গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১০ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২১ এএম ২০২৬
ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’
ছবি

ছবি সংগৃহীত

বহু বছর ধরে দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও উল্লেখযোগ্য স্থানে নির্মিত হচ্ছে ‘ইত্যাদি’। দর্শকপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠান এবার ধারণ করা হয়েছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী নান্দাইল দিঘির কোল ঘেঁষে। 

 

তিন শতাধিক বছর পুরনো এই দিঘির পাড়েই রয়েছে নান্দাইল দিঘি কলেজ। আর কলেজ প্রাঙ্গণেই বসেছিল হাজারো মানুষকে নিয়ে এবারের ‘ইত্যাদি’র আয়োজন। দিঘির স্বচ্ছ জলরাশি আর প্রাচীন ঐতিহ্যের আবহে মঞ্চের নান্দনিক আলোকসজ্জা পুরো পরিবেশকে এক ভিন্ন রূপ দিয়েছিল। 

 

নিজেদের জেলায় প্রিয় অনুষ্ঠানকে দেখে পুরো জয়পুরহাট জুড়েই বিরাজ করছিল উৎসবমুখর আবহ। বরাবরের মতোই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে দর্শকদের মধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। 

অনুষ্ঠানটি কালাই উপজেলায় আয়োজিত হলেও জেলার অন্যান্য উপজেলা, এমনকি পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও নানা বয়সের হাজারো মানুষ ছুটে আসেন সামনে থেকে ‘ইত্যাদি’ দেখতে।

 


এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় গান। যার মধ্যে একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটেরই কৃতী সন্তান, দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশীদ আলম। তার শ্রোতাপ্রিয় তিনটি গানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই সংকলিত গানটি। 

 

চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে এবারের ইত্যাদিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান নতুন ও আধুনিক সংগীতায়োজনে পরিবেশন করেছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী, জয়পুরহাটের কৃতী সন্তান ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। 

 

দুটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। বরাবরের মতো এবারও জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পরিবেশন করা হয়েছে একটি মনোমুগ্ধকর জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। 

মনিরুজ্জামান পলাশের কথায় দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন শিল্পী রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় নাচটিতে অংশগ্রহণ করেছে স্থানীয় নৃত্যশিল্পীরা। সুরের মূর্ছনা আর নৃত্যছন্দে মুগ্ধ হয়ে উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

 


দর্শকপর্বের নিয়ম অনুযায়ী জয়পুরহাটকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা জয়পুরহাটের অন্যতম প্রধান ব্র্যান্ডিং পণ্য সুস্বাদু ‘লতিরাজ কচু’ এবং ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন। বরাবরের মতো ইত্যাদির এই পর্বেও দর্শকদের জন্য থাকছে সমাজসচেতনতামূলক, তথ্যবহুল ও হৃদয়স্পর্শী কিছু প্রতিবেদন। 

 

জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি ও দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রার পাশাপাশি এই জেলার বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর ওপর তৈরি করা হয়েছে একটি তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন। রয়েছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। 

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজেদের নীরবতাকেই যারা শক্তিতে পরিণত করেছেন। থাকছে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বিস্ময়কর শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর বিশেষ প্রতিবেদন। 

 

যিনি মাটির ক্যানভাসে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি ফুটিয়ে তোলেন। অনুষ্ঠানের শেষে রয়েছে যশোরের কেশবপুর উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ এক নীরব কর্মী লেয়াকত আলীর ওপর একটি মানবিক প্রতিবেদন। পেশায় একজন সাধারণ ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হওয়া সত্ত্বেও যিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন।

 


থাকছে কাশেম টিভির রিপোর্টার এবং নাতির প্রাণবন্ত আলাপ। এছাড়াও ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে বেশ কিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। দেয়াল বন্দী নাগরিক জীবন, চর্চা চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েটিভিটি, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে চটকহীন খবর, ডিজিটাল ট্রলের ট্রমা, পর্দা সমাচারসহ বেশ কয়েকটি নাট্যাংশ।

 


এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, তাবেদার ই রসুল চান্নু, আমিন আজাদ, আনোয়ার শাহী, শাহেদ আলী, মামুনুল হক টুটু, নিপু, মুকুল সিরাজ, সুর্বনা মজুমদার, আশরাফুল আলম সোহাগ, সুমন পাটোয়ারী, রাজিব সালেহীন, আনন্দ খালেদ, তারিক স্বপন, আবু হেনা রনি, এমএনইউ রাজু, নূর এ আলম নয়ন, সাবরিনা নিসা, শাওন মজুমদার, সুজাত শিমুল, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ আরো অনেকে। বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।

 

 পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন। ‘ইত্যাদি’র নতুন এই পর্ব ২৭ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ডিসি/আপ্র/২১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি
২১ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

ঢাকাই সিনেমার চলতি সময়ের অভিনেত্রী নাজিফা তুষি। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের...

প্রেম-প্রতারণার গল্পে তিথির ‘মায়াবতী’
২১ নভেম্বর ২০২৬

প্রেম-প্রতারণার গল্পে তিথির ‘মায়াবতী’

প্রেম, প্রতারণা, ছদ্মবেশ ও জীবনের নানা বাঁক নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াবতী’। দীন মোহাম্মদ মন্ট...

ভালোবাসা আর সমর্থনই মাহির বড় শক্তি
২১ নভেম্বর ২০২৬

ভালোবাসা আর সমর্থনই মাহির বড় শক্তি

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিদ...

নায়ক থেকে গায়ক হিসেবে আত্মপ্রকাশ টাইগার শ্রফের
২১ নভেম্বর ২০২৬

নায়ক থেকে গায়ক হিসেবে আত্মপ্রকাশ টাইগার শ্রফের

অ্যাকশন ও নাচে বরাবরই দারুণ বলিউডের চলতি সময়ের অভিনেতা টাইগার শ্রফ। তবে এবার তিনি হাজির হলেন নতুন পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে