গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

প্রথমবার ধরা পড়ল মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক স্পন্দন

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৪১ এএম ২০২৬
প্রথমবার ধরা পড়ল মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক স্পন্দন
ছবি

কাছাকাছি থাকা সঙ্গী তারা থেকে মৃতপ্রায় তারার দিকে উপাদান টেনে নেওয়ার পরোক্ষ প্রমাণ হল এসব চাকতি -ছবি ইএসও

সূর্যের মতো তারার মৃত্যু যে পুরোপুরি নিঃশব্দে ঘটে না, তার প্রথম প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। উত্তর চিলিতে অবস্থিত বিশ্বের বৃহত্তম রেডিও দূরবীক্ষণব্যবস্থা ‘আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে’ বা অ্যালমার পর্যবেক্ষণে ধরা পড়েছে একটি মৃতপ্রায় তারার শেষ পর্যায়ের তাপ-পারমাণবিক বিস্ফোরণের চিহ্ন। নতুন এই পর্যবেক্ষণ থেকে সূর্যের ভবিষ্যৎ পরিণতি এবং তারার মৃত্যুর প্রক্রিয়া সম্পর্কে প্রচলিত ধারণায় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন গবেষকরা।

গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার জেট প্রপালশন গবেষণাগারের বিজ্ঞানী রাঘবেন্দ্র সাহাই। তাঁর মতে, এতদিন বিজ্ঞানীরা গাণিতিক মডেলের সাহায্যে এ ধরনের ঘটনার ধারণা করলেও এবার প্রথমবারের মতো গ্যাসের মধ্যে সংরক্ষিত একটি তারার শেষ পারমাণবিক স্পন্দনের বাস্তব চিত্র পাওয়া গেছে।

বিষয়টি বুঝতে হলে সূর্যের মতো তারার জীবনচক্র সম্পর্কে জানা প্রয়োজন। এ ধরনের তারার কেন্দ্রে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরির পারমাণবিক সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। একসময় কেন্দ্রের হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে গেলে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তখন কেন্দ্রের ভেতরের দিকে মহাকর্ষীয় আকর্ষণ সামাল দেওয়ার মতো বাইরের দিকে শক্তির চাপ আর থাকে না। ফলে তারার কেন্দ্র সংকুচিত হয়ে শ্বেত বামনে পরিণত হতে থাকে।

এ সময় কেন্দ্রের বাইরের স্তরগুলো প্রসারিত হয়ে তারাটিকে বিশাল আকার দেয়। সৃষ্টি হয় লোহিত দানব দশা। পরবর্তী সময়ে তারার বাইরের স্তরগুলো শীতল হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রে থাকা শ্বেত বামনকে ঘিরে গ্যাসীয় আবরণ তৈরি করে। এই গঠনকে বলা হয় গ্রহীয় নীহারিকা।

তবে এই বিবর্তন সব সময় মসৃণভাবে ঘটে না। লোহিত দানব দশায় তারার ভেতরে হাইড্রোজেন ও হিলিয়ামের স্তরে মাঝেমধ্যে তীব্র পারমাণবিক সক্রিয়তা দেখা দেয়। এসব আকস্মিক ঘটনাকে বলা হয় তাপীয় স্পন্দন। এর ফলে তারার উপাদান বিপুল বেগে মহাকাশে ছিটকে বেরিয়ে যায়।
১২ হাজার আলোকবর্ষ দূরের তারায় বিরল পর্যবেক্ষণ: তারার জীবনের শেষ পর্যায়ের এই ঘটনা অনুসন্ধানে গবেষকরা মনোসেরস নক্ষত্রমণ্ডলে অবস্থিত ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’ নামের একটি তারাকে পর্যবেক্ষণ করেন। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১২ হাজার আলোকবর্ষ।

অ্যালমার পর্যবেক্ষণে তারাটির চারপাশে গ্যাসের একটি বিশাল বলয় দেখা গেছে। গবেষকদের ধারণা, এটি তারাটির শেষ তাপীয় স্পন্দনের সময় মহাকাশে ছড়িয়ে পড়া উপাদানের সংরক্ষিত চিহ্ন। বলয়টি একটি বালিঘড়ি আকৃতির গঠনরত গ্রহীয় নীহারিকাকে ঘিরে রয়েছে।

গবেষকদের হিসাব অনুযায়ী, গ্যাসের এই আবরণ প্রায় অর্ধেক আলোকবর্ষ এলাকাজুড়ে বিস্তৃত। প্রায় ছয় হাজার ৫০০ বছর আগে তারাটি থেকে এসব উপাদান মহাকাশে ছড়িয়ে পড়েছিল।

পর্যবেক্ষণে আরো দেখা গেছে, বিস্ফোরণের পর প্রায় দুই হাজার বছর ধরে তারাটি ধীরগতিতে ভর হারিয়েছে। পরবর্তী এক হাজার বছরে ভর হারানোর গতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর ফলে তারাটির চারপাশে গ্যাসের অসম ও জটিল আবরণ তৈরি হয়েছে। বর্তমানে এসব উপাদান পরস্পর জড়ানো তন্তুর মতো দেখাচ্ছে।

তন্তুগুলোর সর্পিল গঠন থেকে গবেষকরা ধারণা করছেন, তারাটির আশপাশে একটি অদৃশ্য সঙ্গী তারা থাকতে পারে। এর মহাকর্ষীয় প্রভাবে চারপাশের গ্যাসের প্রবাহে আলোড়ন সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, তারাটির কাছাকাছি থাকা বালিঘড়ি আকৃতির নীহারিকাটি প্রায় ৭০০ বছর আগে তৈরি হতে শুরু করেছে। অর্থাৎ মহাজাগতিক সময়ের হিসাবে খুব সম্প্রতি তারাটি লোহিত দানব দশা অতিক্রম করেছে।

