গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

অ্যান্ড্রোমিডায় একীভূত হলো দুই তারা, বিরল দৃশ্যের সাক্ষী বিজ্ঞানীরা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৭ এএম ২০২৬
অ্যান্ড্রোমিডায় একীভূত হলো দুই তারা, বিরল দৃশ্যের সাক্ষী বিজ্ঞানীরা
ছবি

তারা গ্রাসের এই আসন্ন ঘটনাটি ঘটার প্রায় তিন বছর আগেই তা শনাক্ত করেছিলেন গবেষকরা -ছবি রয়টার্স

মহাকাশে দুটি নক্ষত্রের একীভূত হয়ে একটি নক্ষত্রে পরিণত হওয়ার বিরল ঘটনা প্রথমবারের মতো শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি পর্যবেক্ষণ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সূর্যের চেয়ে সাত গুণ ভর ও প্রায় ১৮ হাজার গুণ বেশি উজ্জ্বল একটি মৃতপ্রায় দানবাকার নক্ষত্র তার ছোট সঙ্গীকে নিজের ভেতরে গ্রাস করে নেয়। কয়েক বছর ধরে চলা এই মহাজাগতিক প্রক্রিয়ার শেষ পর্যায়ে ঘটে প্রচণ্ড উজ্জ্বল আলোর বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে পৃথিবী থেকে প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরে অ্যান্ড্রোমিডা ছায়াপথের প্রান্তে।

মহাকর্ষীয় আকর্ষণে পরস্পরের সঙ্গে আবদ্ধ দুটি নক্ষত্রের এমন ব্যবস্থাকে বলা হয় দ্বৈত নক্ষত্রব্যবস্থা। এ ধরনের ব্যবস্থায় একটি নক্ষত্র জীবনকালের শেষ পর্যায়ে গিয়ে অস্বাভাবিকভাবে ফুলে উঠলে তার কাছাকাছি কক্ষপথে থাকা সঙ্গী নক্ষত্রটি তার বাইরের আবরণে প্রবেশ করতে পারে। জ্যোতির্বিজ্ঞানে এ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে তাত্ত্বিকভাবে আলোচিত হলেও এবারই প্রথম বিজ্ঞানীরা পুরো ঘটনাটি পর্যবেক্ষণের সুযোগ পেলেন।

গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ। গবেষণার প্রধান লেখক যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ও নাসার হাবল ফেলো বিরাজ করমবেলকর। গবেষণায় অংশ নিয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের জ্যোতিঃপদার্থবিজ্ঞানের অধ্যাপক কিশলয় দেসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা।

গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, বড় নক্ষত্রটির ভর ছিল সূর্যের প্রায় সাত গুণ এবং উজ্জ্বলতা ছিল প্রায় ১৮ হাজার গুণ। জীবনকালের শেষ পর্যায়ে এসে এটি ফুলে সূর্যের ব্যাসার্ধের প্রায় ৩৫০ গুণ আকার ধারণ করে। অন্যদিকে ছোট সঙ্গীটির ভর ছিল সূর্যের প্রায় ৭০ শতাংশ। বড় নক্ষত্রটির চারপাশে ঘুরতে থাকা ছোট নক্ষত্রটি একপর্যায়ে তার প্রসারিত বাইরের আবরণের মধ্যে ঢুকে পড়ে।

বিজ্ঞানীরা জানান, ২০১৮ সাল থেকেই নক্ষত্রব্যবস্থাটির উজ্জ্বলতা ধীরে ধীরে বাড়তে শুরু করে। ছোট নক্ষত্রটি বড়টির বাইরের স্তরে প্রবেশ করার পর ঘর্ষণের কারণে ক্রমে ভেতরের দিকে সর্পিল পথে এগোতে থাকে। প্রায় সাত বছর ধরে চলা এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে ২০২৫ সালের শেষ দিকে ছোট নক্ষত্রটি বড়টির কেন্দ্রের সঙ্গে একীভূত হয়। এতে সৃষ্টি হয় প্রচণ্ড উজ্জ্বল আলোর বিস্ফোরণ।

