রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকের জীবন, সম্পদ, মর্যাদা ও অধিকার সুরক্ষা নিশ্চিত করা। অথচ বাংলাদেশে সাম্প্রতিক সময়ে গণপিটুনি, হত্যাকাণ্ড, রাজনৈতিক সংঘাত, নারী ও শিশুর প্রতি সহিংসতা, সাংবাদিকদের ওপর হামলা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহ উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এসব ঘটনা বিচ্ছিন্ন অপরাধের সীমা ছাড়িয়ে রাষ্ট্রের কর্তৃত্ব, বিচারব্যবস্থার কার্যকারিতা ও গণতান্ত্রিক শাসনের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে। পরিস্থিতি এখন অনেকটা সামাজিক মহামারির রূপ নিয়েছে।
২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের শাসনামলে মব সংস্কৃতির যে বিস্তার ঘটেছিল, মানুষের প্রত্যাশা ছিল নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার অবসান ঘটবে। কিন্তু নতুন সরকারের আমলেও গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা ও বিচারবহির্ভূত শাস্তির প্রবণতা অব্যাহত থাকা হতাশাজনক। সরকার পরিবর্তন হলেও যদি রাষ্ট্র পরিচালনার চরিত্র ও প্রশাসনিক সংস্কৃতিতে পরিবর্তন না আসে, তাহলে গণতান্ত্রিক উত্তরণের সুফল কোথায়?
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) ১৫ থেকে ২১ নভেম্বরের মানবাধিকার পর্যবেক্ষণেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গাইবান্ধার পলাশবাড়ীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিকের ওপর হামলা, নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণপিটুনি ও ক্যাম্পাসে সহিংসতা এবং নেত্রকোনার কেন্দুয়ায় এক কিশোরীর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনা তুলে ধরেছে সংগঠনটি। তাদের বক্তব্য-অভিযোগের ভিত্তিতে কাউকে নির্যাতন, অপমান, বেআইনিভাবে আটক কিংবা গণপিটুনি দেওয়ার অধিকার কারো নেই। অপরাধের বিচার হবে প্রচলিত আইন ও যথাযথ বিচারিক প্রক্রিয়ায়।
মানবাধিকার সহায়তা সোসাইটির জানুয়ারি-সেপ্টেম্বরের প্রতিবেদন পরিস্থিতির ভয়াবহতা আরো স্পষ্ট করেছে। এ সময়ে ৩৯৮টি মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় অন্তত ১৮৭ জন নিহত এবং ৪০১ জন আহত হয়েছেন। রাজনৈতিক সহিংসতার ১ হাজার ১৩টি ঘটনায় নিহত হয়েছেন ৭৩ জন, আহত ৬ হাজার ৪৭৩ জন। আগের বছরের একই সময়ের তুলনায় রাজনৈতিক সহিংসতা বেড়েছে ৪৬ শতাংশ। ৫১৮ জনের বেশি সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার শিকার হয়েছেন ২ হাজার ৪০৪ জনের বেশি; ধর্ষণের শিকার ৬৫৭ জনের মধ্যে ৩৯২ জনই অপ্রাপ্তবয়স্ক। অক্টোবরে আরো ২২ জনের বেশি মানুষ গণপিটুনিতে নিহত হয়েছেন। অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম ১০ মাসে ২ হাজার ৯৩৮টি হত্যা মামলা হয়েছে, মাসে গড়ে প্রায় ২৯৪টি। উল্লেখ্য, এটি মামলা দায়েরের সংখ্যা, নিহত ব্যক্তির সংখ্যা নয়।
এই সংকটের সঙ্গে রাজনৈতিক বক্তব্য-বিবৃতিতে বিদ্বেষ, প্রতিহিংসা ও অসহিষ্ণুতার প্রবণতা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করছে। রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল তাঁর ‘পলিটিকস’ গ্রন্থে ব্যক্তির শাসনের চেয়ে আইনের শাসনকে উত্তম বলেছেন। জেমস ম্যাডিসন ‘ফেডারেলিস্ট পেপারস’-এর দশম প্রবন্ধে দলীয় উপদলীয় সংঘাতের বিপদ ব্যাখ্যা করেছেন। টমাস হবস ‘লেভিয়াথান’ গ্রন্থে রাষ্ট্রীয় কর্তৃত্বহীনতার পরিণতিতে নিরাপত্তাহীনতা ও সংঘাতের ভয়াবহতা তুলে ধরেছেন। তাঁদের চিন্তার নির্যাস-আইনের কর্তৃত্ব ও কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া স্বাধীনতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা টেকসই হয় না।
সরকারকে অবিলম্বে মব সহিংসতা প্রতিরোধে কঠোর ও নিরপেক্ষ অবস্থান নিতে হবে। প্রতিটি হত্যাকাণ্ড ও গণপিটুনির দ্রুত তদন্ত, বিচার এবং অপরাধীর রাজনৈতিক পরিচয়-নির্বিশেষে জবাবদিহি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তারও বিচার হওয়া প্রয়োজন। নারী, শিশু, সাংবাদিক ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।
মনে রাখতে হবে-নির্বাচিত সরকার মানেই স্বেচ্ছাচারী শাসনের অধিকার নয়; জনগণের কাছে তার দায়বদ্ধতা বরং বেশি। গোঁজামিলের শাসনব্যবস্থা, প্রতিহিংসার রাজনীতি ও মবতন্ত্রের ওপর কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। রাষ্ট্রের কাজ জনতার হাতে বিচারভার তুলে দেওয়া নয়, বরং নাগরিককে জনতার বিচার থেকে রক্ষা করা। তাই এখনই দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে গণতন্ত্র, সুশাসন ও সামাজিক স্থিতিশীলতা আরো গভীর সংকটে পড়বে। মবতন্ত্র নয়, আইনের শাসন, মানবিক মর্যাদা ও জবাবদিহিই হোক রাষ্ট্র পরিচালনার অবিচল ভিত্তি।
সানা/আপ্র/২৪/১১/২০২৬