দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ সদস্যদের দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন আইজিপি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার অবদান রয়েছে। ক্রীড়াক্ষেত্রে দক্ষতা ও নৈপুণ্য অর্জনের জন্য তিনি নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে গত ৮ নভেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়। চূড়ান্ত পর্বে বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি), রানারআপ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। উশুতে চ্যাম্পিয়ন ডিএমপি এবং রানারআপ চট্টগ্রাম রেঞ্জ। অন্যদিকে, কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানারআপ হয়েছে সিএমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অর্থ) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (স্বাস্থ্য, কল্যাণ ও পেনশন) এবং ক্লাবের সম্পাদক এ এন এম মারুফ আব্দুল্লাহ।
এ সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুরা মনোজ্ঞ ক্রীড়া প্রদর্শনীও পরিবেশন করে। পরে আইজিপি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সানা/কেএমএএ/আপ্র/২৭/১১/২০২৬