গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

পরিবারের দারিদ্র্যতা শিশুর জীবনে বয়ে আনছে বহুমাত্রিক সংকট

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৫ এএম ২০২৬
পরিবারের দারিদ্র্যতা শিশুর জীবনে বয়ে আনছে বহুমাত্রিক সংকট
ছবি

ছবি সংগৃহীত

বহুল উচ্চারিত ‘শিশুরাই একটি দেশের ভবিষ্যৎ’ কথাটির সঙ্গে সবাই যতা পরিচিত, এর বাস্তব অর্থের সঙ্গে ততা পরিচিত নন। ভবিষ্যৎকে ভালো করতে হলে আগামী প্রজন্মের শৈশব নিরাপদ করতে হয়। শিশুকে শুধু বিদ্যালয়ে ভর্তি করানো নয়। তাকে শেখার সুযোগ দিতে হয়; শুধু খাবার দেওয়া নয়, পুষ্টি নিশ্চিত করতে হয়; শুধু আইন করা নয়, সহিংসতা ও শোষণ থেকে রক্ষা করতে হয়। শিশুরা হয়তো প্রতিদিন দু’বেলা খাবার পাচ্ছে, ভালো স্কুলে যেতে পারছে না; স্কুলে যাচ্ছে, কিছু শিখছে না; বই আছে, পড়ার পরিবেশ নেই। পরিবারের আয় সামান্য কমলেই তাকে কাজে নামতে হচ্ছে। দারিদ্র্য তখন একটি অর্থনৈতিক অবস্থা থেকে জীবনের বহুমাত্রিক সংকটে পরিণত হয়। এ বিষয় নিয়েই এবারের নারী ও শিশু পাতার প্রধান ফিচার

শিশুর হাতে বই থাকার কথা থাকলেও সেখানে ইটভাটার ধুলো লেগে থাকে; স্কুলে যাওয়ার কথা থাকলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো দোকান, কারখানা কিংবা ওয়ার্কশপে কাজ করে। পুষ্টিকর খাবারের বদলে যদি তার পাতে প্রতিদিন সীমিত কয়েকটি খাবারই জোটে, তাহলে তাকে শুধু ‘শিশু’ বলে ডাকতে যায়। কিন্তু তার জন্য কেমন ভবিষ্যৎ তৈরি করছি, ওই প্রশ্নটি এড়িয়ে যাওয়া যায় না। বাংলাদেশে গত কয়েক দশকে শিশুদের জন্য অনেক অগ্রগতি হয়েছে। প্রাথমিক শিক্ষায় ভর্তি বেড়েছে, শিশুমৃত্যু কমেছে, খর্বতার হার কমেছে, টিকাদান কর্মসূচির বিস্তার ঘটেছে। কিন্তু উন্নয়নের এই ছবির পাশে আরেকটি কঠিন ছবি দাঁড়িয়ে আছে। বাংলাদেশের প্রথম জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী দেশের ২৮ দশমিক ৯ শতাংশ শিশু বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বাস করে। অর্থাৎ শুধু পরিবারের আয় কম—এমন নয়; একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাসস্থান ও প্রয়োজনীয় সেবার একাধিক ঘাটতি তাদের জীবনকে সংকুচিত করে। শিশুদের বহুমাত্রিক দারিদ্র্যের হার প্রাপ্তবয়স্কদের তুলনায়ও বেশি।

শিশুর ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ শিক্ষা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন ভর্তির কাছাকাছি পৌঁছেছে। কিন্তু বিদ্যালয়ে প্রবেশ আর সত্যিকার অর্থে শিক্ষা অর্জন এক বিষয় নয়। ইউনিসেফের তথ্য বলছে, ২০২৩ সাল নাগাদ প্রাথমিক বিদ্যালয়ে বয়সী শিশুদের প্রায় ৯৭ শতাংশ বিদ্যালয়ে ভর্তি হলেও ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৫১ শতাংশ একটি সাধারণ অনুচ্ছেদও পড়তে পারে না। অর্থাৎ আমাদের বড় সমস্যা এখন শুধু স্কুলে আনা নয়, স্কুলে এনে শেখানো। এখানেই ‘শিখন দারিদ্র্য’ শব্দটি বিশেষ গুরুত্ব পায়। একটি শিশু বছরের পর বছর স্কুলে গিয়ে যদি পড়তে না পারে, মৌলিক হিসাব করতে না পারে, নিজের ভাবনা প্রকাশ করতে না পারে, তাহলে তার হাতে সনদ তুলে দেওয়া হলেও ভবিষ্যতের শ্রমবাজারে সে কতা সক্ষম হবে, সেই প্রশ্ন থেকেই যায়। আরও উদ্বেগের বিষয় হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার ধারাবাহিকতা কমে যায়। বর্তমানে প্রাথমিক স্তরের পর শিক্ষার পথ অনেক শিশুর জন্য ক্রমেই সংকীর্ণ হয়ে আসে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মাত্র ৬৪ শতাংশ শিশু মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পারে। দরিদ্র পরিবার, প্রতিবন্ধী শিশু এবং দুর্যোগপ্রবণ এলাকার শিশুরা ঝরে পড়ার বেশি ঝুঁকিতে থাকে।

