আইসিসি উইমেন’স ইমার্জিং নেশনস ট্রফির দ্বিতীয় আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। বুধবার শিরোপা নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে লঙ্কান মেয়েরা। আগে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
জবাবে ১২.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এবারই প্রথম পাঁচটি সহযোগী সদস্য দেশের সঙ্গে পাঁচটি পূর্ণ সদস্য দেশকে নিয়ে আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। পুরো আসরেই শ্রীলঙ্কার সামনে দাঁড়াতে পারেনি কোনো দল।
গত আসরে খেলেছিল আটটি সহযোগী সদস্য দেশ। রাউন্ড রবিন লিগে সাতটি করে ম্যাচ খেলার পর থাইল্যান্ড, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের পয়েন্ট ছিল সমান ১০।
পরে ভালো নেট রান রেটের সুবাদে চ্যাম্পিয়ন হয় থাইল্যান্ড। তবে এবার গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আয়ারল্যান্ড।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে ২৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন অ্যালানা ডালজেল।
লুইস লিটল করেন ১৫ এবং জর্জিনা ডিম্পসির ব্যাট থেকে আসে ১৩ রান। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল সাথিয়া সান্দিপানি। ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। রান তাড়ায় পাওয়ার প্লের মধ্যেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা।
তবে চার নম্বরে নেমে দলের হাল ধরেন ইমেশা দুলানি। ২৫ বলে ৪৪ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। কাভিশা দিলহারি ১০ বলে ১৬ এবং সানজানা কাভিন্দি ২২ বলে ২৫ রান করেন।
ডিসি/আপ্র/২৫/১১/২০২৬