গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

এসএসসির কৃতী শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২০ এএম ২০২৬
এসএসসির কৃতী শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি শিক্ষা বোর্ডের সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জনকে ল্যাপটপ দেবে সরকার। এ হিসাবে দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে প্রাথমিকভাবে ১ হাজার ১০০ শিক্ষার্থী এ সুবিধা পাবেন।

প্রস্তাবনা অনুযায়ী, প্রতিটি বোর্ডে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রমের ভিত্তিতে এ ল্যাপটপ দেওয়া হবে। তবে ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাঁদের বিবেচনায় অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। সব মিলিয়ে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়েও এ ধরনের প্রণোদনা চালুর চিন্তা করছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সরকারের ক্রয়পদ্ধতি পিপিআর-২০২৫ অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্টরা জানান, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সব বিষয়ে জিপিএ-৫ অর্জনকারীদের ৪০ হাজার জনকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হবে। এতে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উদ্যোগের পরিসর আরও বাড়ানো হবে।

তিনি বলেন, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাঁদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ প্রকল্পের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাঁদের সম্পৃক্ত করতে এ পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতা ও শতভাগ মেধার ভিত্তিতে তালিকা চূড়ান্ত করে পাঠাবে।

তিনি আরও জানান, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের ও মানসম্মত কনফিগারেশনের হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি শিক্ষা বোর্ডকে যুক্ত করে সেগুলো হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

যেভাবে নির্বাচিত হবেন শিক্ষার্থীরা

ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, শুধু জিপিএ-৫ পাওয়াই নয়, পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। প্রতিটি বোর্ডের প্রথম ১০০ জন শিক্ষার্থীর মধ্যে বিভাগভিত্তিক অনুপাত বিবেচনায় বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা বোর্ডের কাঠামো অনুসরণ করে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অন্য আটটিতেও একই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বাছাই করা হয়েছে। সব বোর্ডের চূড়ান্ত তালিকা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কারিগরি শিক্ষায় এসএসসি ভোকেশনালের তুলনায় দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম। সে অনুযায়ী আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ বলেন, দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সর্বোচ্চ নম্বরধারীদের নিয়ে তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিন্যাসে বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় তালিকা চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে সরকার এ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তাঁরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল
২৩ নভেম্বর ২০২৬

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের...

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে
২৩ নভেম্বর ২০২৬

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে...

কর্মবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ রাষ্ট্রপতির
২২ নভেম্বর ২০২৬

কর্মবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ রাষ্ট্রপতির

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক র‌্যাংকিংয়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অ...

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
২২ নভেম্বর ২০২৬

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই