কর্মী-সমর্থকদের সংযত রাখা এবং সহিংসতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
নির্বাচনে পাওয়া জনসমর্থন সরকারের জন্য দায়িত্ব পালনের সুযোগ, সহিংসতা উপেক্ষা করার ছাড়পত্র নয়। বিরোধী রাজনৈতিক শক্তির কর্মকাণ্ডের বিচারও হতে হবে আইন অনুযায়ী, প্রতিশোধের ভিত্তিতে নয়। রাষ্ট্রের দায়িত্ব সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। একের পর এক অগ্নিসংযোগ ও সহিংসতা চলতে থাকলে সামাজিক আস্থা ভাঙবে, রাজনৈতিক বিভাজন বাড়বে এবং দেশ আরো বড় সংকটের মুখে পড়বে। অতএব, গৃহযুদ্ধের আশঙ্কা বাস্তবে রূপ নেওয়ার আগেই সহিংসতার লাগাম টেনে ধরা এখন রাষ্ট্র ও রাজনীতি-উভয়ের জরুরি দায়িত্ব।
সানা/আপ্র/২৩/১১/২০২৬