গবেষকেরা ঘটনাটির নাম দিয়েছেন ‘এটি ২০২৫ অ্যাবাও’। একীভূত হয়ে তৈরি হওয়া নক্ষত্রটির ডাকনাম রাখা হয়েছে ‘বাও’। চীনা রন্ধনশৈলীর জনপ্রিয় ভাপা রুটির নাম থেকে এই ডাকনাম নেওয়া হয়েছে।

বোমা বিস্ফোরণের মতো মহাজাগতিক ঘটনা: গবেষণার প্রধান লেখক বিরাজ করমবেলকর বলেন, দানবাকার কোনো নক্ষত্রের নিজের সঙ্গীকে গ্রাস করার বিষয়টি কয়েক দশক ধরেই তাত্ত্বিকভাবে আলোচিত হয়ে আসছে। মহাবিশ্বে বর্তমানে দেখা বিভিন্ন ধরনের নক্ষত্রব্যবস্থার উৎপত্তি ও বিবর্তন বুঝতে এ প্রক্রিয়ার পরিণতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এই গবেষণায় প্রথমবারের মতো এমন একটি ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে, যেখানে একটি বিশাল নক্ষত্র তার সঙ্গীকে নিজের ভেতরে গ্রাস করে একীভূত হয়েছে।

করমবেলকরের ভাষায়, ছোট নক্ষত্রটির সঙ্গে বড়টির কেন্দ্রের প্রবল সংঘর্ষের ফলে বড় নক্ষত্রটির ভেতরে যেন বোমা বিস্ফোরিত হয়। এর ফলে সৃষ্টি হয় অত্যন্ত উজ্জ্বল আলোর বিস্ফোরণ। গবেষকদের হিসাবে, এ বিস্ফোরণের উজ্জ্বলতা সূর্যের তুলনায় প্রায় ১০ লাখ গুণ পর্যন্ত পৌঁছেছিল।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, বড় নক্ষত্রের জীবনকালের শেষ দিকে কেন্দ্রের জ্বালানি ফুরিয়ে এলে সেটি সংকুচিত হতে থাকে। একই সঙ্গে ভেতরের তাপ ও চাপ বাইরের স্তরগুলোকে প্রসারিত করে। ফলে নক্ষত্রটি অস্বাভাবিকভাবে ফুলে ওঠে এবং তার আশপাশের মহাকাশীয় বস্তু বা সঙ্গী নক্ষত্রকে গ্রাস করার পরিস্থিতি তৈরি হয়।

তবে এ ধরনের সব ঘটনায় দুটি নক্ষত্রের একীভূত হওয়া অবধারিত নয়। ছোট নক্ষত্রটি বড়টির বাইরের স্তরে প্রবেশের পর প্রচুর শক্তি নির্গত করতে পারে। সেই শক্তিতে বড় নক্ষত্রের বাইরের আবরণ ছিটকে বেরিয়ে গেলে ছোট নক্ষত্রটি বড়টির অবশিষ্ট কেন্দ্রকে প্রদক্ষিণ করতে পারে। কিন্তু আলোচ্য ঘটনায় ছোট নক্ষত্রটি শেষ পর্যন্ত বড়টির কেন্দ্রের সঙ্গে একীভূত হয়েছে বলে গবেষকেরা জানিয়েছেন।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণার সহলেখক কিশলয় দে বলেন, অতীতেও নক্ষত্রের একীভূত হওয়ার ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছে। তবে সেগুলো ছিল তুলনামূলক ছোট ও ঘনবদ্ধ নক্ষত্রের মধ্যে। সেসব ক্ষেত্রে দুটি নক্ষত্রের ভৌত সংস্পর্শে আসার পর একীভূত হওয়া প্রায় অনিবার্য ছিল। কিন্তু এবারের ঘটনায় বড় নক্ষত্রটি ছিল অস্বাভাবিকভাবে ফুলে ওঠা একটি দানবাকার নক্ষত্র, যার বাইরের আবরণ ছিল তুলনামূলকভাবে আলগা। ফলে এ ধরনের পরিস্থিতিতে একীভূত হওয়া ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে।

