যুক্তরাজ্যের অধিকাংশ শহরের রাতের আকাশে খালি চোখে দেখা যায় এমন তারার তুলনায় স্যাটেলাইটের সংখ্যা বেশি। মহাকাশে কৃত্রিম উপগ্রহের দ্রুত বিস্তারের ফলে রাতের আকাশের চেহারা বদলে যাচ্ছে। এতে উদ্বেগ বাড়ছে জ্যোতির্বিজ্ঞানীদের। তাঁদের আশঙ্কা, এভাবে স্যাটেলাইটের সংখ্যা বাড়তে থাকলে একসময় তারামণ্ডলী, ছায়াপথ ও মহাজাগতিক নানা বস্তুর পর্যবেক্ষণ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।
প্রকৌশল যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অ্যাকু কম্পোনেন্টস’-এর সাম্প্রতিক এক বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। গত অক্টোবরে টানা সাত রাত ধরে পৃথিবীর দুই হাজার কিলোমিটার উচ্চতার নিচের কক্ষপথে থাকা ১৫ হাজারের বেশি সক্রিয় স্যাটেলাইটের গতিপথ বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি। গবেষণায় দেখা যায়, রাতের যেকোনো মুহূর্তে যুক্তরাজ্যের একটি গড়পড়তা শহরের আকাশে প্রায় ৭১০টি স্যাটেলাইট অবস্থান করে বা অতিক্রম করে। মাঝারি মাত্রার আলোক দূষণ রয়েছে, এমন এলাকায় খালি চোখে যত তারা দেখা যায়, এই সংখ্যা তার চেয়েও বেশি।
তবে আকাশে অবস্থান করা সব স্যাটেলাইটই যে খালি চোখে দেখা যায়, তা নয়। সূর্যের আলো প্রতিফলিত হলে এবং ভূপৃষ্ঠে রাত থাকলে কেবল সেগুলোই দৃশ্যমান হয়। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, গড়ে একটি যুক্তরাজ্যের শহরের আকাশে একই সময়ে প্রায় ১০৫টি স্যাটেলাইট সূর্যের আলোয় আলোকিত থাকে। সন্ধ্যার পর ও ভোরের আগে এ সংখ্যা বাড়ে, আবার মধ্যরাতে কমে যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি শহরের ওপর দিয়ে পুরো রাতে প্রায় ১৩ হাজার ভিন্ন ভিন্ন স্যাটেলাইট অতিক্রম করে। অ্যাকু কম্পোনেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সাত বছরে যুক্তরাজ্যের রাতের আকাশে যে পরিবর্তন এসেছে, তা আগের ৬০ বছরের পরিবর্তনের চেয়েও বেশি। মহাকাশে আরো বড় স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা থাকায় পরিস্থিতি ভবিষ্যতে আরো জটিল হতে পারে।
স্টারলিংকের আধিপত্য: স্যাটেলাইট নেটওয়ার্কের দ্রুত সম্প্রসারণের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ইলন মাস্কের মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা সক্রিয় স্যাটেলাইটের দুই-তৃতীয়াংশেরও বেশি স্পেসএক্সের নিয়ন্ত্রণে। এক দশক আগে মহাকাশে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ছিল এক হাজারের কিছু বেশি। বর্তমানে তা ২০ হাজার ছাড়িয়েছে।
অ্যাকু কম্পোনেন্টসের হিসাব অনুযায়ী, ২০১৯ সালের শেষ দিকে স্টারলিংকের স্যাটেলাইট ছিল মাত্র ১২০টি। ২০২৬ সালের অক্টোবরে তা ১১ হাজার ছাড়িয়ে যায়। গত বছর মহাকাশে রেকর্ডসংখ্যক ৪ হাজার ৫১০টি বস্তু উৎক্ষেপণ করা হয়েছিল। চলতি বছর সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এর মধ্যে মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে স্পেসএক্স। এ উদ্দেশ্যে আগামী বছরগুলোতে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল যোগাযোগ কমিশনে আবেদন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক। গত ৩০ জানুয়ারি জমা দেওয়া আবেদনটি ৪ ফেব্রুয়ারি পর্যালোচনার জন্য গ্রহণ করা হয়।
জ্যোতির্বিজ্ঞানের জন্য নতুন হুমকি: স্যাটেলাইটের সংখ্যা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি উদ্বিগ্ন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের মতে, স্যাটেলাইট থেকে প্রতিফলিত সূর্যের আলো টেলিস্কোপে ধারণ করা ছবিতে উজ্জ্বল রেখা তৈরি করছে। এতে দূরবর্তী তারা, ছায়াপথ ও অন্যান্য মহাজাগতিক বস্তুর ছবি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মহাকাশ পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক গবেষণার নির্ভুলতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক গ্যাসপার বাকোস এ পরিস্থিতিকে পৃথিবীকে ঘিরে নতুন ধরনের আলোক দূষণ হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে সচেতনতা তৈরিতে একটি আবেদনেও স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের ওয়েবসাইটে অধ্যাপক বাকোস সতর্ক করে বলেছেন, পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো অত্যন্ত উজ্জ্বল হতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠান এ ধরনের হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে। এতে রাতের আকাশ, তারামণ্ডলী ও আকাশগঙ্গা ছায়াপথের স্বাভাবিক দৃশ্য একসময় মানুষের দৃষ্টির আড়ালে চলে যেতে পারে।
ইউরোপীয় দক্ষিণ মানমন্দিরের (ইএসও) চলতি বছরের পৃথক এক গবেষণাতেও একই ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গবেষকদের মতে, বড় আকারের স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপনের বর্তমান পরিকল্পনা বাস্তবায়িত হলে জ্যোতির্বিজ্ঞানের ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে। তাঁদের বিশ্লেষণে দেখা গেছে, ভবিষ্যতে প্রস্তাবিত ১৭ লাখের বেশি স্যাটেলাইট ও অন্যান্য কক্ষপথভিত্তিক বস্তু মহাকাশে পাঠানো হলে পৃথিবী থেকে মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ মারাত্মকভাবে ব্যাহত হবে।
গবেষণায় পৃথিবীর কক্ষপথে খালি চোখে দৃশ্যমান নয়, এমন সর্বোচ্চ এক লাখ স্যাটেলাইট রাখার সীমা বিবেচনার সুপারিশ করা হয়েছে। তবে গবেষকদের মতে, এই সংখ্যাও আদর্শ নয়; স্যাটেলাইটের উজ্জ্বলতা ও অবস্থানের ওপর নির্ভর করে গ্রহণযোগ্য সংখ্যা আরো কম হওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞদের আশঙ্কা, মহাকাশে বাণিজ্যিক স্যাটেলাইটের অবাধ সম্প্রসারণ নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাতের আকাশের স্বাভাবিক সৌন্দর্য উপভোগ করা এবং মহাবিশ্বের রহস্য অনুসন্ধান ক্রমেই কঠিন হয়ে উঠবে।
তথ্যসূত্র: ইনডিপেনডেন্ট, ইউরোপীয় দক্ষিণ মানমন্দির ও অ্যাকু কম্পোনেন্টসের গবেষণা প্রতিবেদন।
সানা/ডিসি/আপ্র/২৩/১১/২০২৬