যান্ত্রিকতা আর ইট-পাথরের নগরী রাজধানী ঢাকা। ব্যস্ত জীবনের কোলাহলে কিছুটা স্বস্তি ও সবুজের ছোঁয়া পেতে নগরবাসীর অনেকেই ছুটে যান অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলে। জলের টলমলে ঢেউয়ে ভেসে চলা নৌকা, দূরে সেতুর নান্দনিক অবয়ব আর ঝিলের তীরঘেঁষা গাছপালার ছায়া—সব মিলিয়ে প্রতিদিনই এখানে ভিড় করেন অসংখ্য ভ্রমণপিপাসু মানুষ।
এবার হাতিরঝিলের উত্তর বেগুনবাড়ি অংশে নতুন করে নজর কাড়ছে জলের ধারে গড়ে ওঠা ফুলের বাগান ও শাকসবজির চারার সারি। ঝিলের পাড়ে মাটি কেটে তৈরি করা ছোট ছোট বেডে সারিবদ্ধভাবে লাগানো হচ্ছে নানা জাতের ফুল ও সবজির চারা। জলাশয়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সবুজের এই সমন্বয় এলাকাটিতে যোগ করেছে নতুন মাত্রা।
সরেজমিনে দেখা গেছে, হাতিরঝিলের বেগুনবাড়ি অংশের তীরঘেঁষা ঢালে মাটি কেটে তৈরি করা বেডগুলোতে চলছে মাটি আলগা করা ও গাছের পরিচর্যার কাজ। কয়েকজন শ্রমিক নিড়ানি ও কোদাল দিয়ে মাটি প্রস্তুত করছেন। অন্যদিকে পাড়ের ধারে দাঁড়িয়ে কেউ কেউ কাজ তদারক করছেন। বেডের কিনারাজুড়ে হলুদ ও লালচে রঙের ফুলের চারা এবং বিভিন্ন ধরনের সবুজ গাছপালা সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। পাশে শান্ত জলাশয়, গাছের ছায়া এবং পেছনে খিলান আকৃতির সেতু ও নগরকাঠামোর দৃশ্য পুরো পরিবেশে তৈরি করেছে ভিন্ন এক নান্দনিকতা।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনক্রমে ‘ইয়ুথ প্রচেষ্টা ফাউন্ডেশন অব বাংলাদেশ’ নামের একটি বেসরকারি সংস্থা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে হাতিরঝিলের এ অংশে ফুলের বাগান ও শাকসবজির আবাদ করছে।
সংস্থাটির কমিউনিটি কো-অর্ডিনেটর আফসানা রহমান রীচি জানান, নিজস্ব উদ্যোগে ফুলের বাগান ও বিভিন্ন ধরনের চারাগাছ লাগিয়ে এলাকাটির পরিচর্যার প্রস্তাব নিয়ে প্রায় তিন মাস আগে রাজউকের কাছে একটি উপস্থাপনা দেওয়া হয়। প্রস্তাবটি কর্তৃপক্ষের পছন্দ হওয়ায় তারা কাজের অনুমতি দেয়।
আফসানা রহমান রীচি বলেন, এর আগে তিন-চার বছরের বেশি সময় ধরে ওই এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর লোকজন বিভিন্নভাবে কাজ করলেও পর্যাপ্ত প্রশিক্ষণ ও পরিকল্পনার অভাবে অনেক জায়গা জঙ্গলের মতো হয়ে পড়েছিল। একপর্যায়ে রাজউক তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
তিনি বলেন, আগের উদ্যোগে কাজ করে কেউ কেউ লাভবান হয়েছেন, আবার অনেকে প্রত্যাশিত সুফল পাননি। পরে স্থানীয় কয়েকজন তাঁদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা রাজউকের সঙ্গে আলোচনা করেন। এ সময় পর্যটকদের যাতায়াত, স্থানীয়দের খাবার খাওয়া, যত্রতত্র ময়লা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে রাজউকের বাড়তি ব্যয়ের বিষয়গুলো সামনে আসে।
এসব বিবেচনায় ফুলের বাগান ও বিভিন্ন ধরনের চারাগাছ লাগিয়ে এলাকাটির পরিচর্যার প্রস্তাব দেওয়া হয়। অনুমতি পাওয়ার পর কাজ শুরু করেন তাঁরা। আফসানা রহমান রীচির ভাষ্য, কাজ শুরু করার পর ইতিমধ্যে তিন মাস পেরিয়ে গেছে।
