গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

রোহিঙ্গা গণহত্যার ঐতিহাসিক রায়

ন্যায়বিচার প্রতিষ্ঠায় চাই কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১০:১৮ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৮ এএম ২০২৬
ন্যায়বিচার প্রতিষ্ঠায় চাই কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ
ছবি

ছবি সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায় বিশ্ববিবেক, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের হত্যা, ধর্ষণ, নির্যাতন, বাস্তুচ্যুতি ও জাতিগত নিপীড়নের পর এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার সংগ্রামে নতুন আশার সঞ্চার করেছে। তবে শুধু রায় ঘোষণা করলেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না। এর যথাযথ বাস্তবায়ন, অপরাধীদের শাস্তি এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব।

গাম্বিয়ার করা মামলায় ২০১৯ সালের ১১ নভেম্বর ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তিসংক্রান্ত সনদ লঙ্ঘনের অভিযোগে শুরু হওয়া বিচারপ্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটেছে এই রায়ের মধ্য দিয়ে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন, গ্রাম ধ্বংস এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ের প্রমাণ পেয়েছেন বিচারকেরা। আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা এটিই প্রথম। ফলে এ রায় শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বিশ্বের নিপীড়িত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সংগ্রামেও তাৎপর্যপূর্ণ।

রায়টি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। মিয়ানমারের জন্য তা মানা বাধ্যতামূলক। অথচ দেশটির জান্তা সরকার রায়কে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দিয়েছেন-এমন যুক্তি তুলে ধরে রায়ের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না। বিচারিক সিদ্ধান্তের বৈধতা নির্ধারিত হয় আদালতের বিধি ও বিচারপ্রক্রিয়া অনুযায়ী, কোনো রাষ্ট্রের রাজনৈতিক অসন্তোষ দিয়ে নয়। তাই মিয়ানমারের এ অবস্থানকে রায় বাস্তবায়নে বিলম্বের অজুহাত হতে দেওয়া যাবে না।

বাংলাদেশের জন্য এ রায়ের গুরুত্ব আরো গভীর। বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গার আশ্রয়, নিরাপত্তা ও মানবিক সহায়তার দায়িত্ব বহন করতে হচ্ছে বাংলাদেশকে। দীর্ঘায়িত সংকট স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা, অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তার ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। বাংলাদেশ যথার্থভাবেই বলেছে, এ সংকটের সৃষ্টি মিয়ানমারে, স্থায়ী সমাধানও খুঁজতে হবে সেখানেই। জাতিসংঘ সাধারণ পরিষদে ১২৮ ভোটে গৃহীত প্রস্তাব আন্তর্জাতিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। তবে সমর্থনকে কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপে রূপান্তর করতে হবে।

এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রথম কাজ হওয়া উচিত মিয়ানমারকে আদালতের নির্দেশনা বাস্তবায়নে বাধ্য করতে সমন্বিত চাপ সৃষ্টি করা। গণহত্যায় জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় আইন প্রণয়ন, অপরাধের আলামত সংরক্ষণ এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিত করার পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী দুই বছরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা জরুরি।

একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রায় বাস্তবায়নে মিয়ানমার ব্যর্থ হলে পরিষদকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যুক্তরাজ্যের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগসহ বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতাকে সুসংহত করতে হবে। মানবিক সহায়তার অর্থায়নও অব্যাহত রাখতে হবে, কারণ প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।

তবে প্রত্যাবাসনের নামে রোহিঙ্গাদের আবারো অনিশ্চয়তা ও বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না। নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, মৌলিক অধিকার, বসতভিটা ও সম্পত্তির অধিকার এবং পরিবারের পুনর্মিলন নিশ্চিত না হলে প্রত্যাবাসন টেকসই হবে না। এ জন্য মিয়ানমারে নিরাপত্তা খাতের সংস্কার, কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ এবং বৈষম্যহীন পরিবেশ প্রতিষ্ঠা জরুরি।

রোহিঙ্গারা শরণার্থীশিবিরে অনির্দিষ্টকাল থাকতে চান না; তাঁরা নিজেদের ঘরে ফিরতে চান মর্যাদা ও অধিকার নিয়ে। তাঁদের এই ন্যায়সংগত আকাঙ্ক্ষা পূরণ করা শুধু বাংলাদেশের দায়িত্ব নয়, আন্তর্জাতিক মানবতারও দায়। ঐতিহাসিক রায়কে তাই কেবল আইনি অর্জনে সীমাবদ্ধ রাখা যাবে না। ন্যায়বিচার, জবাবদিহি ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার মধ্য দিয়েই এ রায়ের প্রকৃত সার্থকতা প্রতিষ্ঠিত হবে। অন্যথায় বিশ্ববিবেকের সামনে এটি আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতি হয়ে থাকবে।
সানা/আপ্র/২২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে থাকুক উন্নয়নের ধারাবাহিকতা
২১ নভেম্বর ২০২৬

রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে থাকুক উন্নয়নের ধারাবাহিকতা

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছ...

মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন
১৯ নভেম্বর ২০২৬

মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন

উচ্চ মূল্যস্ফীতি, কম মজুরি ও কর্মসংস্থানের সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্রমেই দুর্বিষহ করে তুলছ...

হাম ও ডেঙ্গুতে মৃত্যু রোধে এখনই দৃশ্যমান পদক্ষেপ নিন
১৯ নভেম্বর ২০২৬

হাম ও ডেঙ্গুতে মৃত্যু রোধে এখনই দৃশ্যমান পদক্ষেপ নিন

হামের উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৩১৮ জনে পৌঁছানো ও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাওয়া দেশে...

খেলাপির ভয়াবহ বিস্তার, ঋণের চাপে অর্থনীতি
১৮ নভেম্বর ২০২৬

খেলাপির ভয়াবহ বিস্তার, ঋণের চাপে অর্থনীতি

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ভয়াবহ বিস্তার এবং সরকারের ক্রমবর্ধমান দেশি-বিদেশি ঋণের বোঝা অর্থনীতি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই