১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া বিলাসবহুল জাহাজ টাইটানিকের যাত্রীদের ব্যবহৃত শতাধিক ব্যক্তিগত সামগ্রী ইংল্যান্ডে নিলামে বিক্রি হয়েছে রেকর্ড দামে। এক শতাব্দীর বেশি সময় ধরে সংরক্ষিত এসব স্মারকের মধ্যে রয়েছে সোনার পকেটঘড়ি, হীরার আংটি, চিঠি, জাহাজের টিকিট, বিমার দলিল ও পোস্টকার্ড। সব মিলিয়ে নিলামে বিক্রির পরিমাণ ছাড়িয়েছে ১০ লাখ পাউন্ড।
নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে টাইটানিকের তৃতীয় শ্রেণির যাত্রী মেরি ম্যানগানের ব্যবহৃত একটি সোনার পকেটঘড়ির। এটি বিক্রি হয়েছে ২ লাখ ৫০ হাজার পাউন্ডে। বিখ্যাত যাত্রী লেডি ডাফ গর্ডনের একটি হীরার আংটি বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে।
নিলামের অন্যতম আকর্ষণ ছিল প্রথম শ্রেণির যাত্রী রামন আর্তাগাভেইতিয়া গোমেজের লেখা একটি চিঠি। টাইটানিকের নিজস্ব প্যাডে স্প্যানিশ ভাষায় লেখা চিঠিটি তাঁর মরদেহ থেকে উদ্ধার করা হয়েছিল। পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হলেও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি বিক্রি হয়েছে ৮০ হাজার পাউন্ডে।
মেরি ম্যানগান ছিলেন ৩২ বছর বয়সী আইরিশ নারী। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। ১৯১২ সালের শুরুর দিকে পরিবারের সঙ্গে দেখা করতে আয়ারল্যান্ডে ফিরে এসেছিলেন। পরে টাইটানিকে চড়ে আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাঁর মরদেহ থেকে সোনার ঘড়িটি উদ্ধার করা হয়। অন্যান্য ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে ঘড়িটিও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি বেলফাস্টের টাইটানিক জাদুঘরে ম্যানগান পরিবারের সংগ্রহের অন্যান্য সামগ্রীর সঙ্গে কয়েক সপ্তাহের জন্য প্রদর্শিত হয় ঘড়িটি।
রামন আর্তাগাভেইতিয়া গোমেজের চিঠিটিও ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। এতে তিনি টাইটানিকের বিভিন্ন বিষয় তুলে ধরেছিলেন। জাহাজের রং, ভেতরের তাপমাত্রা এবং খাবারঘরে কতজনের খাবারের ব্যবস্থা ছিল, সেসব বিবরণও লিখেছিলেন তিনি।
নিলামে বিক্রি হওয়া অন্যান্য সামগ্রীর মধ্যে ছিল টাইটানিকের একটি দুর্লভ টিকিট, যা ৪৫ হাজার ৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে। একটি বিমার দলিলের দাম উঠেছে ২৭ হাজার পাউন্ড। এ ছাড়া জাহাজটির জ্যেষ্ঠ বেতার অপারেটর জ্যাক ফিলিপসের লেখা একটি পোস্টকার্ড বিক্রি হয়েছে প্রায় ৩২ হাজার পাউন্ডে।
টাইটানিক ডুবে যাওয়ার সময়ও দায়িত্ব পালন করে গেছেন জ্যাক ফিলিপস। জাহাজটি যখন ডুবছিল, তখন তিনি বেতারযন্ত্রে বিপৎসংকেত পাঠিয়ে যাচ্ছিলেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা করছিলেন। মৃত্যুর মাত্র চার দিন আগে, টাইটানিক সাউদাম্পটন বন্দরে অবস্থানকালে তিনি বোন এলসিকে পোস্টকার্ডটি লিখেছিলেন। এ কারণে স্মারকটির ঐতিহাসিক মূল্য ও গুরুত্ব অনেক বেশি।
ইংল্যান্ডের উইল্টশায়ারের ডেভাইজ শহরে নিলাম প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সন এসব সামগ্রী বিক্রি করে। প্রতিষ্ঠানটির নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ জানান, নিলামে সব মিলিয়ে বিক্রির পরিমাণ ১০ লাখ পাউন্ড ছাড়িয়েছে। এর বড় অংশ এসেছে টাইটানিকের স্মারকসামগ্রী বিক্রি থেকে।
অ্যান্ড্রু অলড্রিজের মতে, বিশ্বজুড়ে টাইটানিকের প্রতি মানুষের আগ্রহ এখনো অটুট। নিলামে বিভিন্ন দেশের সংগ্রাহকেরা অংশ নিয়েছেন। তাঁর ভাষায়, এসব সামগ্রীর উচ্চমূল্য শুধু সংগ্রাহকদের আগ্রহের প্রতিফলন নয়, বরং এর মধ্য দিয়ে টাইটানিকের যাত্রীদের ব্যক্তিগত স্মৃতি ও তাঁদের জীবনের ইতিহাসও সংরক্ষিত হচ্ছে। সূত্র: বিবিসি
সানা/ডিসি/আপ্র/২৩/১১/২০২৬