শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির লক্ষ্যে বাগেরহাটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত কিশোরী ও যুবতীদের কর্মমুখী দক্ষতা উন্নয়ন এবং চাকরির সুযোগ তৈরিতে সোমবার (২৩ নভেম্বর) বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে এ মেলার আয়োজন করা হয়।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এবং জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহযোগিতায় বিকল্প শিক্ষা কর্মসূচির (এএলপি) আওতায় আয়োজিত চাকরি মেলায় ৬৮ নারী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পেয়েছেন। এর পাশাপাশি নতুন ১১ জন তরুণ উদ্যোক্তাকে দেওয়া হয়েছে ঋণ সহায়তা। ‘ইকোসিস্টেমভিত্তিক বিকল্প শিক্ষা কর্মসূচির মাধ্যমে বাজার চাহিদাভিত্তিক স্থানান্তরযোগ্য দক্ষতা অর্জনের মধ্য দিয়ে সবচেয়ে সুবিধাবঞ্চিত কিশোরী ও তরুণীদের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথী। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ফিন্যান্স ম্যানেজার কাজী খলিল উল্যাহর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শুভেন্দু ঘোষ, বাগেরহাট প্রেসক্লাবের প্রতিনিধি এসএম সামছুর রহমান, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বাগেরহাটের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার সিংহ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নারীদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক ক্ষমতায়নের বিকল্প নেই। বিশেষ করে সুবিধাবঞ্চিত কিশোরী ও যুব নারীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা গেলে তারা নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থারও পরিবর্তন ঘটাতে পারবেন। তবে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজারের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন জরুরি। নিয়োগকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে তারা বলেন, শুধু অভিজ্ঞতাসম্পন্ন কর্মী নয়; নতুন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদেরও কাজের সুযোগ দিতে হবে। কার, আজকের একজন প্রশিক্ষণার্থীই আগামী দিনের দক্ষ কর্মী কিংবা সফল উদ্যোক্তা হতে পারেন।
প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০২০ সালে শুরু হওয়া বিকল্প শিক্ষা কর্মসূচির মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ও স্কুলের বাইরে থাকা ১৫ থেকে ২৪ বছর বয়সী কিশোরী ও তরুণীদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। এ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ, জীবনদক্ষতা অর্জন, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চাকরি মেলায় অংশগ্রহণকারী প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীদের জন্য এটি কর্মজীবনে প্রবেশের একটি সম্ভাবনাময় সুযোগ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে চাকরি পাওয়া, নিজের আয় তৈরি করা এবং পরিবারের আর্থিক সহযোগী হওয়ার প্রত্যাশা তাদের মধ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। চাকরিপ্রত্যাশীদের জন্য এ ধরনের আয়োজন শুধু চাকরি খোঁজার সুযোগ নয়, বরং নিজেদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরারও একটি ক্ষেত্র।
কেএমএএ/আপ্র/২৫.১১.২৬