তৈরি পোশাক খাতে মালিক ও পরিচালকদের গড় মাসিক বেতন ৩ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা। বিপরীতে শ্রমিকদের গড় মাসিক মজুরি মাত্র ২০ হাজার ৯০৬ টাকা। প্রাথমিক স্তরের একজন শ্রমিক পান গড়ে ১৬ হাজার ৬৫৪ টাকা। একই সঙ্গে শিল্পকারখানায় পুরুষ শ্রমিকদের তুলনায় নারী শ্রমিকদের গড় মাসিক মজুরি প্রায় ২১ শতাংশ কম। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে এ চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘বিআইডিএস-বিসিআই ইভালুয়েট ১০০ সূচক’ শীর্ষক জরিপের প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়। ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকের তথ্যের ভিত্তিতে দেশের ১৩০টি মাঝারি ও বড় শিল্পকারখানার ওপর এ জরিপ পরিচালনা করা হয়েছে। জরিপের নেতৃত্ব দেন বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল।
জরিপে দেখা যায়, ওই প্রান্তিকে মাঝারি ও বড় শিল্পকারখানার সব কর্মীর গড় মাসিক মজুরি ছিল ২১ হাজার ২৬৩ টাকা। তৈরি পোশাক খাতে এ হার ২০ হাজার ৯০৬ টাকা। পোশাক খাতের বাইরে অন্যান্য শিল্পে গড় মজুরি ২২ হাজার ৮৭৫ টাকা। অর্থাৎ অন্যান্য শিল্পের তুলনায় তৈরি পোশাক খাতে কর্মীদের গড় মাসিক মজুরি ১ হাজার ৯৬৯ টাকা কম।
তবে পদভেদে মজুরির চিত্রে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। তৈরি পোশাক খাতে মালিক ও পরিচালকদের গড় মাসিক বেতন ৩ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা। অন্যান্য শিল্পে এ অঙ্ক ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ব্যবস্থাপকদের গড় বেতনও পোশাক খাতে বেশি। এ খাতে তাঁরা পান ৮৪ হাজার ৪১৮ টাকা, অন্য শিল্পে ৬৪ হাজার ২৬৮ টাকা।
অন্যদিকে পেশাদার কর্মীদের ক্ষেত্রে চিত্র উল্টো। পোশাক খাতে তাঁদের গড় বেতন ৪৬ হাজার ৭৬৭ টাকা, অন্যান্য শিল্পে ৬০ হাজার ৮৬১ টাকা। টেকনিশিয়ানদের গড় মাসিক মজুরি পোশাক খাতে ৩৬ হাজার ৯৫৯ টাকা এবং অন্য শিল্পে ৩২ হাজার ৫৩১ টাকা। কেরানি পদে এ হার যথাক্রমে ২৫ হাজার ৫৬৪ ও ২৪ হাজার ৭৮৪ টাকা।
সেবা ও বিক্রয়কর্মীদের মজুরিতে দুই খাতের ব্যবধান সবচেয়ে বেশি। তৈরি পোশাক খাতে এ শ্রেণির কর্মীদের গড় মাসিক মজুরি ৬২ হাজার ৭৪৬ টাকা, অন্য শিল্পে ২৪ হাজার ৪৫২ টাকা। মেশিন অপারেটর ও কারিগরদের ক্ষেত্রে পোশাক খাতে গড় মজুরি ১৯ হাজার ৪৬৯ টাকা, অন্য শিল্পে ১৮ হাজার ১২৯ টাকা।
প্রাথমিক স্তরের কর্মীদের গড় মাসিক মজুরি তৈরি পোশাক খাতে ১৬ হাজার ৬৫৪ টাকা, অন্যান্য শিল্পে ১৫ হাজার ৬৩৩ টাকা।
জরিপে মজুরির হিসাব তৈরিতে মূল বেতন, বেতন ও সম্মানী অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বোনাস ও অন্যান্য সুবিধা হিসাবের বাইরে রাখা হয়েছে।
নারী শ্রমিকের মজুরি কম
শিল্পকারখানায় পুরুষ শ্রমিকদের গড় মাসিক মজুরি ২৩ হাজার ৮৬১ টাকা। নারীদের ক্ষেত্রে তা ১৮ হাজার ৮২০ টাকা। অর্থাৎ পুরুষদের তুলনায় নারীরা মাসে গড়ে ৫ হাজার ৪১ টাকা কম পান।
তৈরি পোশাক কারখানায় নারী শ্রমিকদের গড় মাসিক মজুরি ১৮ হাজার ৯৯৩ টাকা, পুরুষদের ২৩ হাজার ৫৭৬ টাকা। এ খাতে নারী-পুরুষের মজুরির ব্যবধান ৪ হাজার ৫৮৩ টাকা। অন্যান্য শিল্পে নারীরা গড়ে ১৬ হাজার ৬৫৯ টাকা এবং পুরুষেরা ২৪ হাজার ৫৪২ টাকা পান। এ ক্ষেত্রে ব্যবধান ৭ হাজার ৮৮৩ টাকা।
তবে একই পদে নারী ও পুরুষের মজুরি, কাজের ধরন, দক্ষতা ও অভিজ্ঞতার পার্থক্য সম্পর্কে জানতে চাইলে গবেষণা পরিচালক কাজী ইকবাল বলেন, জরিপের তথ্যে এ ধরনের বিস্তারিত বিশ্লেষণ নেই।
তিনি জানান, শ্রমিকদের সরাসরি সাক্ষাৎকার নিয়ে মজুরির তথ্য সংগ্রহ করা হয়নি। কারখানার ব্যবস্থাপকদের কাছ থেকে বিভিন্ন পদে কর্মীদের গড় বেতনের হিসাব নেওয়া হয়েছে।