শিশুশ্রম এই ব্যর্থতার সবচেয়ে দৃশ্যমান চিহ্নগুলোর একটি। শিশুর হাতে বই থাকার বয়সে হাতে যদি কাজের সরঞ্জাম উঠে আসে, তাহলে শুধু একটি শিশুর শৈশবই হারায় না; একটি দেশের মানবসম্পদের ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হয়। ২০২৫ সালের বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ৯ দশমিক ২ শতাংশ শিশুশ্রমে যুক্ত। ২০১৯ সালে এই হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ শিশুশ্রমের বিরুদ্ধে অগ্রগতির জায়গায় সাম্প্রতিক সময়ে উল্টো উদ্বেগ তৈরি হয়েছে। সবচেয়ে দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে শিশুশ্রমের হার সবচেয়ে ধনী পরিবারের তুলনায় কয়েক গুণ বেশি। স্কুলের বাইরে থাকা শিশুরা আরও বেশি ঝুঁকিতে। তাদের মধ্যে শিশুশ্রমের হার বিদ্যালয়ে থাকা শিশুদের তুলনায় চার গুণ বেশি। এখানে একটি নির্মম বাস্তবতা আছে। যে পরিবার আজ খাবারের নিশ্চয়তা নিয়ে অনিশ্চিত, সেই পরিবারকে শুধু আইন দেখিয়ে শিশুকে কাজে না পাঠাতে বলা কঠিন। তাই শিশুশ্রম বন্ধ করতে হলে পরিবারের অর্থনৈতিক নিরাপত্তাকেও নীতির অংশ করতে হবে। শিশুকে কাজ থেকে সরিয়ে এনে তার পরিবারকে অনাহারে রাখা কোনো সমাধান নয়। সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, নগদ সহায়তা, স্কুলভিত্তিক খাবার এবং দরিদ্র পরিবারের জন্য শিক্ষাবৃত্তির সমন্বিত ব্যবস্থা প্রয়োজন।

শিশুর ভবিষ্যৎ শুধু শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যেই তৈরি হয় না; তৈরি হয় তার খাবারের প্লেটেও। ২০২৪ সালের ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের পাঁচ বছরের কম বয়সী প্রতি তিনটি শিশুর মধ্যে দুটি শিশু ‘চাইল্ড ফুড পভার্টি’ বা খাদ্য দারিদ্র্যের মধ্যে রয়েছে। অর্থাৎ প্রায় এক কোটি শিশু বয়স ও বিকাশের জন্য প্রয়োজনীয় বৈচিত্র্যময় খাদ্য পায় না। প্রতি পাঁচটি শিশুর মধ্যে একজন গুরুতর খাদ্য দারিদ্র্যের মধ্যে রয়েছে এবং মাত্র এক-দুই ধরনের খাবারের ওপর নির্ভর করছে। আর ২০২৫ সালের এমআইসিএসের প্রাথমিক ফলাফল আরও সতর্ক হওয়ার কারণ তৈরি করেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টিজনিত ওজনহ্রাস বা ওয়েস্টিংয়ের হার ২০১৯ সালের ৯ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ১২ দশমিক ৯ শতাংশ হয়েছে। একই জরিপে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮ শতাংশ শিশুর রক্তে উদ্বেগজনক মাত্রার সীসা পাওয়া গেছে।

সীসা বিষক্রিয়ার বিষয়টি বিশেষভাবে ভয়াবহ। কারণ এর ক্ষতি অনেক সময় চোখে দেখা যায় না। শিশুর মস্তিষ্কের বিকাশ, শেখার সক্ষমতা ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ওপর এর প্রভাব পড়তে পারে। অর্থাৎ আমরা এমন এক প্রজন্ম তৈরি করার ঝুঁকিতে আছি- যার কিছু ক্ষতি হয়তো পরিসংখ্যানে ধরা পড়বে অনেক পরে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি নীরব সংকট—সহিংসতা। একই জরিপে দেখা গেছে, ৮৬ শতাংশ শিশু সম্প্রতি কোনো না কোনো ধরনের সহিংস শাসনের শিকার হয়েছে। অর্থাৎ শিশুর নিরাপত্তার সবচেয়ে বড় প্রশ্ন কখনো কখনো তার নিজের ঘরেই উপস্থিত।

