কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের জন্য গুগল ক্রোম খুললেই কি সেই চেনা সাদা পটভূমি আর একই রকম পর্দা দেখতে দেখতে বিরক্ত? চাইলে নিজের পছন্দের ছবি, রং কিংবা নকশায় সাজিয়ে নিতে পারেন ব্রাউজারটি। এর জন্য আলাদা কোনো অ্যাপ বা অতিরিক্ত সুবিধা যুক্ত করার প্রয়োজন নেই। ক্রোমের মধ্যেই রয়েছে ব্রাউজার সাজানোর বেশ কিছু সুবিধা।
প্রতিদিন কাজের প্রয়োজনে বহুবার ব্রাউজার খুলতে হয়। তাই এর চেহারায় নিজের পছন্দের ছোঁয়া থাকলে ব্যবহারে আসতে পারে নতুনত্ব। গুগল ক্রোমের কয়েকটি সহজ সেটিংস পরিবর্তন করেই নতুন ট্যাবের পটভূমি বদলানো, পছন্দের থিম ব্যবহার এবং প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে নতুন ছবি দেখার ব্যবস্থা করা যায়।
নিজের পছন্দের ছবি যুক্ত করবেন যেভাবে
গুগল ক্রোমের নতুন ট্যাবের পটভূমিতে নিজের ছবি ব্যবহার করতে প্রথমে কম্পিউটারে ব্রাউজারটি খুলুন। এরপর একটি নতুন ট্যাব চালু করুন। নতুন ট্যাবের পর্দার নিচের ডান দিকে থাকা ‘কাস্টমাইজ ক্রোম’ অপশনে ক্লিক করুন।
এরপর ‘অ্যাপিয়ারেন্স’ বিভাগে গিয়ে ‘চেঞ্জ থিম’ নির্বাচন করুন। নিজের কম্পিউটারে সংরক্ষিত ছবি ব্যবহার করতে চাইলে ‘আপলোড অ্যান ইমেজ’ অপশনে ক্লিক করুন। এবার পছন্দের ছবিটি নির্বাচন করলেই সেটি ক্রোমের নতুন ট্যাবের পটভূমি হিসেবে দেখা যাবে।
বেছে নিন পছন্দের থিম
নিজের ছবি ব্যবহার করতে না চাইলে ক্রোমে থাকা বিভিন্ন থিম থেকেও পছন্দমতো একটি বেছে নিতে পারেন। এখানে প্রকৃতি, স্থাপত্য, পৃথিবী, নকশা, চিত্রকর্ম ও বিভিন্ন রঙের সমন্বয়ে তৈরি থিমসহ একাধিক বিভাগ রয়েছে।
এ জন্য ‘কাস্টমাইজ ক্রোম’ অপশনে গিয়ে ‘চেঞ্জ থিম’ নির্বাচন করুন। এরপর পছন্দের বিভাগ থেকে একটি থিম বেছে নিলেই ব্রাউজারের নতুন ট্যাবের চেহারা বদলে যাবে।
প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে বদলাবে পটভূমি
একই ছবি বা থিম প্রতিদিন দেখতে ভালো না লাগলে ক্রোমের প্রতিদিন থিম পরিবর্তনের সুবিধা ব্যবহার করতে পারেন। এ জন্য প্রথমে পছন্দের কোনো থিমের সংগ্রহ নির্বাচন করুন। এরপর সেখানে ‘রিফ্রেশ ডেইলি’ অপশনটি চালু করে দিন।
এই সেটিংস চালু থাকলে নির্বাচিত সংগ্রহের ছবি বা থিম প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। ফলে নতুন ট্যাব খুললেই ব্রাউজারে নতুন পটভূমি দেখতে পারবেন।
ক্রোম খুললেই চালু হবে নতুন ট্যাব
ব্রাউজার চালু করার সঙ্গে সঙ্গেই নতুন ট্যাব দেখতে চাইলে সেটিও নির্ধারণ করা যায়। এ জন্য ক্রোমের ডান দিকে থাকা তিনটি বিন্দুর মেনুতে ক্লিক করে ‘সেটিংস’-এ যান। এরপর ‘অন স্টার্টআপ’ বিভাগে প্রবেশ করুন। সেখানে ‘ওপেন দ্য নিউ ট্যাব পেজ’ নির্বাচন করুন।
এ ছাড়া ব্রাউজারের ওপরের দিকে হোম বোতাম রাখতে চাইলে ‘অ্যাপিয়ারেন্স’ বিভাগে গিয়ে ‘শো হোম বাটন’ অপশনটি চালু করুন। চাইলে এই বোতামে ক্লিক করলে নতুন ট্যাব খুলবে, এমন ব্যবস্থাও করতে পারেন। আবার নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের ঠিকানাও হোমপেজ হিসেবে নির্ধারণ করা সম্ভব।
তবে মনে রাখতে হবে, এসব পরিবর্তনের মাধ্যমে মূলত ক্রোমের নতুন ট্যাবের পটভূমি ও ব্রাউজার চালুর ধরন বদলানো যায়। এতে পুরো ব্রাউজারের সব ওয়েবপৃষ্ঠার চেহারা পরিবর্তিত হয় না। কয়েকটি সহজ সেটিংসের মাধ্যমেই অবশ্য প্রতিদিনের পরিচিত ব্রাউজারকে নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়া সম্ভব।
এসি/আপ্র/২৩/১১/২০২৬