রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। দেশগুলোর মতে, এ রায় রোহিঙ্গা ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার এবং জবাবদিহি নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা।
বিবৃতিতে বলা হয়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত সনদের আওতায় গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে দেশগুলো। আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দায়ী করেছেন।
আদালতের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিজেদের সব বাধ্যবাধকতা পূরণ করতে হবে দেশটিকে। রোহিঙ্গারা বছরের পর বছর ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। আদালতের এ রায় স্পষ্ট বার্তা দিয়েছে, এ ধরনের অপরাধ দায়মুক্তির সুযোগে সংঘটিত হতে পারে না।
যৌথ বিবৃতিতে আরো বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি করা অপরিহার্য।
রোহিঙ্গা নৃশংসতার শিকার ব্যক্তি ও বেঁচে যাওয়া মানুষদের পাশাপাশি মিয়ানমারের সব জনগণের জন্য শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ প্রতিষ্ঠার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখার কথাও জানিয়েছে দেশগুলো।
সানা/আপ্র/২৪/১১/২০২৬