বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জ্বালানি খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের প্রস্তাব দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে এসকে গ্রুপ। প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্পটির বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
তাঁরা জানান, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীকেও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে পরিণত করার সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধি দলের উপস্থাপনা শোনার পর বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। একই সঙ্গে দেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তাদের আন্তরিক আগ্রহের কথা জানায়।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং, এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্য।
সানা/আপ্র/২৪/১১/২০২৬