দোকানে বাকি থাকা টাকা চাওয়াই কাল হলো গাজীপুরের পূবাইলের চা দোকানি শেফালী বেগমের (৪৬)। বকেয়া টাকা আদায়ে দুই ক্রেতাকে চাপ দেওয়ার জেরে তাঁকে হত্যার পরিকল্পনা করে একদল শ্রমিক। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় খাইয়ে অচেতন করা হয় তাঁকে। এরপর লাঠি দিয়ে মাথায় আঘাত এবং দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর ঘর তছনছ করে টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় ঘাতকরা। তবে বিপুল অর্থ ও স্বর্ণালংকার পাওয়ার আশায় হত্যাকাণ্ড ঘটালেও শেষ পর্যন্ত তাদের ভাগ্যে জোটে মাত্র ৩ হাজার ২৫০ টাকা এবং কিছু সিটি গোল্ডের গয়না।
চলতি বছরের ২৬ এপ্রিল গাজীপুর মহানগরের পূবাইল থানার মেঘডুবি (কড়ইয়ের টেক) এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের নানা তথ্য বেরিয়ে আসে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।
শেফালী বেগমের স্বামী মতিউর রহমান তাঁকে ছেড়ে অন্যত্র সংসার গড়েছেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে। ছেলে সুজন জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। মেয়ে ময়নার শ্বশুরবাড়ি গাজীপুরের কালীগঞ্জে। স্বামীর সঙ্গে সেখানেই থাকতেন তিনি। মাঝে মধ্যে ফোনে মায়ের খোঁজ নিতেন। ঘটনার দিন মাকে ফোনে না পেয়ে বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান ময়না।
বাড়ির সামনের চায়ের দোকান এবং তিনটি ঘর ভাড়া দিয়ে পাওয়া অর্থেই চলত শেফালীর সংসার। অভিযোগ অনুযায়ী, তাঁর দোকান থেকে বাকিতে মালামাল নিয়ে টাকা পরিশোধ না করায় দুই ক্রেতার সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধ থেকেই তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়।
পিবিআইয়ের তদন্তে জানা যায়, রংপুরের গঙ্গাচরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী মো. কামরুজ্জামান (৩৫), তাঁর সহযোগী মো. আমজাদ হোসেন (৩০) ও মো. আফজালকে (৩৩) গ্রেফতার করা হয়। তাঁরা সবাই পূবাইলের মেঘডুবি এলাকার এ ওয়ান পলিমার নামের একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তদন্তে মনোয়ার নামে আরেক শ্রমিকেরও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য উঠে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সনজিৎ বিশ্বাস জানান, শেফালীর দোকান থেকে মালামাল কিনে বাকি টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করেই হত্যার সূত্রপাত। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজেদের দায় স্বীকার করেছেন।
বকেয়া টাকা নিয়ে বিরোধ থেকে হত্যার পরিকল্পনা: তদন্তকারী কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মূল পরিকল্পনাকারী কামরুজ্জামান আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি জানান, প্রায় আট মাস ধরে এ ওয়ান পলিমারে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সেখানে মনোয়ার, আসাদ ও ওবায়দুর নামে আরও কয়েকজন শ্রমিক ছিলেন। প্রতিষ্ঠানের ডিপোর সামনে শেফালীর চায়ের দোকান ও বাসা পাশাপাশি হওয়ায় তাঁদের সঙ্গে শেফালীর ভালো সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা কখনো নগদ টাকায়, আবার কখনো বাকিতে দোকান থেকে বিভিন্ন মালামাল কিনতেন।
এভাবে কামরুজ্জামানের কাছে ৯০০ টাকা এবং মনোয়ারের কাছে এক হাজার টাকা বাকি পড়ে। মনোয়ার টাকা পরিশোধ না করেই গ্রামের বাড়িতে চলে যান। পরে ফিরে এলে শেফালী তাঁর কাছে বকেয়া টাকা চান। একই সঙ্গে কামরুজ্জামানের কাছে ৯০০ টাকার পরিবর্তে এক হাজার ৬৪৫ টাকা দাবি করেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে মনোয়ার ও কামরুজ্জামানের সঙ্গে শেফালীর মনোমালিন্য হয়। একপর্যায়ে পরে টাকা দেওয়ার আশ্বাসে শ্রমিক সর্দার আশিকুর তাঁদের শেফালীর কাছ থেকে ছাড়িয়ে আনেন। কিন্তু এই বিরোধের জের ধরে শেফালীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন তাঁরা।
