বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনর্গঠনের মাধ্যমে দেশে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক মত ও আদর্শের ভিন্নতা সত্ত্বেও জাতীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি অপশক্তি অডিও-ভিডিওর মাধ্যমে উসকানি দিয়ে অগ্নিসন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে সরকার আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যের সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করবে।
তিনি বলেন, যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে। সীমান্তের ওপারে অবস্থানরত তাদের নেতাকর্মীদের মাধ্যমে আগুন লাগানোর নির্দেশনা ও উসকানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের মাটিতে এ ধরনের অগ্নিসন্ত্রাস আর সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পোশাকশিল্পাঞ্চলের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করার চেষ্টা হয়েছিল। মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায় করেছেন। তবে এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।
গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও আদর্শ থাকবে। সংসদে মতপার্থক্য ও বিতর্কও হবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অতীতে যেভাবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল, সেভাবেই আবার ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। সেই ঐক্যকে শক্তিতে পরিণত করে দেশে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করা হবে।
জাতীয় পরিচয় ও নাগরিক অধিকারের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক। নাগরিক অধিকার সবার সমান।
খতমে নবুওয়াত সম্মেলনের দাবিদাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মেলনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কিছু দাবি রয়েছে। সরকার সেগুলো আইনে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে। যেসব দাবি বাস্তবায়ন সম্ভব, সেগুলো সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়েই বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
বিগত সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর দেশে আলেম ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন চলেছে। ওই সময়ে বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে এবং শাপলা চত্বরে রাতের অন্ধকারে গুলি চালিয়ে শিক্ষার্থী ও আলেমদের হত্যা করা হয়েছে। অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে, যাদের প্রকৃত সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
শাপলা চত্বরের ঘটনার বিচার প্রসঙ্গে তিনি জানান, এ ঘটনায় দায়ের করা নিয়মিত মামলার সূত্র ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এ ঘটনার বিচার করা হবে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার কয়েক হাজার ওলামায়ে কেরাম ও মুসল্লি এতে অংশ নেন।
সানা/আপ্র/২৭/১১/২০২৬