গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

বিদেশি কূটনীতিকদের আওয়ামী লীগের সহিংসতার চিত্র তুলে ধরলো সরকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:১২ এএম ২০২৬
বিদেশি কূটনীতিকদের আওয়ামী লীগের সহিংসতার চিত্র তুলে ধরলো সরকার
ছবি

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির -ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দলটির নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় সরকারের পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করতে এ আয়োজন করা হয়।

সকাল ৯টায় শুরু হওয়া প্রায় আধা ঘণ্টার এই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সব মিলিয়ে ৫০টির বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানও এতে বক্তব্য দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে দেশের পাশে থাকতে এবং গঠনমূলকভাবে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, ‘আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের বোঝাপড়া এবং গঠনমূলক সম্পৃক্ততাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যক্রম এগিয়ে নিতে আমরা আপনাদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করি।’

আওয়ামী লীগের নেতা-কর্মীরা সহিংসতা ও নাশকতার মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করতে চাইছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, দলটির নেতা-কর্মীরা মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি করছেন এবং রাজনৈতিক বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিচ্ছেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিদেশে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা চান তিনি।

হুমায়ুন কবির বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো যাতে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়, পেশাদার ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব ঘটনায় তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়া, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়েও সরকারের অঙ্গীকার রয়েছে।

তিন সপ্তাহে ১৫৮টি সহিংসতার ঘটনা
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি স্থানে ১৫৮টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। এসব ঘটনার মধ্যে ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশের স্থাপনায় হামলা এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধের ঘটনা রয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির নিবন্ধনও স্থগিত রয়েছে। এরপরও বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীরা মিছিল, অবরোধ ও বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন।

হুমায়ুন কবির ১৭ নভেম্বর গোপালগঞ্জের একটি থানায় হামলার ঘটনা তুলে ধরে বলেন, হামলাকারীরা পুলিশের গাড়ি ও থানা ভবনে আগুন দেন, অস্ত্র ও গোলাবারুদ লুট করেন এবং হেফাজতে থাকা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য গুরুতর আহত হন।

তিনি আরো জানান, ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে আরেকটি থানায় হামলা হয়। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত করা হয়।

নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনাও কূটনীতিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের কথাও জানান তিনি।

এ ছাড়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, সিলেটে পুলিশের গাড়িতে হামলা এবং নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলার বিবরণ দেন হুমায়ুন কবির।

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা এবং শ্রমিকদের দুর্ভোগ বাড়ানোই এসব তৎপরতার উদ্দেশ্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এসব ঘটনার সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩৯টি মামলা করেছে এবং ৬৬ জনকে গ্রেফতার করেছে।

গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্ব 
দেশের বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং অর্থনীতি পুনরুজ্জীবিত করাকে সরকার অগ্রাধিকার দিয়েছে।

এ লক্ষ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ আকৃষ্ট করা এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো বাংলাদেশের মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ এবং উন্নত ভবিষ্যৎ চায়। সেই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করে সরকার।
সানা/আপ্র/২৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে শ্রমিক
২৪ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে শ্রমিক

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।...

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ
২৪ নভেম্বর ২০২৬

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, পেশাদারত্ব ও প্রস্...

পোশাকশ্রমিকের মজুরি নিয়ে মালিক-শ্রমিক দ্বিমত
২৪ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকের মজুরি নিয়ে মালিক-শ্রমিক দ্বিমত

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে এখনো একমত হতে পারেননি মালিক ও শ্রমিকপক্ষ। মালিকপক্ষ ১৫ হ...

দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস
২৪ নভেম্বর ২০২৬

দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 44 মিনিট আগে