সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরো দুজন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরের পর উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের সদস্য ইনামুল হক।
নিহতরা হলেন- বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে পরিচ্ছন্নতাকর্মী মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে স্কুলশিক্ষার্থী মোহাম্মদ আরাফাত (১৬)।
গুরুতর অসুস্থ দুজন হলেন- তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন এবং বরেয়া গ্রামের আবুল শেখের ছেলে জামাল শেখ।
ইউপি সদস্য ইনামুল হক জানান, বরেয়া গ্রামের আশরাফ পাড়ের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু হলে পরিচ্ছন্নতাকর্মী মহানন্দ সরকার প্রথমে ট্যাংকের মুখ খোলেন। এ সময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনি জ্ঞান হারিয়ে ঘটনাস্থলেই মারা যান।
মহানন্দ সরকারের এমন পরিণতি এবং ট্যাংকের ভেতরের অবস্থা দেখতে ওই বাড়ির কিশোর আরাফাত ট্যাংকের কাছে গিয়ে উঁকি দেয়। এ সময় সেও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ইনামুল হক আরো জানান, তাদের উদ্ধার করতে এবং পরিস্থিতি দেখতে এগিয়ে গেলে গোলাম হোসেন ও জামাল শেখও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
কালীগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান শাহিন জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গুরুতর অসুস্থ দুজনকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সানা/আপ্র/২৪/১১/২০২৬