বিভিন্ন দূরবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ: গবেষকেরা বিভিন্ন সময়ের মহাকাশ পর্যবেক্ষণের তথ্য বিশ্লেষণ করে নক্ষত্র দুটির একীভূত হওয়ার পুরো প্রক্রিয়া পুনর্গঠন করেছেন। প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালোমার মানমন্দিরের অবলোহিত দূরবীক্ষণ যন্ত্র উইন্টার এবং নাসার নিওওয়াইজ মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের তথ্য ব্যবহার করে নক্ষত্রব্যবস্থাটির অস্বাভাবিক উজ্জ্বলতা শনাক্ত করা হয়।

পরে মহাকাশে অবস্থানরত নাসার জেমস ওয়েব ও স্ফিয়ারএক্স দূরবীক্ষণ যন্ত্র এবং পৃথিবীর বিভিন্ন মানমন্দিরের পর্যবেক্ষণ যুক্ত করা হয়। বিশেষ করে ২০২৫ সালের ডিসেম্বরে জেমস ওয়েব দূরবীক্ষণ যন্ত্রের অবলোহিত পর্যবেক্ষণ একীভূত হওয়ার প্রক্রিয়াটি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিস্ফোরণের সর্বোচ্চ উজ্জ্বলতার প্রায় ৪৭ দিন পর ওয়েবের পর্যবেক্ষণ নেওয়া হয়েছিল।

গবেষকদের মতে, এ ঘটনায় বড় নক্ষত্রটির বাইরের আবরণের একটি অংশ মহাকাশে ছিটকে বেরিয়ে গেছে। এর পরিমাণ ছিল সূর্যের ভরের প্রায় ১০ থেকে ২০ শতাংশ। এসব তথ্য বিশ্লেষণ করে তাঁরা নক্ষত্রের বিবর্তনের এমন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন, যা মহাবিশ্বে বিভিন্ন ধরনের নক্ষত্রব্যবস্থা গঠনের ব্যাখ্যা দিতে সহায়তা করবে।

বিজ্ঞানীরা মনে করছেন, একীভূত হওয়ার ফলে তৈরি হওয়া নতুন নক্ষত্রটি আগের তুলনায় নতুন জীবন লাভ করতে পারে। ভবিষ্যতে আরো শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এ ধরনের ঘটনা শনাক্ত করা সম্ভব হলে নক্ষত্রের জন্ম, বিবর্তন ও মৃত্যুর অনেক অজানা রহস্য উন্মোচিত হবে।
তথ্যসূত্র: নেচার সাময়িকীতে প্রকাশিত মূল গবেষণা, নাসা, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও রয়টার্সের প্রতিবেদন।
সানা/আপ্র/২১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অ্যানথ্রপিকের ৯৬ শতাংশ কর্মী এখন কোটিপতি
২১ নভেম্বর ২০২৬

অ্যানথ্রপিকের ৯৬ শতাংশ কর্মী এখন কোটিপতি

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেকের পর কোম্পানিটি...

নয় শহরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের হ্যাকাথন শেষ
১৬ নভেম্বর ২০২৬

নয় শহরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের হ্যাকাথন শেষ

দেশের নয়টি শহরে একযোগে দুই দিনের হ্যাকাথনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ...

সাইবার বুলিং ব্যক্তির মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত
১৫ নভেম্বর ২০২৬

সাইবার বুলিং ব্যক্তির মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত

ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করেছে। শিক্ষা, যোগাযোগ, তথ্যপ্রাপ্তি ও বিনোদনের বিস্তৃত সুযোগ তৈরি করেছ...

সোশ্যাল মিডিয়ায় অবিরাম স্ক্রলিংয়ে হারাচ্ছে সময় ও মনোযোগ
১৫ নভেম্বর ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অবিরাম স্ক্রলিংয়ে হারাচ্ছে সময় ও মনোযোগ

প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এই অগ্রগতির আড়ালে নীরবে বদলে যাচ্ছে মানুষের চিন্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে