নিজ নিজ ক্ষেত্রে দুজনেই কিংবদন্তি। একজন ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতের ভুবনে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন, অন্যজন অভিনয়ে হয়ে উঠেছেন একাধিক প্রজন্মের আদর্শ। শুক্রবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো একই মঞ্চে হাজির হন সংগীতশিল্পী রুনা লায়লা ও অভিনেতা তারিক আনাম খান। তাঁদের উপস্থিতি ও কথোপকথনে মুগ্ধ হন অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা।
‘সিক্স ডিকেডস অব রুনা লায়লা : লিগ্যাসি কন্টিনিউস’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে একটি বেসরকারি ব্যাংক। মূলত রুনা লায়লার সমৃদ্ধ সংগীতজীবন উদযাপন করতেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন তারিক আনাম খান। আর গান পরিবেশন করেন রুনা লায়লা। পাশাপাশি দুজনের মধ্যে চলে কথোপকথন। পুরো অভিজ্ঞতাটি তারিক আনাম খানের কাছে ছিল বিশেষ আনন্দের। রুনা লায়লার প্রতি নিজের মুগ্ধতার কথাও প্রকাশ করেছেন তিনি।
অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তারিক আনাম খান লিখেছেন, ‘ভাবিনি কোনো দিন তাঁর (রুনা লায়লা) সঙ্গে একই মঞ্চে দাঁড়াব, কথা বলব, তাঁকে প্রশ্ন করব। তাঁর গানের ভক্ত এই উপমহাদেশজুড়ে অনেক, আমিও। কিন্তু তাঁর বুদ্ধিদীপ্ত কথাবার্তা ও রসবোধেরও বিশাল ভক্ত আমি। অনুষ্ঠানের আগে তাঁকে সে কথা বলেছিলাম। বলেছিলাম, আমি কিন্তু আপনার মজার কথা শুনতে চাই মঞ্চে।’
গান ও আড্ডার ফাঁকে রুনা লায়লার কাছে নাচও শিখেছেন তারিক আনাম খান। অভিনেতা লিখেছেন, ‘তাঁর গান শুনেছি, জীবনের গল্প শুনেছি, মজার কথা শুনেছি; এমনকি তিনি আমাকে মঞ্চে নাচও শিখিয়েছেন। গানে তিনি আজও অনবদ্য, রসবোধও অনন্যসাধারণ। তিনি রুনা লায়লা। ছয় দশক ধরে গান গেয়ে চলেছেন, আজও ক্লান্তিহীন। প্রায় আড়াই ঘণ্টা একাই গাইলেন, মাতিয়ে রাখলেন দর্শককে। সালাম রুনা আপা। আরও ছয় দশক কাটুক এমনিভাবে।’
এদিকে নিজের সংগীতজীবনের ৬২ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুনা লায়লাও। তিনি বলেছেন, ‘আমার ৬২ বছরের সংগীতজীবন উদযাপনের এক অপূর্ব, স্মরণীয় সন্ধ্যা কাটালাম। আমাকে এমন সম্মাননা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বরাবরের মতোই নতুন প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সংগীতশিল্পী ও শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত।’
অনুষ্ঠানের আয়োজক, অতিথি, দর্শক ও সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন নন্দিত এই শিল্পী।
এসি/আপ্র/২৩/১১/২০২৬