দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মারা যান। এ ছাড়া বিপুলসংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়, বেড়ে যায় চিকিৎসার ব্যয়ও। এ পরিস্থিতি মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ এবং চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করছে।
ড. এম এ মুহিত বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। তবে চিকিৎসক ও রোগীদের আচরণে পরিবর্তন না এলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে এ সংকট মোকাবিলা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া বা সরাসরি বিক্রির মাধ্যমে অ্যান্টিবায়োটিক সরবরাহ বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন জরুরি।
তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকাতে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড ও ইলেকট্রনিক ব্যবস্থাপত্রের ব্যবস্থা থাকবে। ফলে অ্যান্টিবায়োটিকের ব্যবহারসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রম ডিজিটাল নজরদারির আওতায় আসবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল রয়েছে। কিন্তু অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকও এ বিষয়ে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এ ধরনের ঘাটতি চিহ্নিত করে তা পূরণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিক্যাল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। আরো বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি, সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম।
সানা/আপ্র/২৪/১১/২০২৬