গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

অ্যানথ্রপিকের ৯৬ শতাংশ কর্মী এখন কোটিপতি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৭ এএম ২০২৬
অ্যানথ্রপিকের ৯৬ শতাংশ কর্মী এখন কোটিপতি
ছবি

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক শেয়ারবাজার নাসডাকে লেনদেনের প্রথম দিনেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বাজারমূল্য পৌঁছেছে ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন ডলারে -ছবি রয়টার্স

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেকের পর কোম্পানিটির প্রায় ৯৬ শতাংশ কর্মী কাগজে-কলমে কোটিপতি হয়েছেন। তাঁদের হাতে থাকা শেয়ারের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ডলারের বেশি। এর মধ্যে প্রায় ৬০০ কর্মীর শেয়ারের মূল্য ১০ কোটি ডলার ছাড়িয়েছে।

গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক শেয়ারবাজার নাসডাকে লেনদেন শুরু করে অ্যানথ্রপিক। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয় ৮৩ ডলার। প্রথম দিনের লেনদেন শেষে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি ডলার।

নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অ্যানথ্রপিকের কর্মীসংখ্যা ছিল ৫ হাজার ৩০০। বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান হিল ডটকমের হিসাব অনুযায়ী, তাঁদের মধ্যে প্রায় ৫ হাজার ১০০ জনের হাতে থাকা শেয়ারের মূল্য ১০ লাখ ডলারের বেশি। প্রায় ২ হাজার ৮০০ কর্মীর শেয়ারের মূল্য ১ কোটি ডলার ছাড়িয়েছে। আর প্রায় ৬০০ কর্মীর শেয়ারের মূল্য ১০ কোটি ডলারের বেশি।

অ্যানথ্রপিকের কর্মীরা নিজেদের মধ্যে ‘অ্যান্টস’ নামে পরিচিত। হিল ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু বেনসন গত বৃহস্পতিবার সিএনএনকে বলেন, এত অল্প সময়ে এমন ঘটনা ঘটাই সবচেয়ে বিস্ময়কর। তাঁর মতে, প্রতিষ্ঠানটিতে কর্মীদের চাকরি ছাড়ার প্রবণতা কম ছিল। কারণ, তাঁরা বুঝতে পেরেছিলেন, প্রতিষ্ঠান ছেড়ে গেলে বড় ধরনের আর্থিক সুযোগ হাতছাড়া হতে পারে।

সিলিকন ভ্যালির নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের বেতনের পাশাপাশি শেয়ার দেওয়ার প্রচলন রয়েছে। এসব প্রতিষ্ঠান সাধারণত নগদ অর্থের সংকটে থাকে। তাই বেতনের একটি অংশের বিকল্প হিসেবে কর্মীদের শেয়ার বা শেয়ার কেনার সুযোগ দেওয়া হয়। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে কিংবা বড় কোনো কোম্পানির কাছে বিক্রি হলে এসব শেয়ারের মূল্য বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে কর্মীরা দীর্ঘদিন প্রতিষ্ঠানে থাকতে এবং পরিশ্রম করতে উৎসাহিত হন।

তবে অ্যানথ্রপিকের মতো এত বড় পরিসরে এবং এত দ্রুত কোনো নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানের বেড়ে ওঠার নজির খুব বেশি নেই। ২০২১ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির কর্মীসংখ্যা ২০২৪ সালের শেষেও এক হাজারের কম ছিল।

বেনসনের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানে আর্থিক সাফল্যের ক্ষেত্রে জ্যেষ্ঠ পদে থাকার চেয়ে আগে যোগ দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, প্রতিষ্ঠানের নিচের সারির কোনো কর্মীও যদি ২০২৩ বা ২০২৪ সালে যোগ দিয়ে থাকেন, তাহলে চলতি বছরের শুরুতে যোগ দেওয়া কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার চেয়ে তাঁর আর্থিক লাভ বেশি হতে পারে।

অ্যানথ্রপিকের কর্মীদের সম্পদ বৃদ্ধির সঙ্গে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের কর্মীদের সম্পদ অর্জনের তুলনা করা হচ্ছে। দুই দশকের বেশি সময় বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হওয়ার পর চলতি বছরের জুনে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় স্পেসএক্স। প্রতিষ্ঠানটির প্রায় ২২ হাজার কর্মীর মধ্যে ৪ হাজার ৪০০ জন কোটিপতি হন।

অ্যানথ্রপিকের আইপিওর একটি বিশেষ দিক ছিল, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নন এমন কর্মীরাও প্রথম দিন থেকেই শেয়ার বিক্রির সুযোগ পেয়েছেন। সাধারণত কোনো প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কর্মীদের শেয়ার বিক্রিতে নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা থাকে, যা ‘লকআপ পিরিয়ড’ নামে পরিচিত। এ সময় সাধারণত তিন থেকে ছয় মাস। তবে অ্যানথ্রপিকের ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা রাখা হয়েছিল। প্রতিষ্ঠাতা নন এমন কর্মীরা লেনদেন শুরুর দিন তাঁদের হাতে থাকা শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ বিক্রি করতে পেরেছেন। যদিও প্রথম দিন কতজন কর্মী এ সুযোগ নিয়েছেন, তা জানা যায়নি।

স্পেসএক্সের কর্মীরা টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকলেও অ্যানথ্রপিকের কর্মীদের বড় অংশের অবস্থান সান ফ্রান্সিসকোতে। ফলে তাঁদের সম্পদ বৃদ্ধির প্রভাব শহরটির অর্থনীতিতে, বিশেষ করে আবাসনবাজারে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সান ফ্রান্সিসকোতে এমনিতেই বাড়ির দাম বাড়ছে। আবাসনবিষয়ক প্রতিষ্ঠান রেডফিনের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে শহরটিতে একটি বাড়ির বিক্রয়মূল্য ছিল ১৭ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রজুড়ে বাড়ির বিক্রয়মূল্য প্রায় অপরিবর্তিত ছিল। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশজুড়ে বাড়ির গড় বিক্রয়মূল্য ছিল প্রায় ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলার।
সানা/আপ্র/২১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অ্যান্ড্রোমিডায় একীভূত হলো দুই তারা, বিরল দৃশ্যের সাক্ষী বিজ্ঞানীরা
২১ নভেম্বর ২০২৬

অ্যান্ড্রোমিডায় একীভূত হলো দুই তারা, বিরল দৃশ্যের সাক্ষী বিজ্ঞানীরা

মহাকাশে দুটি নক্ষত্রের একীভূত হয়ে একটি নক্ষত্রে পরিণত হওয়ার বিরল ঘটনা প্রথমবারের মতো শুরু থেকে শেষ প...

নয় শহরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের হ্যাকাথন শেষ
১৬ নভেম্বর ২০২৬

নয় শহরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের হ্যাকাথন শেষ

দেশের নয়টি শহরে একযোগে দুই দিনের হ্যাকাথনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ...

সাইবার বুলিং ব্যক্তির মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত
১৫ নভেম্বর ২০২৬

সাইবার বুলিং ব্যক্তির মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত

ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করেছে। শিক্ষা, যোগাযোগ, তথ্যপ্রাপ্তি ও বিনোদনের বিস্তৃত সুযোগ তৈরি করেছ...

সোশ্যাল মিডিয়ায় অবিরাম স্ক্রলিংয়ে হারাচ্ছে সময় ও মনোযোগ
১৫ নভেম্বর ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অবিরাম স্ক্রলিংয়ে হারাচ্ছে সময় ও মনোযোগ

প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এই অগ্রগতির আড়ালে নীরবে বদলে যাচ্ছে মানুষের চিন্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে