গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫৩ এএম ২০২৬
তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম
ছবি

ছবি সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। সরবরাহ বাড়ার ইঙ্গিত এবং বাজারে তেলের উদ্বৃত্ত হওয়ার আশঙ্কায় মঙ্গলবার (২৪ নভেম্বর) তেলের দাম প্রায় তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখনো বাজারে অনিশ্চয়তা তৈরি করছে।

মঙ্গলবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এ তেলের দাম গত ২৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৭৯ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে এ তেলের দাম গত ১০ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলেও সরবরাহ পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকায় সাম্প্রতিক দিনগুলোতে তেলের দাম বাড়ার গতি কমেছে। বাজারে ভবিষ্যতে তেলের অতিরিক্ত সরবরাহের আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘ্ন—দুই বিষয়ই বিবেচনায় নেওয়া হচ্ছে।

তবে তিনি সতর্ক করে বলেন, তেলের দাম আবার বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় এখনো অগ্রগতি হয়নি। যেকোনো সময় দুই পক্ষ হরমুজ প্রণালি অবরোধ নিয়ে একে অপরের অবস্থান পরীক্ষা করতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌবিভাগ দাবি করেছে, নিষেধাজ্ঞা অমান্যকারী তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রায় ৫০টি জ্বালানিবাহী জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।

তেলের সরবরাহ বাড়ার আরেকটি ইঙ্গিত পাওয়া গেছে লিবিয়া থেকে। দেশটির শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। একটি গোষ্ঠী অবৈধভাবে পাইপলাইনের ভালভ বন্ধ করে দেওয়ার পর তা পুনরায় চালু করা হয়। লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের চেয়ারম্যান জানিয়েছেন, পাইপলাইন দিয়ে তেল প্রবাহিত হয়ে জাওইয়ার আকাকুস স্থাপনার সংরক্ষণাগারে জমা হতে শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, সরবরাহ পরিস্থিতির উন্নতি তেলের দাম কমাতে সাহায্য করলেও বাজার এখনো বেশ অস্থিতিশীল।

এএনজেড ব্যাংকের জ্যেষ্ঠ পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল হাইনস বলেন, তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাজার এখনো চাপের মধ্যে রয়েছে। তেলের দাম, সরবরাহ চুক্তি, পরিশোধন খাতের মুনাফা এবং বিনিয়োগকারীদের অবস্থান দেখে মনে হচ্ছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, তেল পরিবহনে এখনো নানা বাধা রয়েছে এবং মজুতের পরিমাণও সীমিত। ফলে বাজার এখন তীব্র সরবরাহ সংকট থেকে বেরিয়ে এলেও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরছে না; বরং দীর্ঘস্থায়ী ঝুঁকির মধ্যে রয়েছে।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১
২৪ নভেম্বর ২০২৬

আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত হ...

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন
২৪ নভেম্বর ২০২৬

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার...

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু
২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলতে চান পশ্চিমবঙ্গের মুখ্য...

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
২৪ নভেম্বর ২০২৬

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই