টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। মহাসড়কের বিভিন্ন স্থানেও টায়ার ও কাঠখড় জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষের কারণে প্রায় ৩০ মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় মণ্ডল গ্রুপের একটি পোশাক কারখানায় শ্রমিকেরা ভাঙচুর চালান। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
সংঘর্ষের একপর্যায়ে গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্সের ভেতরে ও বাইরে কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় জ্বালিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
সংঘর্ষের কারণে দুপুর ১টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ দক্ষিণ) উপকমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বক্সে আগুন দেওয়ার বিষয়টি জেনে পরে জানাতে হবে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর এলাকার ৭০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
সানা/আপ্র/২৪/১১/২০২৬