নজরুল ইসলাম
নারী সমাজের অর্ধেক জনগোষ্ঠী। পরিবার, সমাজ, রাষ্ট্র ও জাতীয় উন্নয়নে নারীর অবদান অপরিসীম। সভ্যতার অগ্রযাত্রায় পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে ভূমিকা রেখে চলেছেন। শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, প্রশাসন, রাজনীতি ও অর্থনীতিসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীর সাফল্য আজ দৃশ্যমান। কিন্তু এত অর্জন ও অগ্রগতির পরও নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ও বৈষম্য বন্ধ হয়নি। বরং বিভিন্ন সময়ে নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা আমাদের উদ্বিগ্ন করে তুলছে। ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় এবং নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে স্মরণ করিয়ে দেয়।
নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি। শারীরিক নির্যাতন, মানসিক নিপীড়ন, যৌন হয়রানি, ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, অ্যাসিড নিক্ষেপ, কর্মক্ষেত্রে হয়রানি এবং সাইবার বুলিং—সবই নারী নির্যাতনের বিভিন্ন রূপ। ঘরে-বাইরে, শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে, গণপরিবহনে কিংবা অনলাইন জগতে অনেক সময় নারীরা নানা ধরনের হয়রানির শিকার হতে হয় । কখনো কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার নারীরা সামাজিক সম্মানহানির ভয়ে মুখ খুলতে চান না। আবার কোথাও কোথাও প্রভাবশালী অপরাধীদের ভয়ে অভিযোগ জানাতেও সাহস পান না। ফলে অনেক অপরাধই আড়ালে থেকে যায়।
বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হলেও নারীর নিরাপত্তা এখনো বড় চ্যালেঞ্জ। নারী ও শিশু নির্যাতনের সংবাদ প্রায় প্রতিদিনই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিশেষ করে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌতুকের কারণে হত্যা এবং পারিবারিক সহিংসতার ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দেয়। এসব ঘটনা শুধু একজন নারীর জীবনকেই বিপর্যস্ত করে না, একটি পরিবার ও সমাজের ওপরও দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনেক ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁকফোকর, রাজনৈতিক প্রভাব কিংবা সামাজিক ক্ষমতার অপব্যবহার করে পার পেয়ে যায়।
নারী নির্যাতন প্রতিরোধে প্রথমেই প্রয়োজন মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। নারীকে দুর্বল, অধস্তন কিংবা পুরুষের অধীন হিসেবে দেখার মানসিকতা পরিহার প্রয়োজন। পরিবার থেকেই নারী-পুরুষের সমান অধিকার, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই শেখাতে হবে, নারী কোনো ভোগের বস্তু নয়; তিনি একজন স্বতন্ত্র মানুষ এবং তাঁরও রয়েছে সমান মর্যাদা, অধিকার ও স্বাধীনতা। নারীর পোশাক, চলাফেরা কিংবা স্বাধীনতাকে নির্যাতনের কারণ হিসেবে দেখার প্রবণতা বন্ধ করতে হবে। অপরাধের দায় সব সময় অপরাধীর, ভুক্তভোগীর নয়।
নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্যাতনের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত তদন্ত, অপরাধীকে গ্রেপ্তার এবং নিরপেক্ষ বিচার নিশ্চিতকরা। বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমাতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান কিংবা অর্থনৈতিক ক্ষমতা যেন বিচারের পথে বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নির্যাতিত নারীর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করাও সময়ের দাবি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা থাকতে হবে। কর্মক্ষেত্রে অভিযোগ জানানোর নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর ছবি, পরিচয় ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে হয়রানি এবং ব্ল্যাকমেইল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।
গণমাধ্যম, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয়নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের সর্বস্তরের মানুষকে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নির্যাতনের শিকার নারীকে দোষারোপ না করে তাঁর পাশে দাঁড়াতে হবে। কোনো ঘটনা ঘটলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করতে হবে। স্থানীয় পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি, নারী সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
শেষ কথা হবে, নারীকে নিরাপত্তা দিতে না পারলে একটি সমাজ কখনো প্রকৃত অর্থে উন্নত হতে পারে না। নারীর সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু নারীর একার দাবি নয়, এটি মানবাধিকার এবং রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বেরও অংশ। নারীকে ঘরে-বাইরে নিরাপদ পরিবেশ দিতে পারলেই তাঁর মেধা, যোগ্যতা ও সৃজনশীলতার পূর্ণ বিকাশ ঘটবে। তাই ২৫ নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধ দিবসে আমাদের অঙ্গীকার হোক—নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। শুধু দিবস পালন কিংবা সভা-সেমিনারে সীমাবদ্ধ না থেকে; প্রয়োজন কার্যকর উদ্যোগ ও সামাজিক আন্দোলন। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা নিশ্চিত হোক। নারী নির্যাতনমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হোক আমাদের প্রত্যাশা। নারীর চোখে আতঙ্ক নয়, থাকুক নিরাপত্তা ও আত্মবিশ্বাসের স্বপ্ন। নারীর সম্মান ও মর্যাদা নিয়ে—এটাই হোক আজকের এই দিনে সবার অঙ্গীকার।
লেখক: গণমাধ্যমকর্মী ও সমাজচিন্তক
কেএমএএ/আপ্র/২৫.১১.২৬