তাঁর দাবি, সম্প্রতি রাজউকের প্রতিনিধিরা সরেজমিনে কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। আগের তুলনায় পরিবেশের উন্নতি দেখে তাঁরা আরও বড় পরিসরে কাজ করার অনুমতি দিয়েছেন। শিগগিরই আরও বেশি জায়গাজুড়ে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ উদ্যোগের বিষয়ে রাজউকের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আবু সাঈদ খন্দকার বলেন, হাতিরঝিলের একটি অংশে ঝিলের কিনারায় প্রাথমিকভাবে ইয়ুথ প্রচেষ্টা ফাউন্ডেশন অব বাংলাদেশকে ফুল ও শাকসবজির চারা রোপণের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, এর আগে স্থানীয় জনগণ এ ধরনের কাজ করলেও তেমন সফল হতে পারেনি। ঝিলের পাড়ে ময়লা-আবর্জনা পড়ে থাকত। এ অবস্থায় সংস্থাটি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ফুলের পাশাপাশি সবুজ শাকসবজির চারা রোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে আবেদন জানালে প্রাথমিকভাবে তাদের কাজ করার অনুমতি দেওয়া হয়।
আবু সাঈদ খন্দকার আরো বলেন, উদ্যোগটি সফল হলে হাতিরঝিলের অন্যান্য অংশেও একইভাবে ফুল ও শাকসবজির চারা রোপণের অনুমতি দেওয়া হবে।
ইয়ুথ প্রচেষ্টা ফাউন্ডেশন অব বাংলাদেশের আরেক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর বেগুনবাড়ির এ অংশে এরই মধ্যে প্রায় ৯০০টি ফুল ও বিভিন্ন শাকসবজির চারা রোপণ করা হয়েছে। এসব সবজির মধ্যে রয়েছে পুঁইশাক, ডাঁটাশাক, লালশাক, পালংশাক, কলমিশাক, টমেটো, মরিচ ও ফুলকপি। পাশাপাশি আরও তিন হাজার চারা রোপণের কাজ চলছে। এ কার্যক্রমে সংস্থাটিকে আর্থিক সহায়তা দিচ্ছে ‘পুষ্প’ নামের আরেকটি সংগঠন।
এদিকে হাতিরঝিলের বেগুনবাড়ি অংশে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন সম্প্রসারণ, জীববৈচিত্র্য বৃদ্ধি এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১২ মাস মেয়াদি একটি গবেষণামূলক ও জনগোষ্ঠীভিত্তিক প্রকল্পের প্রস্তাবও রাজউকের চেয়ারম্যানের কাছে জমা দিয়েছে ইয়ুথ প্রচেষ্টা ফাউন্ডেশন অব বাংলাদেশ।
সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ইকরাম উদ্দিন আবিরের আবেদনে ‘বেটার লেক দ্যান নেভার’ শীর্ষক এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধির একটি কার্যকর মডেল গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়েছে। রাজউকের নীতিমালা ও তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নের আশাবাদও ব্যক্ত করেছে সংস্থাটি।
সব মিলিয়ে, হাতিরঝিলের বেগুনবাড়ি অংশে জলের ধার ঘেঁষে গড়ে ওঠা ফুলের বাগান ও চারাগাছের সারি যোগ করেছে নতুন সৌন্দর্য। তবে এ উদ্যোগের স্থায়িত্ব নির্ভর করবে নিয়মিত পরিচর্যা, পরিকল্পিত তদারকি এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর। উদ্যোগটি সফল হলে হাতিরঝিলের অন্যান্য অংশেও এমন সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের সুযোগ তৈরি হতে পারে। এতে রাজধানীর ব্যস্ত নগরজীবনে হাতিরঝিল হয়ে উঠতে পারে আরও সবুজ, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত বিনোদনকেন্দ্র।
এসি/আপ্র/২৪/১১/২০২৬