কামরুজ্জামানের জবানবন্দি অনুযায়ী, শেফালী চায়ের দোকান পরিচালনার পাশাপাশি সুদের ব্যবসাও করতেন। তাঁর কাছে প্রচুর টাকা ও স্বর্ণালংকার থাকতে পারে বলে ধারণা করেন তাঁরা। শেফালী বাড়িতে একাই থাকতেন। এই সুযোগ কাজে লাগিয়ে তাঁর বাড়িতে ঢুকে টাকা ও গয়না লুটের পরিকল্পনা করা হয়।
কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানো হয়: হত্যাকাণ্ডের আগের দিন মনোয়ার শেফালীর দোকানে গিয়ে জানান, তাঁর এক বান্ধবী দেখা করতে আসবেন। তাঁকে নিয়ে শেফালীর বাসায় খাওয়া-দাওয়া ও সময় কাটাতে চান তিনি। এতে সম্মতি দেন শেফালী। তিনি জানান, দুপুর ১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাবেন। মনোয়ারকে দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে আসতে বলেন। পরে মনোয়ার কামরুজ্জামানকে বিষয়টি জানান।
পরিকল্পনা অনুযায়ী, পরদিন দুপুর ২টার দিকে ফল, স্পিড, বিস্কুট, চানাচুর ও ঘুমের ওষুধ নিয়ে শেফালীর বাড়িতে যান মনোয়ার। কামরুজ্জামানকে বাইরে রেখে তিনি একাই ঘরে প্রবেশ করেন। শেফালীকে দিয়ে ফল কাটিয়ে খাবারের আয়োজন করেন। একপর্যায়ে স্পিডের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাওয়ান। ওষুধের প্রভাবে শেফালী ঘুমিয়ে পড়লে মনোয়ার ফোন করে কামরুজ্জামানকে ঘরে আসতে বলেন।
প্রথমে যেতে রাজি না হলেও পরে মনোয়ারের সঙ্গে ঘরে প্রবেশ করেন কামরুজ্জামান। সেখানে টেবিলে ফল সাজানো এবং পাশের কক্ষে শেফালীকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান তিনি।
কামরুজ্জামানের জবানবন্দি অনুযায়ী, মালামাল নিয়ে চলে গেলে তাঁদের সন্দেহ করা হতে পারে-এমন আশঙ্কায় শেফালীকে হত্যার কথা বলেন মনোয়ার। প্রথমে রাজি না হলেও পরে মনোয়ারের দেওয়া লাঠি দিয়ে শেফালীর মাথায় আঘাত করেন কামরুজ্জামান। প্রথম দুই আঘাতের পর শেফালী চিৎকার করলে তৃতীয় আঘাতে লাঠিটি ভেঙে যায়। এরপর মনোয়ার পাশের কক্ষ থেকে দা এনে শেফালীর মুখ ও হাতে এলোপাতাড়ি কোপান।
লুটে মেলে সামান্য টাকা ও সিটি গোল্ড: হত্যার পর দুজন মিলে ঘরের বিভিন্ন স্থানে টাকা ও স্বর্ণালংকার খুঁজতে থাকেন। তল্লাশি চালিয়ে তাঁরা পান মাত্র ৩ হাজার ২৫০ টাকা এবং গলার হার, টিকলি, চুড়ি, শিশুর হার ও কানের দুলসহ কিছু গয়না। যাওয়ার আগে মনোয়ার রক্তমাখা দা বাথরুমে ধুয়ে পাশে রেখে দেন। এরপর দোকানের পাশের গেট দিয়ে বের হয়ে নিজেদের ভাড়া বাসায় চলে যান।
কামরুজ্জামানের জবানবন্দি অনুযায়ী, বাসায় ফেরার পর সেখানে আমজাদ আসেন। টাকা ও গয়না দেখে তিনিও ভাগ চান। পরে কামরুজ্জামান ও মনোয়ার নিজেদের সিম কার্ড ভেঙে রংপুরে গ্রামের বাড়িতে আত্মগোপন করেন।
পরদিন ২৭ এপ্রিল বিকেলে তাঁরা রংপুরের পুরান টার্মিনাল এলাকার সুলতান মোড়ের একটি স্বর্ণের দোকানে গয়নাগুলো নিয়ে যান। দোকানদার পরীক্ষা করে জানান, সেগুলো স্বর্ণ নয়, সিটি গোল্ডের গয়না। এতে হতাশ হয়ে পড়েন তাঁরা।
পরে আমজাদ ও আফজাল গ্রামে গিয়ে মনোয়ারের কাছে গয়না বিক্রির টাকার ভাগ চান বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। এরপর গয়নাগুলো পরীক্ষা করতে চারজনের একসঙ্গে স্বর্ণের দোকানে যাওয়ার পরিকল্পনা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সনজিৎ বিশ্বাস জানান, তদন্ত শেষে হত্যাকাণ্ডে জড়িত চার আসামির বিরুদ্ধে গত অক্টোবর মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাঁর ভাষ্য, মামলাটি ইতোমধ্যে তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা সম্ভব হয়েছে এবং আসামিদের জবানবন্দিতেও হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত উঠে এসেছে।
সানা/কেএমএএ/আপ্র/২৭/১১/২০২৬