জলবায়ু পরিবর্তনও বাংলাদেশের শিশুদের ভবিষ্যতের ওপর নতুন চাপ তৈরি করছে। ২০২৪ সালে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যার মতো জলবায়ুজনিত দুর্যোগে বাংলাদেশে প্রায় ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত হয়েছিল বলে ইউনিসেফ জানিয়েছে। কোনো কোনো অঞ্চলে শিশুরা বছরে আট সপ্তাহ পর্যন্ত নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এটি কেবল ‘স্কুল বন্ধ’ হওয়ার ঘটনা নয়। কয়েক সপ্তাহের শিক্ষাবিচ্ছিন্নতা একজন দরিদ্র শিশুকে স্থায়ীভাবে স্কুলের বাইরে ঠেলে দিতে পারে। বিশেষ করে কিশোরীদের ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হতে পারে বাল্যবিবাহ। ফলে জলবায়ু নীতি ও শিশু নীতিকে আলাদা করে দেখার সুযোগ আর নেই।

শিশুদের জন্য বিচ্ছিন্ন প্রকল্পের বদলে একটি সমন্বিত জাতীয় শিশু বিনিয়োগ নীতি প্রয়োজন। জন্মের পর পুষ্টি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রাক্-প্রাথমিক শিক্ষা, মানসম্মত বিদ্যালয়, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা এবং দক্ষতা- সবকিছুকে একই ধারায় দেখতে হবে। শিশুশ্রমের ক্ষেত্রেও শুধু অভিযান পরিচালনা যথেষ্ট নয়। কোন এলাকায় কোন ধরনের শিশুশ্রম বেশি, কেন শিশুরা কাজে যাচ্ছে, পরিবারের আয় কতা ঝুঁকিপূর্ণ- এসব তথ্যের ভিত্তিতে লক্ষ্যভিত্তিক কর্মসূচি দরকার। শ্রম পরিদর্শন ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। পুষ্টির ক্ষেত্রেও শুধু অপুষ্ট শিশুকে চিকিৎসা দেওয়ার বদলে গর্ভকাল থেকেই বিনিয়োগ করতে হবে। মায়ের পুষ্টি, বুকের দুধ, শিশুর বৈচিত্র্যময় খাদ্য, স্কুল ফিডিং এবং নিরাপদ পানি- এসবকে একই নীতির অংশ করতে হবে।


কেএমএএ/আপ্র/২৫.১১.২৬

সংশ্লিষ্ট খবর

নিরাপদ হোক প্রতিটি নারীর জীবন
২৫ নভেম্বর ২০২৬

নিরাপদ হোক প্রতিটি নারীর জীবন

নজরুল ইসলামনারী সমাজের অর্ধেক জনগোষ্ঠী। পরিবার, সমাজ, রাষ্ট্র ও জাতীয় উন্নয়নে নারীর অবদান অপরিসীম। স...

ঋণ সহায়তা ১১ ও চাকরি পেলেন সুবিধাবঞ্চিত ৬৮ তরুণী
২৫ নভেম্বর ২০২৬

ঋণ সহায়তা ১১ ও চাকরি পেলেন সুবিধাবঞ্চিত ৬৮ তরুণী

শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী...

পারিবারিক ও সামাজিক উন্নয়নে নারীর আয় দরকার
১৮ নভেম্বর ২০২৬

পারিবারিক ও সামাজিক উন্নয়নে নারীর আয় দরকার

বাংলাদেশে মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেকই নারী। তারা শিক্ষায় এগিয়ে যাচ্ছে এবং পোশাকশিল্পসহ অনেক খাতে ক...

ভিক্ষার পাত্র হাতে পথশিশুর কাছে নতুন জীবনের স্বপ্ন বই
১৮ নভেম্বর ২০২৬

ভিক্ষার পাত্র হাতে পথশিশুর কাছে নতুন জীবনের স্বপ্ন বই

একটি শিশুর হাতে বই থাকার কথা, থাকার কথা রঙিন পেনসিল, খাতা আর স্কুলের ব্যাগ। বিকাল হলে তার ছুটে যাওয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে