গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

বছরে ৩৮৪ টন সোনা উৎপাদন করে বিশ্বসেরা চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৩ এএম ২০২৬
বছরে ৩৮৪ টন সোনা উৎপাদন করে বিশ্বসেরা চীন
ছবি

চীন নিজস্ব খনি থেকে উত্তোলিত আকরিক পরিশোধনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করেও সোনা উৎপাদন করে -ছবি সংগৃহীত

বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ চীন। শুধু উৎপাদনেই নয়, মূল্যবান এই ধাতুর ব্যবহারের ক্ষেত্রেও শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি। অলংকার তৈরি থেকে শুরু করে বিনিয়োগ ও শিল্পকারখানায় সোনার ব্যাপক চাহিদা রয়েছে চীনে। দেশটির অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য ও কৌশলগত সম্পদ ব্যবস্থাপনাতেও সোনার গুরুত্ব ক্রমেই বাড়ছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালে চীন ৩৮৪ দশমিক ৩ টন সোনা উৎপাদন করেছে। এর আগের বছর ২০২৪ সালেও ৩৮০ দশমিক ২ টন সোনা উৎপাদন করে বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছিল দেশটি।

চীন নিজস্ব খনি থেকে উত্তোলিত আকরিক পরিশোধনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করেও সোনা উৎপাদন করে। ফলে দেশটির মোট উৎপাদনে দেশীয় ও আমদানি করা উভয় ধরনের কাঁচামালের অবদান রয়েছে।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের ৪ নভেম্বর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন প্রান্তিকে চীন মোট ৩৪৭ দশমিক ৯৯ টন সোনা উৎপাদন করেছে। এর মধ্যে দেশীয় কাঁচামাল থেকে উৎপাদিত হয়েছে ২২০ দশমিক ৯৩৫ টন এবং আমদানি করা কাঁচামাল থেকে ১২৭ দশমিক ০৫৫ টন। আগের বছরের একই সময়ের তুলনায় মোট উৎপাদন কমেছে ১১ দশমিক ৪৪ শতাংশ।

চীনের পণ্যবাজারবিষয়ক তথ্য ও পরামর্শক প্রতিষ্ঠান সানসার্স গত ৫ নভেম্বর চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের এই পরিসংখ্যানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে।

উৎপাদন কমলেও দেশটিতে সোনার ব্যবহার বেড়েছে। ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে চীনে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন সোনা ব্যবহৃত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেশি।

গয়নার চেয়ে বিনিয়োগে সোনার চাহিদা বেশি: চীনে চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে সোনার ব্যবহারের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। গয়না তৈরিতে সোনার ব্যবহার কমলেও বার ও কয়েন কেনার প্রবণতা বেড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে গয়না তৈরিতে ১৭৮ দশমিক ৬১২ টন সোনা ব্যবহৃত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ খাতে ব্যবহার কমেছে ৩৩ দশমিক ৮৬ শতাংশ।

অন্যদিকে সোনার বার ও কয়েন কেনায় ব্যবহৃত হয়েছে ৪৪৪ দশমিক ৫৭৬ টন। গত বছরের একই সময়ের তুলনায় এ ব্যবহার বেড়েছে ২৬ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ সাধারণ মানুষ অলংকারের পরিবর্তে সোনার বার ও কয়েন কিনে বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছেন।

এ ছাড়া শিল্পসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন সোনা। এ খাতে ব্যবহার বেড়েছে ১ দশমিক ৪১ শতাংশ।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে সোনার দাম প্রথম দিকে বাড়লেও পরবর্তী সময়ে কমেছে। তবে সামগ্রিকভাবে দাম উচ্চপর্যায়েই ছিল। স্বল্প সময়ে দামের ওঠানামা বেড়ে যাওয়ায় সোনার বাজারে ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।

চীনের উল্লেখযোগ্য পাঁচটি সোনার খনি: যুক্তরাজ্যভিত্তিক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান গ্লোবালডেটার খনিবিষয়ক তথ্যভান্ডার অনুযায়ী, বিশ্বে বর্তমানে ১ হাজার ৩৫২টির বেশি সোনার খনি চালু রয়েছে। এর মধ্যে চীনে রয়েছে ১১৭টি। প্রতিষ্ঠানটির ২০২৩ সালের উৎপাদনসংক্রান্ত হিসাব অনুযায়ী, চীনের উল্লেখযোগ্য পাঁচটি সোনার খনি হলো-

১. শাসি কপার মাইন: আনহুই প্রদেশে অবস্থিত ভূগর্ভস্থ এই খনির মালিক টংলিং ননফেরাস মেটালস গ্রুপ। ২০২৩ সালে এখান থেকে আনুমানিক ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে।

২. ইশিংঝাই গোল্ড মাইন: শানসি প্রদেশে অবস্থিত এই ভূগর্ভস্থ খনির মালিক জিজিন মাইনিং গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স সোনা উৎপাদিত হয়। ২০৩৯ সাল পর্যন্ত খনিটি চালু থাকার কথা।

৩. সানশানদাও গোল্ড মাইন: শানদং প্রদেশে অবস্থিত এই খনির মালিক শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে এখান থেকে আনুমানিক ১ লাখ ৮৯ হাজার ১৬০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত খনিটি চালু থাকার কথা।

৪. জিয়াওজিয়া গোল্ড মাইন: শানদং প্রদেশের এই ভূগর্ভস্থ সোনার খনির মালিকও শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ৪৭০ আউন্স সোনা উৎপাদিত হয়। ২০২৬ সাল পর্যন্ত খনিটি চালু থাকার কথা।

৫. দে শিং মাইন: জিয়াংসি প্রদেশে অবস্থিত উন্মুক্ত এই খনির মালিক জিয়াংসি কপার। ২০২৩ সালে এখান থেকে আনুমানিক ১ লাখ ৬৫ হাজার ২৩০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৫০ সাল পর্যন্ত খনিটি চালু থাকার কথা।

সব মিলিয়ে সোনা উৎপাদন, ভোগ ও বিনিয়োগ-তিন ক্ষেত্রেই চীনের অবস্থান বিশ্ব অর্থনীতিতে দেশটির গুরুত্ব তুলে ধরছে। বিশেষ করে অলংকারের তুলনায় সোনার বার ও কয়েনে বিনিয়োগের প্রবণতা বৃদ্ধি দেশটির সোনার বাজারে নতুন চাহিদার চিত্র প্রকাশ করছে।
তথ্যসূত্র: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল, চায়না গোল্ড অ্যাসোসিয়েশন, সানসার্স ও গ্লোবালডেটা।
সানা/ডিসি/আপ্র/২৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রেকর্ড দামে নিলামে উঠলো টাইটানিকের যাত্রীদের স্মারক
২৩ নভেম্বর ২০২৬

রেকর্ড দামে নিলামে উঠলো টাইটানিকের যাত্রীদের স্মারক

১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া বিলাসবহুল জাহাজ টাইটানিকের যাত্রীদের ব্যবহৃত শতাধিক ব্যক্তিগ...

বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ
২৩ নভেম্বর ২০২৬

বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ

বিশ্বে প্রতিদিন ১৫ থেকে ৪৯ বছর বয়সী ১০ লাখের বেশি মানুষ নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত হচ্ছে...

ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪
২৩ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪

ইন্দোনেশিয়ায় মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জন...

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, নিহত কয়েকজন
২৩ নভেম্বর ২০২৬

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, নিহত কয়েকজন

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি রুশ জাহাজ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই