ভারতের বহুল পরিচিত বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির পানির নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পেয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা। পরীক্ষায় অতিরিক্ত ব্রোমেট ও পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন শনাক্ত হওয়ার পর নমুনাগুলোকে অনিরাপদ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা।
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি জানিয়েছে, বিসলেরির বাজারজাত করা বোতলজাত পানির কয়েকটি নমুনা পরীক্ষায় এসব রাসায়নিক পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি ধরা পড়লে কোম্পানি কর্তৃপক্ষ ফলাফল নিয়ে আপত্তি জানায়। পরে নমুনা দ্বিতীয় দফা পরীক্ষার জন্য রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানেও অনিয়ম শনাক্ত হয় এবং পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া যায়। দুটি পরীক্ষাগারের ফলাফলের ভিত্তিতে নমুনাগুলোকে অনিরাপদ ঘোষণা করা হয়।
ব্রোমেট ও পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন- উভয়ই ক্যানসার সৃষ্টির সম্ভাবনাযুক্ত রাসায়নিক হিসেবে পরিচিত। নির্ধারিত মাত্রার বেশি এসব উপাদান শরীরে প্রবেশ করলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে দীর্ঘদিন এসব রাসায়নিকের সংস্পর্শে থাকলে ক্যানসারের ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে।
ব্রোমেট একটি অজৈব রাসায়নিক। পানি শোধন ও জীবাণুমুক্ত করার কাজে ওজোন গ্যাস ব্যবহার করা হলে পানিতে থাকা ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়ায় এটি তৈরি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, পানীয় পানিতে ব্রোমেটের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম। অভিযোগ, বিসলেরির পানির নমুনায় এ সীমার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া গেছে।
অন্যদিকে, পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন এক ধরনের জৈব রাসায়নিক যৌগ। কয়লা, পেট্রোলিয়াম, কাঠসহ বিভিন্ন জৈব পদার্থ অসম্পূর্ণভাবে পুড়লে এসব যৌগ তৈরি হয়। পানি শোধন প্রক্রিয়ায় ত্রুটি থাকলেও পানিতে এর উপস্থিতি দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উল্লেখ করা নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট রাসায়নিকের গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে শূন্য দশমিক ৭ মাইক্রোগ্রাম। বিসলেরির পানির নমুনায় এ মাত্রাও ছাড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ভারতের খাদ্য নিরাপত্তা ও মান আইন-২০০৬ অনুযায়ী, নির্ধারিত মান পূরণে ব্যর্থ কোনো খাদ্যপণ্য অনিরাপদ ঘোষিত হলে উৎপাদনকারী বা বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। দুটি পরীক্ষাগারেই নমুনা অনিরাপদ প্রমাণিত হওয়ায় এ আইনের আওতায় বিসলেরির বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
তবে এ ঘটনায় বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির বক্তব্য এখনো জানা যায়নি।
সূত্র: ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা
সানা/আপ্র/২৫/১১/২০২৬