গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

১৫টি কনটেইনারে ছিল ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট

ইন্দোনেশিয়ায় আটক রাসায়নিকবাহী জাহাজটি বাংলাদেশমুখী কি না, অজানা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:২২ এএম ২০২৬
ইন্দোনেশিয়ায় আটক রাসায়নিকবাহী জাহাজটি বাংলাদেশমুখী কি না, অজানা
ছবি

ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটসহ আটক ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন মোংলা ও চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা। তাঁদের ভাষ্য, জাহাজটি বাংলাদেশে আসার বিষয়ে কোনো আমদানি সাধারণ ঘোষণাপত্র (আইজিএম) জমা পড়েনি। এমনকি জাহাজটি বাংলাদেশের জলসীমায়ও প্রবেশ করেনি।

বিপুল পরিমাণ রাসায়নিকসহ জাহাজটি আটকের পর ইন্দোনেশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে সেটি বাংলাদেশের মোংলা বন্দরের দিকে যাচ্ছিল বলে খবর প্রকাশিত হয়। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ভেসেল ফাইন্ডারের তথ্যেও বলা হয়েছিল, ৮ নভেম্বর জাহাজটির মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে বাংলাদেশের বন্দর ও শুল্ক কর্মকর্তারা বলছেন, তাঁদের কাছে জাহাজটির বাংলাদেশমুখী হওয়ার কোনো তথ্য নেই।

মোংলা কাস্টম হাউসের কমিশনার মো. গিয়াস কামাল বলেন, ‘এমভি স্টার লাইন নামে ওই জাহাজের কোনো আইজিএম এখন পর্যন্ত জমা পড়েনি। কাজেই জাহাজটি মোংলামুখী, এমন কোনো তথ্য নেই। তাছাড়া জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমাতেও আসেনি।’

তিনি আরো বলেন, মোংলা বন্দর দিয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক আমদানি হয়। তবে তা যথাযথ অনুমোদন সাপেক্ষে হয়ে থাকে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, ‘এমভি স্টার লাইন চট্টগ্রাম বন্দরে আসবে, এমন কোনো আইজিএম জমা দেয়নি। জাহাজটি আমাদের জলসীমাতেও আসেনি। কাজেই সেখানে কী ধরনের পণ্য ছিল বা কোন উদ্দেশ্যে তারা কী কী পণ্য আনছে, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। যখন কোনো জাহাজ পণ্য আমদানির ঘোষণা দেয় এবং তারপর আমাদের জলসীমায় আসে, তখন কাস্টমস সেগুলো পরীক্ষা করতে পারে।’

চট্টগ্রাম বন্দর দিয়ে সোডিয়াম পারক্লোরেট আমদানি প্রসঙ্গে তিনি জানান, ২০২৫ সালের জুলাই থেকে গত দেড় বছরে এ বন্দর দিয়ে এই রাসায়নিক আমদানি হয়নি।

আইজিএমে পণ্যের বিবরণ, আমদানিকারক, রপ্তানিকারক এবং জাহাজের গন্তব্যসহ প্রয়োজনীয় তথ্য থাকে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাহাজটি বাংলাদেশে আসার আগে এ ঘোষণা জমা না দেওয়ায় সেটির প্রকৃত গন্তব্য নিশ্চিত করা কঠিন। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিতে পারবে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশের টেক্সটাইল, প্লাস্টিক ও পিভিসি পাইপ তৈরিসহ বিভিন্ন শিল্পে সোডিয়াম পারক্লোরেট ব্যবহৃত হয়। রাসায়নিকটি বিস্ফোরক তৈরিতেও ব্যবহার করা যায়। এটি উচ্চমাত্রার জারক পদার্থ হওয়ায় আমদানির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মানতে হয়।

বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, উন্নত মানের জারক হিসেবে রাসায়নিক শিল্প, ওষুধ তৈরির কারখানা, আতশবাজি, বিস্ফোরক, রকেটের প্রপেলান্ট, ক্ষেপণাস্ত্র, গবেষণাগার ও গবেষণাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সোডিয়াম পারক্লোরেট ব্যবহৃত হয়। এর প্রতিটি অণুতে চারটি অক্সিজেন পরমাণু থাকায় এটি অক্সিজেনসমৃদ্ধ। অক্সিজেন ও ক্লোরিনের উপস্থিতির কারণে এটি ভালো মানের জারক পদার্থ।

অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, বাংলাদেশে সাধারণত এ রাসায়নিক কম পরিমাণে আমদানি হয়। তাই এত বিপুল পরিমাণ সোডিয়াম পারক্লোরেটবাহী একটি জাহাজ বাংলাদেশমুখী হওয়ার খবর মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। এ বিষয়ে সরকারসংশ্লিষ্ট সংস্থাগুলোর সঠিক তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করা উচিত।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম আনতারা নিউজের ২১ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, গত ৭ নভেম্বর দেশটির নৌবাহিনীর একটি ইউনিট উত্তর সুমাত্রা সাগর থেকে কমোরোসের পতাকাবাহী জাহাজ ‘স্টারলাইন’ আটক করে। জাহাজটির ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া কয়েক লাখ চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের জন্য ব্যবহৃত খালি সিম কার্ডও পাওয়া যায়। পরে পাহারায় জাহাজটিকে তীরে নিয়ে যাওয়া হয়।

ইন্দোনেশিয়ার আরেক সংবাদমাধ্যম কুমপারান নিউজের প্রতিবেদনে বলা হয়, জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হয়েছিল। এটি স্বাভাবিক নিয়মে চলাচল করছিল না এবং এর সঙ্গে যোগাযোগও স্থাপন করা যাচ্ছিল না।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খায়রুল আলম সুজন বলেন, আইজিএম জমা না দেওয়া এবং ইন্দোনেশিয়ায় জাহাজটি আটক হওয়ার কারণে বাংলাদেশ থেকে এ বিষয়ে তথ্য পাওয়া কঠিন। কোনো জাহাজ বাংলাদেশমুখী হলে সেটিকে স্থানীয় এজেন্ট নিয়োগ করতে হয়। কিন্তু আইজিএম ও বার্থিং শিট না থাকায় সেই এজেন্টের তথ্যও জানা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সমুদ্রপথে জাহাজের চলাচল নিয়ন্ত্রণ এবং জাহাজসংক্রান্ত দাবি নিষ্পত্তির কাজে যুক্ত কিছু সংস্থার কাছে এমভি স্টার লাইনের প্রকৃত গন্তব্যের তথ্য থাকতে পারে। ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারবে।
সানা/আপ্র/২৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রোহিঙ্গগণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
২৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গগণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আই...

মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট, ন্যাটোর হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬

মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট, ন্যাটোর হুঁশিয়ারি

মহাকাশ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলার ঘোষণা দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। রাশিয়া মহাকাশে পারম...

বিশ্বে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন হন পাঁচ নারী
২৪ নভেম্বর ২০২৬

বিশ্বে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন হন পাঁচ নারী

২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যের হাতে হত্যাক...

ঝুঁকি এড়াতে এআই তদারকির তাগিদ গুতেরেসের
২৪ নভেম্বর ২০২৬

ঝুঁকি এড়াতে এআই তদারকির তাগিদ গুতেরেসের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক ব্যবস্থাপনা গড়ে তুলতে বিশ্বনেতাদের প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 52 মিনিট আগে