গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

রোহিঙ্গা গণহত্যার রায়ে গভীরভাবে হতাশ মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৯ এএম ২০২৬
রোহিঙ্গা গণহত্যার রায়ে গভীরভাবে হতাশ মিয়ানমার
ছবি

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর জেনোসাইডের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণার দিন আদালতের শুনানিতে অংশ নেন মিয়ানমারের প্রেসিডেন্ট দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী কো কো হ্লাইং -ছবি রয়টার্স

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ে গভীর হতাশা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে আদালতের রায়ে ভিন্নমত থাকায় সেটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়নি বলে উল্লেখ করেছে নেপিডো। তবে গাম্বিয়া বলেছে, আন্তর্জাতিক আইনে এ রায় মানতে বাধ্য মিয়ানমার।

গত শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আদালতের রায়টি ভিন্নমতসহ ঘোষণা করা হয়েছে। ফলে সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয়নি, বিষয়টি লক্ষ করা প্রয়োজন।’ বিবৃতিতে আরো বলা হয়, সাত বছর ধরে মামলার কার্যক্রমে অংশ নিয়েছে মিয়ানমার। আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন নির্দেশনাও তারা মেনে চলেছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজে ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। আদালত বলেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে মিয়ানমারের সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নির্যাতন চালিয়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে সিদ্ধান্তে পৌঁছান বিচারকেরা।

রায়ে মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে ব্যর্থ এবং এ-সংক্রান্ত আন্তর্জাতিক সনদ কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন না করার দায়েও দোষী সাব্যস্ত করা হয়েছে। গণহত্যার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণে ব্যর্থতার বিষয়টিও আদালত উল্লেখ করেছেন।

তবে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে উত্তর রাখাইনে পরিচালিত ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানগুলো গণহত্যার উদ্দেশ্যে চালানো হয়নি। এগুলো ছিল ‘সীমিত পরিসরের এবং স্বল্পস্থায়ী’। বিবৃতিতে দাবি করা হয়, অভিযানগুলো মাত্র কয়েক দিন স্থায়ী হয়েছিল এবং ব্যাপক ‘সন্ত্রাসী হামলার’ সরাসরি জবাব হিসেবে পরিচালিত হয়েছিল।

আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: গাম্বিয়া: মিয়ানমারের বিরুদ্ধে মামলার বাদী আফ্রিকার দেশ গাম্বিয়া। দেশটির প্রধান আইনজীবী আরসালান সুলেমান বলেছেন, আইসিজের রায় এড়িয়ে যাওয়া কিংবা তা কার্যকরে গড়িমসি করার কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি মিয়ানমারের নেই। আন্তর্জাতিক আইন অনুযায়ী, দেশটি এ রায় মানতে বাধ্য।

রায় ঘোষণার পর আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে সুলেমান বলেন, পুরো বিচারপ্রক্রিয়ায় মিয়ানমার সক্রিয়ভাবে অংশ নিয়েছে। আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগও পেয়েছে দেশটি। ফলে এখন রায় কার্যকর না করার পক্ষে বিশ্বাসযোগ্য কোনো যুক্তি দেখানোর সুযোগ নেই।

রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার ব্যবস্থা, বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশকে ‘সুদূরপ্রসারী’ বলে বর্ণনা করেন সুলেমান। তাঁর মতে, কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করে আইসিজের এ রায় ভবিষ্যতের গণহত্যাসংক্রান্ত মামলাগুলোর জন্য গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা করতে বলেছেন। ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়া সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা তার বিকল্প ব্যবস্থা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং নিহতদের মরদেহ উদ্ধার ও মর্যাদার সঙ্গে দাফনের বিষয়েও নির্দেশনা রয়েছে। শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং রোহিঙ্গাদের বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে।

গণহত্যার ঘটনায় দায়ীদের শনাক্ত করতে অবিলম্বে কার্যকর তদন্ত এবং প্রয়োজন হলে তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং একই ধরনের ঘটনা আর না ঘটার নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ ও তা দেওয়ার পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করবেন আদালত। এ বিষয়ে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন দুই বছরের মধ্যে আইসিজেতে জমা দিতে হবে মিয়ানমারকে।

আইসিজের রায়ের পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও এর পক্ষে অবস্থান নিয়েছে। রায় কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ সৃষ্টি এবং প্রয়োজনে কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে তারা। আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। তবে কোনো রাষ্ট্র রায় না মানলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে।

২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এ ঘটনার সাত বছর পর ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া আইসিজেতে মামলাটি করে। প্রায় এক দশক ধরে শরণার্থীশিবিরে বসবাস করা রোহিঙ্গাদের জন্য এ রায় ন্যায়বিচারের প্রত্যাশা জোরালো করবে বলে মনে করেন গাম্বিয়ার প্রধান আইনজীবী সুলেমান।

তিনি বলেন, ‘ভুক্তভোগীরা ৯ বছর ধরে শরণার্থীশিবিরে কাটাচ্ছেন। নিঃসন্দেহে এটি অনেক দীর্ঘ সময়, ন্যায়বিচার যেন অধরাই মনে হচ্ছিল। তবে আমি মনে করি, আজকের এ রায় একটি আশার বার্তা দেবে, তাঁরা যে জাতিগত নিধনের শিকার হয়েছেন, তার জবাবদিহি নিশ্চিত হবে।’

রায় কার্যকর এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সুলেমান।
সানা/আপ্র/২১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বেশি সন্তান নেওয়ার আহ্বান হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারির
২১ নভেম্বর ২০২৬

বেশি সন্তান নেওয়ার আহ্বান হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারির

বিয়ে করা, বেশি সন্তান নেওয়া এবং সন্তানদের খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগম...

সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি হুথিদের
২১ নভেম্বর ২০২৬

সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি হুথিদের

ইয়েমেনে সৌদি আরবের বিমান বাহিনীর হামলায় ১১ জন শিশু ও ৭ জন নারীসহ মোট ৪১ জন ইয়েমেনি নাগরিক নিহত হয়েছে...

ইমরান খানের মুক্তি চাইলো জাতিসংঘ
২১ নভেম্বর ২০২৬

ইমরান খানের মুক্তি চাইলো জাতিসংঘ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হা...

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
২১ নভেম্বর ২০২৬

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত পরীক্ষামূলক ওষুধ ‘ড্যারা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে