মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার প্রকাশ্যে চলাফেরা এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনা নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে সভায় একাধিক বক্তা ক্ষোভ প্রকাশ করেন এবং পাল্টাপাল্টি বক্তব্য দেন। তবে সভায় উপস্থিত বিএনপি ও জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য না করে শহরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব আলোচনা হয়।
সভায় অংশ নেওয়া একাধিক বক্তা জানান, বদরগঞ্জের সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সুইট ও পৌর মেয়র টুটুলসহ ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ কুন্ডু এবং পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সাহা এলাকায় অবস্থান করছেন। বক্তাদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক নেতা ও থানা-পুলিশকে ‘ম্যানেজ’ করে তাঁরা প্রকাশ্যে চলাফেরা করছেন, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন এবং দলীয় নেতাকর্মীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছেন।
সভায় উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুজার গিফফারী মন্টু এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতা এলাকায় অবস্থান করলেও স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের রহস্যজনক নীরবতা প্রমাণ করে, তাঁরা গোপনে বিগত সরকারের সহযোগীদের পক্ষে কাজ করছেন। তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
নিজ দলের প্রতিও অভিমান প্রকাশ করেন আবুজার গিফফারী মন্টু। তিনি দাবি করেন, বিগত সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই বর্তমানে তাঁকে দলে কোনো পদ-পদবি দেওয়া হয়নি।
অন্যদিকে, সভায় উপস্থিত বিএনপি ও জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা আওয়ামী লীগের ওই দুই নেতার প্রকাশ্যে অবস্থান ও ব্যবসা পরিচালনার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি। তাঁরা তাঁদের বক্তব্যে বদরগঞ্জ শহরের তীব্র যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেওয়ারও দাবি জানান।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এটিএম আজাহারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসের উদ্দিন এবং বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
সানা/আপ্র/২৩/১১/২০২৬