জরিপে শিল্পনীতির সংজ্ঞা অনুযায়ী, ১২১ থেকে ৩০০ শ্রমিক রয়েছে এমন কারখানাকে মাঝারি এবং ৩০০-এর বেশি শ্রমিক রয়েছে এমন কারখানাকে বড় হিসেবে বিবেচনা করা হয়েছে। তৈরি পোশাক, বস্ত্র ও সুতা, পোশাকের আনুষঙ্গিক পণ্য, ওষুধ ও রাসায়নিক, প্লাস্টিক ও রাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, আসবাব, গাড়ি ও মোটরসাইকেল, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য, সিমেন্ট ও সিরামিক এবং লোহা ও ইস্পাতসহ ১৪টি শিল্প খাত জরিপের আওতায় ছিল।
গবেষক কাজী ইকবাল বলেন, ২২টি শিল্প সমিতির সদস্যতালিকা থেকে ৩ হাজার ৯৬৫টি মাঝারি ও বড় কারখানার নমুনা কাঠামো তৈরি করা হয়। সেখান থেকে ১৪টি শিল্প খাতকে পৃথক শ্রেণি ধরে দৈবচয়ন পদ্ধতিতে ১৩০টি কারখানা নির্বাচন করা হয়েছে। মজুরির পাশাপাশি কারখানার উৎপাদন সক্ষমতার ব্যবহার, ব্যয়, বিনিয়োগ ও শ্রমিক নিয়োগের তথ্যও সংগ্রহ করা হয়েছে।
উৎপাদন ও কর্মসংস্থানেও দুর্বল চিত্র
জরিপে বলা হয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ঘাটতিতে মাঝারি ও বড় শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ব্যয় বেড়েছে, কমেছে শ্রমিকের সংখ্যা। নতুন বিনিয়োগ ও নিয়োগও হয়নি।
২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ে শিল্পকারখানার প্রকৃত উৎপাদন প্রায় একই ছিল। তবে ১৩০টি কারখানার মধ্যে ৪০টিতে উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে, ৩০টিতে কমেছে।
কারখানাগুলোর গড় উৎপাদন সক্ষমতার ব্যবহার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। বস্ত্রশিল্পে এ হার ৭৩ শতাংশ থেকে নেমে ৫৫ শতাংশ হয়েছে। এ খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ। তবে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।
বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকে উৎপাদন ব্যয়ের বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে জরিপে। এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রতিদিন গড়ে ৪ দশমিক ১ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। গ্যাস সরবরাহে বিভ্রাট বেড়ে দৈনিক ৩ দশমিক ২ ঘণ্টায় দাঁড়িয়েছে।
বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমেছে। ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে। এ সময়ে প্রতি কারখানায় জ্বালানি ব্যয় ৫ শতাংশ এবং পরিবহন ব্যয় ১০ শতাংশ বেড়েছে। ৯৪ শতাংশ কারখানায় কাঁচামালের দাম বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।
কর্মসংস্থানের ক্ষেত্রেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। জরিপ অনুযায়ী, ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় শ্রমিকের সংখ্যা ১ শতাংশ কমে ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ হয়েছে। নতুন নিয়োগ ও চাকরি ছাড়ার হার কমেছে ১৯ শতাংশ। নতুন নিয়োগের বেশির ভাগই আগের শ্রমিকের শূন্যস্থান পূরণে হয়েছে।
ব্যবসায়িক পরিস্থিতির পাঁচটি সূচকই এপ্রিল-জুন প্রান্তিকে ৫০-এর নিচে ছিল। তবে পরবর্তী তিন মাসের প্রত্যাশিত সূচক ৪৯ থেকে বেড়ে ৫৪ হয়েছে। এতে উদ্যোক্তারা পরিস্থিতির অবনতি থামা এবং উৎপাদন কিছুটা বাড়ার আশা করছেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, উৎপাদনশীল শিল্প খাতের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের উদ্দেশ্যে এ জরিপ করা হচ্ছে। এর মাধ্যমে উৎপাদন, কাঁচামাল, জ্বালানি, কর্মসংস্থান, মজুরি ও ব্যবসায়িক পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে শিল্প খাতের প্রবণতা ও অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক উন্নয়নে কয়েকটি নীতিগত অবস্থান নিয়েছে, যা বাজেট বক্তৃতায়ও তুলে ধরা হয়েছে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ শুধু নীতির কথা শুনতে চায় না, বাস্তব পরিবর্তন দেখতে চায়। কোনো নীতি বাস্তবায়নে কতটা অগ্রগতি হচ্ছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও দুর্বল প্রতিষ্ঠান পেয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতা যুক্ত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।
সানা/আপ্র/২৫/১১/২০২৬