রাসায়নিক গঠনে মিলছে না প্রচলিত তত্ত্ব: গবেষণায় মৃতপ্রায় তারাটির চারপাশের উপাদানে কার্বন, অক্সিজেন ও নাইট্রোজেনের বিভিন্ন ভারী আইসোটোপের অপ্রত্যাশিত প্রাচুর্য পাওয়া গেছে। এসব উপাদানের উপস্থিতি প্রচলিত নাক্ষত্রিক বিবর্তন মডেলের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

সাধারণত সূর্যের মতো তারাগুলো কীভাবে বিভিন্ন মৌল তৈরি করে এবং সেগুলো মহাকাশে ছড়িয়ে দেয়, সে বিষয়ে বিজ্ঞানীদের প্রতিষ্ঠিত কিছু তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। কিন্তু নতুন পর্যবেক্ষণের রাসায়নিক বৈশিষ্ট্য সেই ব্যাখ্যাকে আরো জটিল করে তুলেছে। এর আগে কিছু অস্বাভাবিক নাক্ষত্রিক বস্তুর ক্ষেত্রেও এমন বৈশিষ্ট্য দেখা গেছে। সেসব ক্ষেত্রে প্রচণ্ড পারমাণবিক সংযোজনজনিত বিস্ফোরণকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

গবেষণায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। মৃতপ্রায় তারার আশপাশে সাধারণত সঙ্গী তারার উপস্থিতি এবং ধূলিকণার ঘন চাকতির অস্তিত্ব দেখা যায়। কাছাকাছি থাকা সঙ্গী তারা থেকে মৃতপ্রায় তারার দিকে গ্যাস ও অন্যান্য উপাদান প্রবাহিত হওয়ার ফলে এমন চাকতি তৈরি হতে পারে। বিজ্ঞানীরা মনে করেন, এসব চাকতি থেকে উৎপন্ন উচ্চগতির জেট বা পদার্থের প্রবল প্রবাহ অনেক সময় গ্রহীয় নীহারিকার বালিঘড়ি আকৃতির গঠন তৈরি করে।

কিন্তু ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’ তারাটির আশপাশে অ্যালমা পর্যবেক্ষণে এমন কোনো চাকতির অস্তিত্ব পাওয়া যায়নি। গবেষকদের ধারণা, সেখানে একসময় চাকতি থাকতে পারে, তবে সেটি ছিল স্বল্পস্থায়ী। ওই চাকতি থেকে উচ্চগতির জেট প্রবাহ তৈরি হয়ে নীহারিকার বালিঘড়ি আকৃতি গঠনে ভূমিকা রাখার পর বিলীন হয়ে যেতে পারে।

গবেষক রাঘবেন্দ্র সাহাই বলেন, মৃতপ্রায় তারাগুলোর ক্ষেত্রে প্রায়ই অদৃশ্য সঙ্গী তারার উপস্থিতি দেখা যায়। এসব সঙ্গী তারার প্রভাবে মহাকাশে ছড়িয়ে পড়া উপাদান গোলাকার না হয়ে জটিল দ্বিমেরু কিংবা বহুমেরু আকৃতি ধারণ করে। ‘আইআরএএস ০৬৫৩০’ দেখিয়েছে, এ ধরনের নাক্ষত্রিক বিবর্তনের প্রক্রিয়া বিজ্ঞানীদের এতদিনের ধারণার চেয়েও বেশি জটিল।

বিজ্ঞানীদের কাছে এই পর্যবেক্ষণ তাই শুধু একটি মৃতপ্রায় তারার শেষ মুহূর্তের ছবি নয়; বরং সূর্যের মতো তারার চূড়ান্ত পরিণতি, পারমাণবিক সক্রিয়তা এবং মহাকাশে মৌল ছড়িয়ে পড়ার প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে নতুন গবেষণার পথ খুলে দিয়েছে। সূত্র: মহাকাশবিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডটকম
সানা/আপ্র/২৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পের চাপে প্রধান নির্বাহীর পদে ফিরলেন জেনসেন হুয়াং
২৪ নভেম্বর ২০২৬

ট্রাম্পের চাপে প্রধান নির্বাহীর পদে ফিরলেন জেনসেন হুয়াং

চীনের সন্দেহভাজন এক গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে পদত্যাগের দুই সপ্তাহেরও কম সময়ের...

রাতের আকাশে তারার চেয়ে বাড়ছে স্যাটেলাইট
২৩ নভেম্বর ২০২৬

রাতের আকাশে তারার চেয়ে বাড়ছে স্যাটেলাইট

যুক্তরাজ্যের অধিকাংশ শহরের রাতের আকাশে খালি চোখে দেখা যায় এমন তারার তুলনায় স্যাটেলাইটের সংখ্যা বেশি।...

অ্যান্ড্রোমিডায় একীভূত হলো দুই তারা, বিরল দৃশ্যের সাক্ষী বিজ্ঞানীরা
২১ নভেম্বর ২০২৬

অ্যান্ড্রোমিডায় একীভূত হলো দুই তারা, বিরল দৃশ্যের সাক্ষী বিজ্ঞানীরা

মহাকাশে দুটি নক্ষত্রের একীভূত হয়ে একটি নক্ষত্রে পরিণত হওয়ার বিরল ঘটনা প্রথমবারের মতো শুরু থেকে শেষ প...

অ্যানথ্রপিকের ৯৬ শতাংশ কর্মী এখন কোটিপতি
২১ নভেম্বর ২০২৬

অ্যানথ্রপিকের ৯৬ শতাংশ কর্মী এখন কোটিপতি

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেকের পর কোম্পানিটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে