রাজধানী ঢাকা ও সাভারে পৃথক ঘটনায় চারটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর পল্লবী ও বাড্ডা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। এর পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন লাগে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর পল্লবীতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কালশী রোডের বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের পাশে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে ওই সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। পল্লবী থানার উপপরিদর্শক মাসুদুর রহমান রাত ১২টা ২০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেন। কারা কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবীর মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন এলাকায় পার্কিংয়ে থাকা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে যায়। স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। আগুনে বাসটির সব আসন পুড়ে যায়। বাড্ডা থানার ওসি মো. নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বাসের পেছনের আসনে গানপাউডার ছিটিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে শুক্রবার বেলা পৌনে ২টার দিকে সাভারের জোরপুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন লাগে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে বাসটিতে নাশকতামূলকভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যান।
তবে সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলমের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, বাসটি গত দুই দিন ধরে ওই স্থানে পার্কিং করা ছিল। এটি গ্যাসচালিত বলে ধারণা করা হচ্ছে। তাঁর মতে, রোদের প্রখর তাপে বাসটিতে আগুন ধরে যেতে পারে। কেউ আগুন লাগিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন তো এমনিতে আগুন লাগলেও সেটা নাশকতা হয়ে যায়।”
আলাদা এসব ঘটনায় বাসে আগুন লাগার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।
সানা/আপ্র/২৭/১১/২০২৬