সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে যশোরে যাওয়ার পথে ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতের কবলে পড়েন এক চিকিৎসক। ডাকাতির আতঙ্ক ও ধস্তাধস্তির মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী। তবে নবজাতককে বাঁচানো যায়নি। ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরই শিশুটির মৃত্যু হয়।
হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ (বাগমারা বাজার) এলাকায়। এ সময় ডাকাতেরা অ্যাম্বুলেন্সে থাকা পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, স্বর্ণের চেইনসহ অন্যান্য মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা জেলা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী চিকিৎসক চুয়াডাঙ্গা জেলা শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা এবং চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল নোমান। তাঁর স্ত্রী আফসারা তাসনীম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ডা. আবদুল্লাহ আল নোমান বলেন, তাঁর স্ত্রী হঠাৎ ব্যথা অনুভব করলে শনিবার সন্ধ্যায় তাঁকে চুয়াডাঙ্গার নারদিতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। পরে ব্যথা বেড়ে গেলে ওই দিন মধ্যরাতে যশোর আদ্-দ্বীন হাসপাতালের উদ্দেশে রওনা হন তাঁরা।
তিনি বলেন, রাত দেড়টার দিকে জীবননগর-কালীগঞ্জ সড়কের গান্না-সিংদহ এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী অ্যাম্বুলেন্সটি অন্য যানবাহনের মতো ডাকাতদের কবলে পড়ে। ডাকাত দলের সদস্যরা অ্যাম্বুলেন্সে উঠে প্রথমেই তাঁদের কাছ থেকে নগদ এক লাখ টাকা নিয়ে যায়। স্ত্রী অন্তঃসত্ত্বা এবং অসুস্থ—এ কথা জানিয়ে অনেক অনুরোধ করলেও ডাকাতেরা কর্ণপাত করেনি। একপর্যায়ে তারা তাঁর স্ত্রীর কান কেটে নেওয়ার চেষ্টা করে। পরে তাঁদের অনুরোধে সে চেষ্টা থেকে বিরত থাকে। এরপর তাঁর মা ও পরিবারের অন্য সদস্যদের কাছে থাকা স্বর্ণের চেইনসহ অন্যান্য মালামাল নিয়ে যায় ডাকাতেরা।
ডা. নোমান আরো বলেন, ডাকাতেরা চলে যাওয়ার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ আসার খবর পেয়ে ডাকাতেরা ঘটনাস্থল ছেড়ে যায়। তবে ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় অ্যাম্বুলেন্সের চাবি হারিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর চাবিটি খুঁজে পাওয়ার পর সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে তাঁরা যশোরের উদ্দেশে রওনা হন।
তিনি বলেন, ডাকাতির শুরু থেকেই তাঁর স্ত্রী ভীত হয়ে পড়েন। এ সময়ই স্ত্রীর পেট থেকে সন্তানের এক পা বেরিয়ে আসে। পরে কালীগঞ্জ শহর পার হয়ে বারোবাজার এলাকায় পৌঁছালে শিশুটি ভূমিষ্ঠ হয়। তবে জন্মের পরপরই তার মৃত্যু হয়। নবজাতকটি ছেলে ছিল। সন্তান হারানোর পর তাঁরা চুয়াডাঙ্গায় ফিরে যান। বর্তমানে তাঁর স্ত্রী বাসায় চিকিৎসাধীন। এ ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। সেখানে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। অ্যাম্বুলেন্সে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ওই দিন ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে থানায় মামলা করার জন্য বলা হয়েছে।
তিনি আরো বলেন, ডাকাতির সময় শিশুটির মৃত্যু হয়নি। ডাকাতির স্থান থেকে যশোরের উদ্দেশে যাওয়ার পথে বারোবাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সেই শিশুটির জন্ম হয় এবং পরে তার মৃত্যু হয়। ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কে কেটে ফেলে রাখা গাছ সরিয়ে অ্যাম্বুলেন্সটিকে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দেয়।
এসি/আপ্র/২৩/১১/২০২৬