গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪০ এএম ২০২৬
বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ
ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক তথ্যে উঠে এসেছে উদ্বেগজনক এই চিত্র

বিশ্বে প্রতিদিন ১৫ থেকে ৪৯ বছর বয়সী ১০ লাখের বেশি মানুষ নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের অধিকাংশের শরীরেই রোগের কোনও উপসর্গ দেখা যায় না। ফলে অনেকেই সংক্রমণের বিষয়ে জানতে পারেন না এবং অজান্তেই অন্যের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক তথ্যে উঠে এসেছে উদ্বেগজনক এই চিত্র।

সংস্থাটির ১৯ নভেম্বর প্রকাশিত তথ্যপত্রে বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বে চার ধরনের নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছিলেন আনুমানিক ৩৭ কোটি ৪০ লাখ মানুষ। সংক্রমণগুলো হলো ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রাইকোমোনিয়াসিস।

ডব্লিউএইচওর হিসাব অনুযায়ী, ২০২২ সালে ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রায় ৮০ লাখ প্রাপ্তবয়স্ক সিফিলিসে আক্রান্ত হন। একই বয়সসীমার প্রায় ৫২ কোটি মানুষ হারপিস সিমপ্লেক্স ভাইরাস-২ (এইচএসভি-২) সংক্রমণে আক্রান্ত। এই ভাইরাস যৌনাঙ্গে হারপিসের অন্যতম প্রধান কারণ।

যৌনবাহিত সংক্রমণের দীর্ঘমেয়াদি ক্ষতিও ভয়াবহ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) সংক্রমণের সঙ্গে প্রতিবছর জরায়ুমুখের ক্যানসারে ৩ লাখ ১১ হাজারের বেশি মৃত্যুর সম্পর্ক রয়েছে। এ ছাড়া ২০২২ সালে আনুমানিক ১১ লাখ গর্ভবতী নারী সিফিলিসে আক্রান্ত ছিলেন। এর ফলে ৩ লাখ ৯০ হাজারের বেশি প্রতিকূল গর্ভধারণ ও জন্মসংক্রান্ত জটিলতা দেখা দেয়।

যেভাবে ছড়ায় সংক্রমণ: ডব্লিউএইচও জানিয়েছে, যৌন সংস্পর্শের মাধ্যমে ৩০টির বেশি ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবী ছড়াতে পারে। যোনিপথ, পায়ুপথ ও মুখমেহনের মাধ্যমে যৌন সম্পর্কের সময় এসব সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে। এ ছাড়া গর্ভাবস্থা, সন্তান জন্মদান ও বুকের দুধ খাওয়ানোর সময় মা থেকে শিশুর শরীরে কিছু সংক্রমণ ছড়াতে পারে। অনিরাপদ রক্ত সঞ্চালনের মাধ্যমেও সংক্রমণের আশঙ্কা রয়েছে।

যৌনবাহিত সংক্রমণের মধ্যে সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া ও ট্রাইকোমোনিয়াসিস সাধারণত অ্যান্টিবায়োটিকের মাধ্যমে নিরাময় করা যায়। অন্যদিকে হেপাটাইটিস বি, হারপিস, এইচআইভি ও এইচপিভি ভাইরাসজনিত সংক্রমণ।

চিকিৎসা না করালে এসব সংক্রমণ নারীদের পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ও বন্ধ্যত্বের কারণ হতে পারে। পাশাপাশি জরায়ুর বাইরে গর্ভধারণের ঝুঁকিও বাড়ে। যৌনবাহিত সংক্রমণ এইচআইভিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়াতে পারে। গর্ভাবস্থায় মা থেকে শিশুর শরীরে সংক্রমণ ছড়ালে মৃত সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু, কম ওজন নিয়ে জন্ম এবং অন্যান্য জটিলতা দেখা দিতে পারে।

প্রতিরোধ ও চিকিৎসা: যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধে সঠিকভাবে ও নিয়মিত কনডম ব্যবহারের পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। তবে যৌনাঙ্গের বাইরের অংশে ঘা সৃষ্টি করে এমন কিছু সংক্রমণ থেকে কনডম পুরোপুরি সুরক্ষা দিতে পারে না। হেপাটাইটিস বি ও এইচপিভি প্রতিরোধে কার্যকর টিকাও রয়েছে।

এসব সংক্রমণের অনেক ক্ষেত্রেই কোনও উপসর্গ থাকে না। উপসর্গ দেখা দিলেও তা সুনির্দিষ্ট না হওয়ায় রোগ শনাক্ত করা কঠিন হতে পারে। উন্নত দেশগুলোতে আধুনিক পরীক্ষার সুযোগ থাকলেও নিম্ন ও মধ্যম আয়ের অনেক দেশে প্রয়োজনীয় পরীক্ষা সহজলভ্য নয়। কোথাও পরীক্ষা ব্যয়বহুল, আবার কোথাও পরীক্ষার ফল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রাইকোমোনিয়াসিস সাধারণত অ্যান্টিবায়োটিকে নিরাময়যোগ্য। তবে হারপিস ও এইচআইভির ওষুধ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করলেও রোগ পুরোপুরি নিরাময় করতে পারে না। হেপাটাইটিস বি-এর ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধ ভাইরাসের প্রভাব ও যকৃতের ক্ষতি কমাতে সহায়তা করে।

বিশ্বজুড়ে গনোরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রতিরোধক্ষমতা বেড়ে যাওয়াকে বড় ধরনের জনস্বাস্থ্যগত হুমকি হিসেবে দেখছে ডব্লিউএইচও। এর ফলে সংক্রমণটির চিকিৎসায় কার্যকর ওষুধের বিকল্প ক্রমেই সীমিত হয়ে আসছে বলে জানিয়েছে সংস্থাটি। সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
সানা/ডিসি/আপ্র/২৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রোহিঙ্গগণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
২৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গগণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আই...

মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট, ন্যাটোর হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬

মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট, ন্যাটোর হুঁশিয়ারি

মহাকাশ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলার ঘোষণা দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। রাশিয়া মহাকাশে পারম...

বিশ্বে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন হন পাঁচ নারী
২৪ নভেম্বর ২০২৬

বিশ্বে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন হন পাঁচ নারী

২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যের হাতে হত্যাক...

ঝুঁকি এড়াতে এআই তদারকির তাগিদ গুতেরেসের
২৪ নভেম্বর ২০২৬

ঝুঁকি এড়াতে এআই তদারকির তাগিদ গুতেরেসের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক ব্যবস্থাপনা গড়ে তুলতে বিশ্বনেতাদের প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই