ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের গত এক দশকের শাসনামলে দেশটির গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে বলা হয়েছে, সংসদীয় প্রক্রিয়া উপেক্ষা, বিরোধী দল দমন এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থার ব্যবহারের মাধ্যমে ভারতে কর্তৃত্ববাদী প্রবণতা বেড়েছে।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ‘আমরা কোন গণতন্ত্রের কথা বলছি?’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ এবং নাগরিক অধিকার সুরক্ষায় প্রতিষ্ঠিত স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে দুর্বল করা হয়েছে। এতে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদ উৎসাহিত হয়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংকুচিত হয়েছে। প্রতিবেদনটি তৈরিতে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, শিক্ষাবিদ, বিচারক ও সাবেক সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ ও নাগরিক স্বাধীনতা রক্ষার প্রতিষ্ঠানগুলো ক্রমাগত দুর্বল করা হয়েছে। এতে মানবাধিকার সুরক্ষা পিছিয়ে পড়েছে। মঙ্গলবার রাতে ভারতের নাগরিক সমাজের নারী অধিকারকর্মী ও বিশেষজ্ঞদের এক অনলাইন আলোচনায়ও তিনি প্রতিবেদনটির বিষয়বস্তু তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে লোকসভা ও রাজ্যসভা থেকে নজিরবিহীনভাবে ১৪৬ জন বিরোধী সংসদ সদস্যকে পুরো অধিবেশনের জন্য বহিষ্কার করা হয়। একই সময়ে নির্বাচন কমিশনার নিয়োগে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আইন পাস হয়। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ আইন পাসে অর্থ বিলের বিধান ব্যবহার করেছে সরকার। ২০১৯ সালে অর্থ পাচার প্রতিরোধ আইন সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতাও বাড়ানো হয়।
সরকারি তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সংস্থাটি ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে। আগের দশকে এ সংখ্যা ছিল ২৬। অধিকাংশ মামলা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। বিজেপিতে যোগ দেওয়ার পর কোনো কোনো রাজনীতিকের বিরুদ্ধে তদন্ত স্থগিত বা মামলা প্রত্যাহারের ঘটনাও তুলে ধরেছে সংস্থাটি।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে প্রতিবেদনটি। ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের নামে ১৩ কোটির বেশি নাম বাদ দেওয়ার কথা উল্লেখ করে বলা হয়েছে, এত বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল। ২০২৬ সালের এপ্রিলে পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়েছিল, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১২ শতাংশ। এসব ভোটার নির্বাচনে ভোট দিতে পারেননি। পরে ব্যাপক প্রতিবাদের মুখে নভেম্বরে কিছু সিদ্ধান্ত প্রত্যাহার করতে শুরু করে নির্বাচন কমিশন।
বিচার বিভাগও নাগরিক অধিকার সুরক্ষায় যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। বিশেষ করে ২০২২ সালে অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় গ্রেফতার, তল্লাশি ও সম্পদ জব্দের ক্ষেত্রে তদন্ত সংস্থার ক্ষমতা সম্প্রসারণে সুপ্রিম কোর্টের ভূমিকার সমালোচনা করা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের মতে, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং পরস্পরসম্পর্কিত একটি কর্তৃত্ববাদী কৌশলের অংশ। সংস্থাটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ, স্বাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ফিরিয়ে আনা এবং সব নাগরিকের অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভারতের মিত্রদেশগুলোকে কূটনৈতিক ও দ্বিপক্ষীয় আলোচনায় এসব বিষয় তুলে ধরতে বলেছে। সূত্র: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন
সানা/আপ্র/২৫/১১/২০২৬