গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

গ্রিসের আটককেন্দ্রে বন্দি হাজারো বাংলাদেশির দুর্দশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৮ এএম ২০২৬
গ্রিসের আটককেন্দ্রে বন্দি হাজারো বাংলাদেশির দুর্দশা
ছবি

ছবি সংগৃহীত

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে লিবিয়া হয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন হাজারো বাংলাদেশি। তবে এই যাত্রায় কারও জীবনের অবসান হচ্ছে ভূমধ্যসাগরে, কেউ পড়ছেন মানবপাচারকারীদের কবলে। প্রতারণা, অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের শিকার হচ্ছেন অনেকে।

মৃত্যুঝুঁকি পেরিয়ে গ্রিসে পৌঁছেও অনেকের ভাগ্যে জুটছে না প্রত্যাশিত মুক্তি। দেশটির বিভিন্ন আটককেন্দ্রে মাসের পর মাস, এমনকি এক থেকে দেড় বছর ধরে আটক রয়েছেন অনেক বাংলাদেশি। মুক্তির আকুতি জানালেও কাটছে না অনিশ্চয়তা। এর মধ্যে কাউকে কাউকে দেশে ফেরতও পাঠানো হচ্ছে।

সর্বশেষ গত ১০ নভেম্বর গ্রিস থেকে ৪০ জন বাংলাদেশিসহ ৫০ জন অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠানো হয়। এত বিপদ ও দুর্ভোগের পরও থামছে না ইউরোপযাত্রা।

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের দলে চোখ রাখলেই দেখা যায়, ‘আলহামদুলিল্লাহ, যাত্রা সফল, ইউরোপের স্বপ্ন পূরণ।’ লিবিয়া থেকে অনিয়মিত পথে গ্রিসে প্রবেশকারীদের এমন ভিডিও দেখে উৎসাহিত হচ্ছেন বাংলাদেশের অনেক তরুণ। কিন্তু এই যাত্রায় কারও প্রাণ ঝরছে, আবার যারা পৌঁছাচ্ছেন, তাঁদের অনেকেরই ঠাঁই হচ্ছে আটককেন্দ্রে।

গ্রিসের বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে এলেও এখন তাঁদের দিন কাটছে বন্দিজীবনে। দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং মুক্তির অপেক্ষা তাঁদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে।

আটক বাংলাদেশি সুহেল আহমদ জানান, প্রায় দেড় বছর ধরে তিনি আটক রয়েছেন। কবে মুক্তি পাবেন কিংবা কবে পরিবারের কাছে ফিরতে পারবেন, তা জানেন না। দীর্ঘদিন অপেক্ষা করতে করতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

আরেক বাংলাদেশি লুৎফুর রহমান জানান, লিবিয়া হয়ে গ্রিসে পৌঁছাতে তাঁকে অনেক ঝুঁকি নিতে হয়েছে। কিন্তু ইউরোপে এসেও স্বাভাবিক জীবন শুরু করতে পারেননি। দীর্ঘদিন আটক থাকায় পরিবার ও নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

এদিকে এত মৃত্যু, প্রতারণা ও বন্দিজীবনের পরও নতুন করে অনেকে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু টিকটকারের তৎপরতাও বেড়েছে। তাঁদের ইউরোপে পৌঁছানোর সাফল্যের গল্প দেখে অনেকে উৎসাহিত হচ্ছেন। কিন্তু এই যাত্রার পেছনে থাকা মৃত্যু, নির্যাতন, জিম্মি ও আটকের বাস্তবতা অনেকের অজানা থেকে যাচ্ছে।

এ পরিস্থিতিতে অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপে আসা থেকে বিরত থাকতে হবে। এ পথে মৃত্যুর ঝুঁকি রয়েছে এবং প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। কোনো বাংলাদেশি সমুদ্রে ডুবে মারা গেলে তাঁর পরিবারের মতোই তাঁরা নিজেরাও অত্যন্ত ব্যথিত হন।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা চাই না, কোনো বাংলাদেশি সমুদ্রে ডুবে মারা যান। আমি বলব, একটু ধৈর্য ধরতে এবং আমাদের কাজ করার সুযোগ দিতে। যেন তাঁরা আইনসঙ্গতভাবে গ্রিসে আসতে পারেন। গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা রয়েছে। বৈধ পথে যেন সহজে আসতে পারেন, সে জন্য আমরা কাজ করছি।’

শুধু সতর্কবার্তা দিয়ে এই প্রবণতা বন্ধ করা কঠিন। এর পেছনে থাকা মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো জরুরি। একই সঙ্গে বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।

ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে যেন কাউকে প্রাণ হারাতে না হয় কিংবা পৌঁছানোর পর বছরের পর বছর বন্দিজীবন কাটাতে না হয়—এটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।

এসি/আপ্র/২৫/১১/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ইন্দোনেশিয়ায় আটক রাসায়নিকবাহী জাহাজটি বাংলাদেশমুখী কি না, অজানা
২৫ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় আটক রাসায়নিকবাহী জাহাজটি বাংলাদেশমুখী কি না, অজানা

১৫টি কনটেইনারে ছিল ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট

রোহিঙ্গগণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
২৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গগণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আই...

মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট, ন্যাটোর হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬

মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট, ন্যাটোর হুঁশিয়ারি

মহাকাশ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলার ঘোষণা দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। রাশিয়া মহাকাশে পারম...

বিশ্বে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন হন পাঁচ নারী
২৪ নভেম্বর ২০২৬

বিশ্বে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন হন পাঁচ নারী

২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যের হাতে হত্যাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে