আজ ২৫ নভেম্বর, নারীর প্রতি সহিংসতা বিলোপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো সময়ে সহিংসতার শিকার হন। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে অন্তত ৫০ হাজার নারী ও কন্যাশিশু স্বামী, সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৩৭ জন, প্রতি ১০ মিনিটে একজন নারী বা কন্যাশিশু প্রাণ হারিয়েছেন।
এ বছর দিবসটির প্রতিপাদ্যে নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা, তাদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তি বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘ বলছে, ভয়, সামাজিক অপবাদ, বৈষম্য ও যথাযথ সহায়তার অভাবে অনেক নারী নির্যাতনের ঘটনা প্রকাশ করতে বা বিচার চাইতে পারেন না।
এদিকে নারীর প্রতি সহিংসতার নতুন বড় ক্ষেত্র হয়ে উঠেছে অনলাইন জগৎ। অনলাইনে হয়রানি, অনুসরণ, ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভুয়া অশ্লীল ছবি তৈরি, হুমকি ও ব্ল্যাকমেইলের মতো ঘটনা বাড়ছে। এসব নির্যাতন নারীর মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক ও কর্মজীবনে গুরুতর প্রভাব ফেলছে। কখনো অনলাইন নির্যাতন বাস্তব জীবনে শারীরিক সহিংসতার ঝুঁকিও তৈরি করছে।
এ ধরনের নির্যাতন ঠেকাতে হয়রানির প্রমাণ সংরক্ষণ, অপরাধীকে অবরুদ্ধ ও অভিযোগ করা, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার এবং বিশ্বস্ত ব্যক্তির সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে নির্যাতনের শিকার নারীদের দোষারোপ না করে তাঁদের কথা বিশ্বাস করা এবং পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এসি/আপ্র/২৫/১১/২০২৬