সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলার পুলিশ সুপারসহ ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল এনেছে সরকার। তাঁদের সবাই পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকেও টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। এ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হারুন অর রশিদ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে। খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন এপিবিএনের খান মুহাম্মদ আবু নাসের।
ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। আর গাইবান্ধার নতুন পুলিশ সুপার হচ্ছেন ঢাকার স্পেশাল রেসপন্স ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।
এ ছাড়া খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ কার্যালয়ে বদলি করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহ।
এর আগের দিন মঙ্গলবার খুলনা মহানগর পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমানসহ পুলিশের আরো ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সানা/কেএমএএ/আপ্র/২৫/১১/২০২৬